চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশের প্রশাসনে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি রদবদল হয়েছে। দীর্ঘ সতেরো বছরের বিতর্কিত শাসনপর্বের অবসানের পর অনুষ্ঠিত এই জাতীয় সংসদ নির্বাচন এবং এতে নির্বাচিত সরকার নিয়ে জনমনে যে বহুল প্রতীক্ষিত উন্নয়নের প্রত্যাশা ছিল, তা এ সরকার আসলে এখন অবধি কতটুকু পূরণ করতে সক্ষম হয়েছে, তা নির্ণয় করা এখনই করা সম্ভব নয়। তবুও হাকিকত বিচারে তাদের গৃহীত কিছু পদক্ষেপ যেমন জনগণের প্রশংসা কুড়িয়েছে, আবার তেমনি কতগুলো প্রশ্নবিদ্ধও হয়েছে। আর গণতান্ত্রিক চেতনাভিত্তিক রাষ্ট্রের জন্য এটিই স্বাভাবিক। সরকার পরিবর্তনের সঙ্গে প্রশাসনে হাওয়া বদল আমাদের দেশের নতুন কোনো ঘটনা নয়। বরং একটি দল নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরে বদলি থেকে পদোন্নতি, পদায়ন, দায়িত্ব পালনের দায়ভার অর্পণ থেকে সরাসরি অবসরের ব্যবস্থা কিংবা কার্যক্ষমতা বৃদ্ধি করতে দায়িত্ব পুনর্বণ্টন—এসবই মূলত স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। কিন্তু প্রশ্নটা তখনই ওঠে, যখন একটি বিষয় জনতার নাগরিক চেতনার সামনে আবছা কুয়াশার পর্দা ফেলে। সেটা হলো, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশ্নটি কেবল পরিবর্তন হচ্ছে কি না, এতেই থেমে থাকে নাকি বরং এই পালাবদলের সঙ্গে পরিবর্তনের নীতি, পদ্ধতি ও উদ্দেশ্য কী, সেটাও সমান গুরুত্ব বহন করে। সংগত কারণেই জবাব হবে—হ্যাঁ। কারণও যৌক্তিক। কেবল পরিবর্তন হলেই রাষ্ট্রযন্ত্রের সাবলীল ধারায় এগুচ্ছে বলে বিবেচনা করা ভুল। তার চেয়ে এই রং বদলানোর খেলায় প্রণীত নীতিমালা এবং এর নেপথ্য কারণটাও সুস্পষ্টভাবে উঠে আসা আবশ্যক। অন্তত আজকের জনতা এমনটাই চায়। কারণ, সময়ের সঙ্গে প্রচলিত রাজনৈতিক চেতনার যে আমূল পরিবর্তন ঘটেছে, এটা বোধকরি বুঝিয়ে বলার দরকার নেই। ২০২৬ সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে বাংলাদেশের প্রশাসনের একাধিক পরিবর্তনের মাঝে সবচেয়ে বেশি আলোচিত ঘটনাগুলোর একটি হলো, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ৩২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো। ২৮ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের অবসরের এ সিদ্ধান্ত জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আগে থেকেই ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং সরকারি চাকরি আইনের ৪৫ ধারার অধীনে জনস্বার্থে তাঁদের অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। দ্য ডেইলি স্টারের তথ্যানুযায়ী এমনটাই জানা গেছে। এখন মনে হতেই পারে, ভাই মগের মুল্লুক নাকি কিংবা জোর যার মুল্লুক তার, এমন কিছু? আদৌতে সরকারের পক্ষ থেকে প্রশাসনিক বদলি, পদোন্নতি, শাস্তিমূলক ব্যবস্থা ও অবসরকে আইনানুগ প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক এক ব্রিফিংয়ে বলেছেন, এসব গৃহীত পদক্ষেপ রাজনৈতিক বিষয় নয়, বরং আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। তার পরও একটা কৌতূহল রয়েই যায়—আইনসম্মত হওয়া এবং রাষ্ট্রীয়ভাবে ন্যায়সঙ্গত হওয়া, দুটো বিষয় কি সব সময় একই সমান্তরাল গতিতে ধাবমান? এ প্রশ্ন কেবল নির্দিষ্ট কোনো কর্মকর্তা বা কোনো সরকারের পক্ষে-বিপক্ষে তর্কের খাতিরে করছি না। করছি একজন স্বাধীন রাষ্ট্রের সাধারণ একজন নাগরিকের কৌতূহল থেকে। এটি মূলত বাংলাদেশের প্রশাসনিক সংস্কৃতির দীর্ঘদিনের একটি সমস্যার দিকে গভীরভাবে আলোকপাত করার এক মোক্ষম সুযোগ। প্রশাসন কি সরকারের, নাকি রাষ্ট্রের? এ প্রশ্নের জবাব কী? একজন সরকারি কর্মকর্তা দায়িত্ব গ্রহণের সময় কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা হিসেবে নন, বরং তিনি আনুগত্য জ্ঞাপন করেন সংবিধান, আইন ও রাষ্ট্রের প্রতি। সরকারের রাজনৈতিক নীতি বাস্তবায়ন করা তাঁর দায়িত্বের অংশ হলেও প্রশাসনের পেশাগত নিরপেক্ষতা রক্ষাও তাঁর অন্যতম দায়িত্ব, যা এড়ানোর সুযোগ নেই। আমাদের দেশের দীর্ঘদিনের এক রাজনৈতিক সংস্কৃতি—সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণটাও বদলে যায়। এক সরকারের সময়ে যিনি প্রভাবশালী, অন্য দলের ক্ষমতার সময়ে তিনি হয়ে পড়েন অনাকাঙ্ক্ষিত। কেউ পদোন্নতি পান তো কেউ বনে যান ওএসডি, কেউ বদলি হন তো কেউ চলে যান অবসরে। দাবার পাশার কী আজব চাল! গুটির ছক পরিবর্তনে বুদ্ধির নকশাও পাল্টে যায় সুকৌশলে। তবে এই সংস্কৃতি কোনো একটি সরকারের সৃষ্টি নয়; বরং এটি বাংলাদেশের প্রশাসনিক রাজনীতির দীর্ঘস্থায়ী একটি প্রবণতা। সাম্প্রতিক সব ঘটে যাওয়া ঘটনাগুলো তাই একটি বৃহত্তর প্রশ্ন সামনে এনেছে, তা হলো সরকার পরিবর্তনের সঙ্গে প্রশাসনের আনুগত্যও কি পরিবর্তনশীল, নাকি প্রশাসন ধীরে ধীরে একটি পেশাদার ও প্রতিষ্ঠাননির্ভর কাঠামোতে পরিণত হবে? তা সেই জেরে ৩২ জন সাবেক ডিসির অবসর—এ ঘটনা কি কেবলই প্রয়োজনীয় ব্যবস্থা, নাকি নতুন নজির? আসুন একটু পেছনে যাই। ২০১৮ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি বিতর্কিত অধ্যায়। সেই নির্বাচনে জেলা প্রশাসকদের অনেকেই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০২৬ সালে তাঁদের মধ্যকার ৩২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত সেই পুরোনো নির্বাচনী অধ্যায়কে আবারও আলোচনায় নিয়ে এসেছে বলে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য ডেইলি স্টারের দাবি। যুক্তি খণ্ডাতে গেলে দুটি কারণ সামনে আসবে। প্রথমত, কোনো কর্মকর্তা দায়িত্ব পালনকালে গুরুতর অনিয়ম বা রাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে এবং তার প্রমাণ থাকলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার রাষ্ট্র রাখে। সরকারি কর্মকর্তা পদে আসীন মানেই তিনি আইনের ঊর্ধ্বে নন, সেটি মনে রাখা জরুরি। দ্বিতীয় যে যুক্তি, এটি আরও প্রাসঙ্গিক। শুধু কোনো বিতর্কিত রাজনৈতিক সময়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে কি একজন কর্মকর্তাকে দায়ী করা সম্ভব? যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা অবশ্যই তদন্তসাপেক্ষ—যৌক্তিক দাবি। কিন্তু যদি মূল বিবেচনা এখানে হয় যে তিনি কোন সময়ে দায়িত্বে ছিলেন, তবে একই যুক্তি অন্য সরকারের সময় অন্য কোনো কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। আর তখন প্রশাসনে একটি বিপজ্জনক বার্তা থেকে যায়—আজকের ক্ষমতাসীনদের সঙ্গ নিরাপদ হলেও ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। আর এমন পরিবেশে পেশাগত দক্ষতার চেয়ে রাজনৈতিক আনুগত্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রতিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসা দরকার। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে প্রশাসনের বাধ্যতামূলক অবসর, বদলি, চুক্তিভিত্তিক নিয়োগ, ওএসডি এবং সংযুক্তির মতো পুরোনো চর্চা অব্যাহত থাকার কথা উঠে এসেছে। একই সঙ্গে কর্মকর্তাদের মাঝে প্রতিশোধের সংস্কৃতি শেষ হবে কি না, তা নিয়েও প্রকট হয়েছে অনিশ্চয়তা (দ্য ডেইলি স্টার)। এই পর্যবেক্ষণটি মূলত গুরুত্বপূর্ণ। কারণ, নতুন সরকার যদি পুরোনো সরকারের প্রশাসনিক রাজনৈতিকীকরণের সমালোচনার মধ্য দিয়ে ক্ষমতায় আসে, তাহলে জনগণের প্রত্যাশা কিন্তু স্বাভাবিকই থাকে—নতুন সরকার সেই পুরোনো চর্চার পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকবে। সরকার পরিবর্তনের বড় সাফল্য তখনই হবে, যখন নতুন সরকার নিজের রাজনৈতিক সুবিধার খাতিরে পুরোনো প্রশাসনিক পদ্ধতি ব্যবহারে অপারগ থাকবে। তার মানে, সংস্কারের প্রকৃত পরীক্ষা বিরোধী দলের প্রতি সরকারের আচরণে যেমন, তেমনি প্রশাসনের প্রতিও সরকারের আচরণে। এবার আসা যাক মেধাভিত্তিক প্রশাসনের প্রয়োজনীয়তায়, যা সরকারের নির্বাচনী অঙ্গীকারের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই মেধাভিত্তিক প্রশাসন তৈরি করতে প্রথমেই কর্মকর্তাদের মাঝে একটি বিশ্বাস তৈরি করতে হবে যে, তাঁদের ক্যারিয়ার রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে ধ্বংস হবে না। একজন কর্মকর্তা যদি ভাবেন যে আজকের সিদ্ধান্ত আগামীতে তাঁর বিরুদ্ধে সমস্যা হয়ে দাঁড়াবে, তাহলে তিনি কখনোই ঝুঁকি নিতে চাইবেন না। ফলে প্রশাসনে নিরাপদ সিদ্ধান্তের সংস্কৃতি তৈরি হয়, যা দক্ষ রাষ্ট্র তৈরির অন্তরায়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কখনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করতে হয়। কিন্তু কর্মকর্তারা যদি ভবিষ্যৎ রাজনৈতিক প্রতিক্রিয়ার ভয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেন, সেখানে প্রশাসনিক কার্যকারিতা তার সক্ষমতা হারায়। সুতরাং প্রশাসনের স্বাধীনতা মানে সরকারের বিরুদ্ধে প্রশাসনের স্বাধীনতা নয়, বরং আইন ও পেশাগত নীতির মধ্য দিয়ে কাজ করার নিরাপত্তা। এখানে সরকারের দায়িত্বটা যেমন কঠিন, তেমনি তার অবস্থান ধরে রাখাও সহজ বিষয় নয়। নতুন সরকার যখন দায়িত্ব নেয়, তখন বিগত সরকারের সময়ে গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকের বিরুদ্ধেই অভিযোগ সামনে আসতে পারে। কিছু কর্মকর্তা যাঁরা হয়তো সত্যিই অনিয়মে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণের মাঝে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক, যা নতুন সরকারের সঙ্গে জনতার দূরত্ব তৈরি ও আস্থাহীনতার জন্ম দেবে। তাই সব কর্মকর্তাকে শুধু আগের সরকারের লোক বলে বহাল রাখা কোনো সমাধান নয়। সমাধান হলো—ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, কাজের রেকর্ডকে মূল্যায়নের ভিত্তি হিসেবে বিবেচনা করা। কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে স্বাধীন ও স্বচ্ছ প্রক্রিয়ায় তা তদন্ত করা যেতে পারে। অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া জরুরি। আর অভিযোগ প্রমাণিত হলে আইনের শাসন তো রয়েছেই। এতে করে সরকারের সিদ্ধান্ত শক্তিশালী হবে এবং প্রশাসনের ওপর জনগণ আস্থাশীল হয়ে উঠবে। তবে সত্যি এটাই, আমাদের সরকার বদলালেও প্রশাসনিক সংস্কৃতির তেমন পরিবর্তন হয় না। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। সরকারি চাকরি (সংশোধন) আইনসহ ২০২৬ সালে একাধিক নতুন আইন প্রণীত হয়েছে। একই বছরে জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামো নিয়েও আইনগত পরিবর্তন হয়েছে। তবে এতে তৃপ্তির ঢেঁকুর তোলার মতো কিছু নেই। কারণ, এই আইনের বদলই যথেষ্ট নয়। আমাদের এমন একটি প্রশাসনিক কাঠামোর প্রয়োজন, যেখানে বদলি, পদোন্নয়ন ও অবসরের ক্ষেত্রে সুস্পষ্ট মানদণ্ড উপস্থিত থাকবে। রাজনৈতিক সরকারের নীতি বাস্তবায়ন করবে প্রশাসন, কিন্তু ব্যক্তিগত রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে কর্মকর্তার ভবিষ্যৎ নির্ধারিত হবে না। এমন একটি ব্যবস্থা তৈরি করতে পারলে সরকারেরও ফায়দা। কারণ, তখন সরকার তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে দক্ষ ও পেশাদার প্রশাসন পাবে। আর গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসন রাজনীতির অক্ষের বাইরে নয়। কারণ, নির্বাচিত সরকারই রাষ্ট্রের নীতি নির্ধারণ করে। কিন্তু প্রশাসনকে দলীয় রাজনীতির অধীনস্থ করা এবং নির্বাচিত সরকারের নীতি বাস্তবায়ন—দুটো আলাদা বিষয়, এটি বুঝতে হবে। প্রশাসনকে সরকারি নীতি বাস্তবায়ন করতে হবে সত্য, কিন্তু কর্মকর্তার পেশাগত মূল্যায়ন হওয়া উচিত তাঁর দক্ষতা, সততা, কর্মদক্ষতা ও আইনের প্রতি আনুগত্যের ভিত্তিতে। এই পার্থক্য যত স্পষ্ট হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে। রাজনীতির ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকের সিদ্ধান্তের ওপর ন্যস্ত নয়, বরং তাতে আগামীতে কী ধরনের প্রভাব পড়বে, তার ওপর নির্ভর করে। আজকের সরকার বিশেষ কোনো পরিস্থিতিতে একটি প্রশাসনিক সিদ্ধান্ত নেবে, সেটাই স্বাভাবিক। তবে আগামীকাল অন্য সরকার তখন ওই একই যুক্তি ব্যবহার করতে পারে। তাতে করে বর্তমানের গৃহীত সিদ্ধান্তের নৈতিকতা নতুন করে বিতর্কের মুখে পড়বে। তাই রাষ্ট্র পরিচালনায় একটি সহজ নীতির সক্রিয় উপস্থিতি জরুরি। যে ক্ষমতা আজ আমরা ব্যবহার করছি, আগামীকাল বিরোধী অবস্থানে থেকেও সেই ক্ষমতার মুখোমুখি হতে আমরা প্রস্তুত কিংবা রাজি তো? প্রশ্নটি মনে করছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রশাসনিক ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে আমাদের আকাঙ্ক্ষাও। এই পরিবর্তন কেবল নতুন মুখ, নতুন পদ, নতুন প্রশাসনিক নির্দেশনা নয়। জনগণ যা চায়, তা হলো—রাষ্ট্র পরিচালনার সংস্কৃতিতে সত্যিই কোনো পরিবর্তন এসেছে কি না? পুরোনো সরকারের ভুলের বিচার প্রয়োজন, কিন্তু সেটি করতে গিয়ে সেই প্রক্রিয়া যদি রাজনৈতিক আনুগত্যের নতুন মানদণ্ড তৈরি করে, তাহলে রাষ্ট্র সংস্কারের লক্ষ্য অর্জিত হবে না। একটি সত্যিকারের সংস্কারকামী জনমুখী সরকার যেমন প্রশাসন তৈরি করবে, সেখানে একজন কর্মকর্তা এটাও অবগত হবেন—তিনি কোনো রাজনৈতিক সরকারের ব্যক্তিগত কর্মকর্তা নন, তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার একজন পেশাদার কর্মী মাত্র। আজকের সরকারের জন্য সবচেয়ে বড় সুযোগ হলো—পুরোনো প্রশাসনিক সংস্কৃতির প্রতিস্থাপন করে যদি মেধা, দক্ষতা, সততা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেটিই হবে বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্তরাধিকার। কারণ, রাজা যায়, পাট বদলায়, কিন্তু রাজ্য থেকে যায়। আর সেই রাজ্য বা রাষ্ট্রের প্রশাসন যদি প্রতিবার ক্ষমতার পালাবদলের সঙ্গে রং বদলায়, তাহলে রাজনৈতিক পটের যতই পরিবর্তন ঘটুক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কখনোই পরিণত হবে না। বাংলাদেশের এখন যা প্রয়োজন, তা শুধু নতুন প্রশাসনব্যবস্থা নয়—একটি নতুন প্রশাসনিক সংস্কৃতি।
রকারি কার্যক্রমে প্রতিটি কর্মঘণ্টা এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, সরকারি অর্থের অপচয় রোধ করে সেবার মানোন্নয়ন নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সোমবার (২০ জুলাই) রাজধানীর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিসিএস প্রশাসন একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ইসমাইল জবিউল্লাহ বলেন, "প্রতিটি সভা, প্রশিক্ষণ ও কর্মশালার রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে। কত অর্থ ও কর্মঘণ্টা ব্যয় হলো এবং এর মাধ্যমে জনগণের সেবা কতটুকু উন্নত হলো—তার হিসাব রাখা প্রশাসনের দায়িত্ব।" ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি দক্ষ প্রশাসন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সিভিল সার্ভিস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দায়িত্ব এড়ানোর প্রবণতা পরিহার করে ডেলিগেশন অব ফিন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী দ্রুত নথিতে সিদ্ধান্ত দিতে হবে। উপদেষ্টা আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ও এসডিজি অর্জনে বাস্তবায়ন সূচক (ট্র্যাকার) তৈরি করতে হবে। প্রয়োজনে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে প্রশাসনকে উপাত্তভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সঙ্গে কর্মকর্তাদের আন্তরিক সম্পর্ক স্থাপনের নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সাদা খামে লিখব চিঠি মায়ের ঠিকানায় মা যে আমার বেঘোর ঘুমে একলা নিরালায়। গাছের ছায়ায় নিরিবিলি মেলে না চোখ আর মা মা বলে ডাকি কত আমি যে বারবার। চিঠি পেলে যদি মায়ের ভাঙে এবার ঘুম ঝাঁপটে ধরে মায়ের পায়ে দেব হাজার চুম। আঁচল তলে চুপটি করে লুকিয়ে আমার মুখ গন্ধ নেব মায়ের গায়ের লুটব যত সুখ। লক্ষ্মী পিয়ন কথা রেখো মাকে চিঠি দিয়ো আসা যাওয়ার ভাড়াটুকু আমার থেকে নিয়ো। বড়ই আশায় আছি আমি পাব মায়ের খোঁজ তথ্য নিতে আসব আমি তোমার বাড়ি রোজ।
না জানিয়া না বুঝিয়া না শুনিয়া না মানিয়া নাইতে নামিয়া নদীতে নমিতা নাশিকায় নিশ্বাস নিতে নাপারিয়া নিমেষেই নিজের নাড়ির নিনাদ নিষ্প্রাণ নীরব, নিষ্প্রভ, নীলাভ। না হেরি নিলয়ে না খেয়ে না নেয়ে নমিতার নৃপতি নব নিশীথে নিবিড় নৈবেদ্যে নমিল নিজেকে নদে নীলাম্বরের নির্মেঘ নিশি নির্দয় নহরের নির্জনতা নাশি নীপবনে না জানি নিবংশ নমিতা নিরধির নির্ঝর নিধি, নিপাবলির নিরন্তর নৃত্যে নিজেকে নাটকীয় নৈকট্যে নিবেদন। নেই! নেই! নিয়তির নির্মম নিঘাত নমিতা নিধনে নদ নিত্য নিশাত নীহারিকায় নির্লিপ্ত নিগূঢ় নির্বিকার। নমিতা নাই-বা নামিবে নরকায় নিষেধ নেই তো নিগ্রহ নাশি নমিতার নিত্য নাদিম নব নিরুদ্দেশী।
একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার তরুণ প্রজন্ম। তারুণ্যের উদ্দীপনা, সৃষ্টিশীলতা এবং অদম্য শক্তিই একটি রাষ্ট্রকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের জন্য এক অন্যতম প্রধান উদ্বেগের নাম ‘কিশোর গ্যাং’। কৈশোরের যে সময়টিতে হাতে থাকার কথা ছিল বই-খাতা, খেলার বল কিংবা সৃজনশীলতার উপকরণ, সেই বয়সে একশ্রেণির কিশোরের হাতে দেখা যাচ্ছে ধারালো অস্ত্র, মাদক এবং অপরাধের নীল নকশা। আমাদের অমিত সম্ভাবনাময় তরুণ প্রজন্মের একটি অংশ যেভাবে এই চোরাবালিতে তলিয়ে যাচ্ছে, তা কেবল একটি পারিবারিক সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় সংকটে রূপ নিয়েছে। সাধারণত ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের দলবদ্ধ হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সংস্কৃতিকে 'কিশোর গ্যাং' বলা হয়। মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মতে, কৈশোরে দলবদ্ধ হয়ে থাকার একটি স্বাভাবিক প্রবণতা থাকে, যা তাদের সামাজিকীকরণে সাহায্য করে। কিন্তু এই দলবদ্ধতা যখন নেতিবাচক রূপ নেয় এবং পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক ব্যবসা ও খুনোখুনির মতো অপরাধে জড়ায়, তখন তা গ্যাং কালচারে পরিণত হয়। বর্তমান সমাজে এর বিস্তৃতি রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা ও উপজেলা শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এলাকাভিত্তিক বিভিন্ন নামে এরা নিজেদের দল পরিচালনা করে এবং নিজেদের শক্তির জানান দিতে প্রায়ই লিপ্ত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। কোনো কিশোর একদিনেই অপরাধী বা গ্যাংয়ের সদস্য হয়ে ওঠে না, এর পেছনে রয়েছে সামাজিক, পারিবারিক ও মনস্তাত্ত্বিক নানাবিধ কারণ। বর্তমান যুগের যান্ত্রিক জীবনে পারিবারিক অসচেতনতা ও দূরত্বের অভাব এর অন্যতম প্রধান কারণ। পরিবারের সঠিক তদারকি না থাকা, মা-বাবার মধ্যকার কলহ এবং সন্তানদের সাথে গুণগত সময় না কাটানোর ফলে কিশোররা একাকিত্বে ভোগে এবং এই শূন্যতা পূরণের জন্য বাইরের বন্ধুদের প্রতি ঝুঁকে পড়ে। এর পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণের ফলে শহরাঞ্চলে কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ কিংবা বিনোদনের চরম সংকট রয়েছে। ফলে তাদের শারীরিক ও মানসিক শক্তি প্রকাশের কোনো সুস্থ মাধ্যম তারা পাচ্ছে না। এই গ্যাং কালচার গড়ে ওঠার পেছনে আরেকটি বড় জ্বালানি হিসেবে কাজ করে স্থানীয় রাজনৈতিক কিছু ‘বড় ভাই’। এই স্বার্থান্বেষী মহল নিজেদের আধিপত্য বজায় রাখতে বা মিছিল-মিটিংয়ে লোক বাড়াতে কিশোরদের ব্যবহার করে এবং তাদের আইনি সুরক্ষা দেয়ার লোভ দেখিয়ে অপরাধের পথে ঠেলে দেয়। একই সাথে যুক্ত হয়েছে প্রযুক্তির অপব্যবহার ও সোশ্যাল মিডিয়া। টিকটক, লাইকি বা বিভিন্ন অনলাইন গেমসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভ এবং ইন্টারনেটে সহিংসতা দেখে তারা বাস্তবেও তার অনুকরণ করার চেষ্টা করে। এর ওপর মাদকের সহজলভ্যতা কিশোরদের আরও বেশি বেপরোয়া করে তুলছে, কারণ নেশার টাকা জোগাড় করতেই তারা প্রথম দিকে ছিনতাই ও চাঁদাবাজিতে নামছে। কিশোর গ্যাং কালচার আমাদের সামগ্রিক তরুণ প্রজন্মের মনস্তত্ত্বে এক গভীর ক্ষত তৈরি করছে এবং দেশের মেধার অপচয় ঘটাচ্ছে। দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি এই তরুণরা যখন পড়ালেখা ছেড়ে অপরাধের খাতায় নাম লেখায়, তখন দেশ এক বিশাল দক্ষ জনশক্তি হারায়। এর ফলে সমাজে একধরনের নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ তৈরি হয়, যার কারণে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরাও স্কুল-কলেজে যেতে ভয় পায়। পাড়া-মহল্লায় এই ভয়ের সংস্কৃতি সুস্থ তরুণদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তা ছাড়া কিশোর গ্যাংয়ের বিস্তার দেখে অন্য সাধারণ কিশোরদের মধ্যেও আইন অমান্য করা, বড়দের অসম্মান করা এবং দ্রুত ও অনৈতিক উপায়ে টাকা আয়ের ভুল মানসিকতা বা নৈতিক অবক্ষয় তৈরি হচ্ছে। এই কিশোর অপরাধ কেবল তরুণদেরই ধ্বংস করছে না, বরং সামগ্রিক সামাজিক নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে। চুরি, ছিনতাই এবং তুচ্ছ কারণে খুনের ঘটনা প্রতিনিয়ত খবরের কাগজের শিরোনাম হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত এদের গ্রেপ্তার করলেও মূল শেকড় উপড়ানো সম্ভব হচ্ছে না, কারণ এদের পেছনে থাকা গডফাদাররা অধরাই থেকে যায়। একটি দেশের তরুণ সমাজ যদি এভাবে অপরাধপ্রবণ হয়ে ওঠে, তাহলে দীর্ঘ মেয়াদে সেই রাষ্ট্রের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ-জাতীয় ব্যাধি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সমন্বিত ও বহুমুখী উদ্যোগ প্রয়োজন, যার সূচনা হতে হবে পরিবার থেকে। মা-বাবাকে সন্তানের প্রতি আরও বন্ধুসুলভ হতে হবে এবং সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে বা ইন্টারনেটে কী দেখছে—সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে। এর পাশাপাশি প্রতিটি এলাকায় কিশোরদের জন্য খেলার মাঠ, সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার গড়ে তুলতে হবে, যাতে তারা সুস্থ বিনোদনের সুযোগ পায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি সন্তানকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়া অত্যন্ত জরুরি, যা তাদের ভালো ও মন্দের পার্থক্য বুঝতে শেখাবে। একই সাথে কিশোরদের যারা ঢাল হিসেবে ব্যবহার করছে, সেই সব তথাকথিত রাজনৈতিক বড় ভাইদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দলগুলোরও উচিত কিশোরদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করা। আইন প্রয়োগের পাশাপাশি কিশোর অপরাধীদের সাধারণ জেলে না রেখে কিশোর উন্নয়ন বা সংশোধন কেন্দ্রে পাঠানো উচিত। সেখানে আধুনিক মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তাদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তরুণ প্রজন্ম একটি দেশের স্বপ্ন, প্রেরণা ও সম্ভাবনার প্রতীক। কিশোর গ্যাংয়ের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এই বিপুল সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিতে পারে না। এটি কেবল আইন প্রয়োগ করে বা জোরপূর্বক দমন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি সুদূরপ্রসারী সামাজিক আন্দোলন। সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজ যদি একযোগে কাজ করে কিশোরদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে, তবেই আমাদের তরুণ প্রজন্ম এই অন্ধকার পথ থেকে ফিরে আসবে এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবে।
যাচ্ছি আমি নীড় ছেড়ে ইট পাথরের নগরে। দুঃখ আমার চিরসাথী বিষাদময় এ জীবনের। বাস্তবতার দাবদাহে পুড়ছি আমি অবিরাম। দেখছি কত বহুরূপী আঁধার এ পৃথিবীতে। সইছি কত বিষ-বাণী কাছের প্রিয় মানুষ হতে শত বাধার ভিড়ে আমি জয়ী হয়ে ফিরব নীড়ে ফিরব আমি বীরের বেশে চিরচেনা সেই নীড়ে।
শরতের আকাশ যেন সাদা মেঘের ভেলা শরতে স্বচ্ছ সরোবরে দলবেঁধে মেটে রাজহাঁস খেলে ডুব-সাঁতারের খেলা। শরতের মাঠে মাঠে মাথা নেড়ে দোলে শুভ্র রঙের কাশ শরতের নীল আকাশে উড়ে বেড়ায় লাল ঝুঁটি ভূঁতিহাস। শরতে পথে পথে ফোটে শিউলি, শেফালি ও টগর শরতে তালের পিঠা উৎসবে মাতে পল্লি থেকে নগর। শরতে হাওর বিলে পদ্ম শাপলা মুখ বের করে হাসে। শরতে ভোরের শিশির মিশে থাকে সবুজ দূর্বাঘাসে।