নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা বিশ্বকে এক কঠিন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়েছে—জলবায়ু দুর্যোগ কোনো সীমান্ত মানে না। এগুলো জাতীয় সীমান্তে থেমে যায় না। ধনী-দরিদ্র দেশের মধ্যে পার্থক্য করে না। এমনকি কোনো দেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে সামান্য অবদান রাখে বলে তাকে রেহাইও দেয় না। জলবায়ু পরিবর্তন একটি অভিন্ন বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে সেই দেশগুলোতেই, যারা এ সমস্যার জন্য সবচেয়ে কম দায়ী।
নেপাল এই বৈষম্যের একটি উজ্জ্বল উদাহরণ। বৈশ্বিক নিঃসরণ-সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, নেপাল বৈশ্বিক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে ০.১ শতাংশেরও কম অবদান রাখে, অথচ দেশটি জলবায়ু-সম্পর্কিত দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক আকস্মিক বন্যা দেখিয়েছে, কীভাবে চরম আবহাওয়া দ্রুত মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে — ধ্বংস করতে পারে ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকা।
নেপালের ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে এই ট্র্যাজেডি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। বিশ্বের সর্বোচ্চ পর্বতমালার আবাসস্থল নেপাল হিমালয় অঞ্চলের অংশ, যাকে বিপুল বরফ-মজুদের কারণে কখনো কখনো ‘তৃতীয় মেরু’ বলা হয়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে গত তিন দশকে নেপালের হিমবাহগুলো তাদের প্রায় এক-তৃতীয়াংশ বরফ হারিয়েছে, যা পানি নিরাপত্তা, কৃষি ও হিমালয়-নির্ভর নদীর ওপর নির্ভরশীল কোটি কোটি মানুষের জন্য হুমকি তৈরি করছে।
হিমবাহ দ্রুত গলে পানির প্রবাহ বেড়ে গিয়ে বিপজ্জনক হিমবাহ-হ্রদ সৃষ্টি হতে পারে, যা অস্থিতিশীল হয়ে হঠাৎ নিচের দিকে ভয়াবহ বন্যা ঘটাতে পারে। একই সঙ্গে হিমবাহের অব্যাহত ক্ষয় দীর্ঘ মেয়াদে পানির প্রাপ্যতাকেও হুমকির মুখে ফেলে। ফলে উঁচু পাহাড়ে যা ঘটছে, তা বহুদূরের মানুষের জীবনেও প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক আকস্মিক বন্যায় মানুষের দুর্ভোগ ও প্রাণহানির চিত্র এখন আর উপেক্ষা করার মতো নয়। অনলাইনে ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা বিপজ্জনক বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন। এদের মধ্যে রয়েছে অসংখ্য ব্যক্তিগত মর্মান্তিক ঘটনা — পরিবার বিচ্ছিন্ন, ঘরবাড়ি ভেসে যাওয়া, জনপদের ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। এই দুর্যোগ শুধু সম্পদ নয়, কেড়ে নিয়েছে মানুষের জীবিকা ও নিরাপত্তাবোধও।
চেন্নাইভিত্তিক গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ৫,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। আজ পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনী ১৩,০০০ জনকে উদ্ধার করেছে। এগুলো নিছক শুধু পরিসংখ্যান নয়, এগুলো এমন মানুষের জীবন, যারা সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত হয়েছে। বর্তমানে প্রায় ২২,০০০ শিশু নিরাপদ পানিহীন, তীব্র খাদ্য ও অক্সিজেন সংকটে রয়েছে, যা এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।
এটাই জলবায়ু পরিবর্তনের মৌলিক অবিচার। যারা এই সংকটে সবচেয়ে কম অবদান রেখেছে, তারা প্রায়ই সবচেয়ে ভয়াবহ পরিণতির শিকার হয়। দশকের পর দশক ধরে শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বড় অংশের জন্য দায়ী। UNEP Emissions Gap Report 2025 অনুযায়ী, বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির জোট (G20 Countries) ২০২৪ সালে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের প্রায় ৭৭ শতাংশের জন্য দায়ী ছিল। অন্যদিকে নেপাল ও বাংলাদেশের মতো দেশগুলো—যারা বৈশ্বিক নিঃসরণে সামান্য অবদান রেখেছে—জলবায়ু-সম্পর্কিত বিপদের উচ্চ ঝুঁকির মুখোমুখি। এই বৈষম্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, যে সংকটের জন্য গুটিকয়েকটি দেশ বহুলাংশে দায়ী, তার জন্য সবাই সমানভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে না। তাই এই ক্ষতি পুষিয়ে নেয়ার খরচ কে বহন করবে?
জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশগত বিষয় নয়; এটি ন্যায়বিচার, উন্নয়ন, দারিদ্র্য, মানবাধিকার ও আন্তর্জাতিক দায়িত্বের বিষয়। সম্প্রতি নেপালে সংঘটিত ভয়াবহ বন্যা সেখানকার জনগোষ্ঠীর কয়েক দশকের উন্নয়ন-অর্জন কয়েক ঘণ্টায় ধ্বংস করে দিয়েছে। এ ঘটনায় মাত্র কয়েক মুহূর্তের মধ্যে নেপালের বিধ্বংস্থ অঞ্চলের রাস্তা-ঘাট, সেতু, স্কুল, ঘরবাড়ি, কৃষিজমি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়ে যায়।
দারিদ্র্যসীমার কাছাকাছি বসবাসকারী পরিবারের জন্য একটি ঘর বা জীবিকা হারানোর অর্থ হতে পারে বছরের পর বছরের দুর্ভোগ। এর প্রভাব দুর্যোগ-এলাকাতেও সীমাবদ্ধ থাকে না; পরিবহন, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহব্যবস্থা ব্যাহত হয়, কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, আর পুনর্নির্মাণের ব্যয় ঝুঁকিপূর্ণ দেশগুলোকে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জরুরি খাত থেকে সম্পদ সরিয়ে নিতে বাধ্য করে।
এ কারণেই জলবায়ু দুর্যোগ কোনো সীমান্ত মানে না। দেশে-দেশে এর ব্যাপ্তি ও প্রভাব ছড়িয়ে পড়ে। বায়ুমণ্ডল রাজনৈতিক সীমান্ত মেনে চলে না; একটি দেশে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইড বৈশ্বিক বায়ুমণ্ডলে মিশে সর্বত্র উষ্ণতা বাড়ায়, যার প্রভাব প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। প্রতিটি দেশের নিজস্ব সক্ষমতা অনুযায়ী নিঃসরণ কমানোর দায়িত্ব রয়েছে। ঐতিহাসিকভাবে বেশি নিঃসরণকারী দেশগুলোর ওপর দক্ষিণ এশিয়ার মতো ঝুঁকিপূর্ণ অঞ্চলকে সহায়তা করারও বিশেষ দায়িত্ব রয়েছে। এখানেই রয়েছে জলবায়ু ন্যায্যতা।
নেপালের মতো দেশগুলোর জন্য অভিযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শক্তিশালী আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু-সহনশীল অবকাঠামো ও কার্যকর দুর্যোগ প্রস্তুতি প্রয়োজন। তবে শুধু অভিযোজন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়; বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকলে অভিযোজনেরও সীমা রয়েছে। তাই বিশ্বকে সম্মিলিতভাবে মূল কারণ, অর্থাৎ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো ও বন্ধ করার পদক্ষেপ নিতে হবে।
নেপালের অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ার জন্যও শক্তিশালী বার্তা বহন করে। বাংলাদেশ, ভারত, ভুটান, পাকিস্তান এবং এই অঞ্চলের অন্যান্য দেশ পরস্পর-সংযুক্ত জলবায়ু ঝুঁকির মুখোমুখি—বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, খরা, তাপপ্রবাহ। হিমালয়ে যা ঘটে, তা নিম্নাঞ্চলের নদীব্যবস্থাকে প্রভাবিত করতে পারে; এক দেশে যা ঘটে, তা অন্য দেশের জন্যও ভয়াবহ পরিণতি তৈরি করতে পারে। এর জন্য প্রয়োজন পারস্পরিক সহাবস্থান ও যৌথ সমাধান; যেমন : দুর্যোগ প্রস্তুতি, আবহাওয়ার পূর্বাভাস ও নদী ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতা এবং জাতিসংঘ ও বিধিবদ্ধ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরাসরি আর্থিক ও অর্থবহ কারিগরি সহায়তা নিশ্চিতকরণ।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জলবায়ু মোকাবেলার কার্যক্রম শুধু বক্তৃতা ও ঘোষণার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। বন্যা ও বিলীন হয়ে যাওয়া হিমবাহের মুখোমুখি মানুষদের প্রয়োজন বাস্তব পদক্ষেপ, নিরাপদ অবকাঠামো, নির্ভরযোগ্য সতর্কবার্তা, সহনশীল জীবিকা, সহজলভ্য অর্থায়ন ও আন্তর্জাতিক সংহতি।
বন্যার কবল থেকে মানুষ তুলে আনার দৃশ্য কেবল একটি প্রাকৃতিক দুর্যোগের চিত্র নয়, এটি বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। নেপালে সংঘটিত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের প্রতিটি পরিসংখ্যানের পেছনে রয়েছে মানুষ, যাদের জীবন ও জীবিকা কোনো না কোনোভাবে বিপর্যস্ত হয়েছে।
নেপালের অভিজ্ঞতা আমাদের জলবায়ু-দায়বদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। কোনো দেশের কার্বন নিঃসরণ সামান্য হলেও তার ঝুঁকিপ্রবণতা হতে পারে বিপুল। বিপরীতভাবে, বেশি কার্বন নিঃসরণকারী জি২০ দেশগুলোর উচিত ভুক্তভোগী দেশগুলোকে সহায়তা করা; যাতে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তন বৈশ্বিক, কিন্তু জলবায়ু ঝুঁকি অসম। নেপালের ঝুঁকিপূর্ণ পাহাড়ি জনগোষ্ঠীর ওপর নেমে আসা এই বিপর্যয় আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দিচ্ছে যে, জলবায়ু সংকট থেকে নিরাপদ দূরত্ব বলে কিছু নেই। রাজনৈতিক সীমান্ত দেশগুলোকে আলাদা করতে পারে, কিন্তু আমাদের গ্রহকে সংযুক্ত রাখা বায়ুমণ্ডল, মহাসাগর, নদী ও আবহাওয়াব্যবস্থা থেকে কোনো দেশকে বিচ্ছিন্ন করতে পারে না।
জলবায়ু দুর্যোগ কোনো সীমান্ত মানে না। তেমনি এগুলো প্রতিরোধ, মোকাবেলা ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষিত করার দায়িত্বেরও কোনো সীমান্ত থাকা উচিত নয়। সম্মিলিতভাবে এর মোকাবেলা করতে হবে।
এখন সময় এসেছে বিশ্বের উপলব্ধি করার যে, জলবায়ু ন্যায্যতা কোনো দয়া বা দান নয়; এটি আমাদের সবার যৌথ দায়িত্ব। বিশ্বের এক প্রান্তে সৃষ্ট নিঃসরণ যদি অন্য প্রান্তের মানুষের দুর্ভোগের কারণ হতে পারে, তাহলে জলবায়ু মোকাবেলার পদক্ষেপ, অর্থায়ন, প্রযুক্তি ও সংহতিকেও সীমান্ত অতিক্রম করতে হবে।
নেপালের বন্যাকে একটি বিচ্ছিন্ন জাতীয় ট্র্যাজেডি হিসেবে দেখা উচিত নয়। এটিকে দেখা উচিত সমগ্র বিশ্বের জন্য একটি সতর্কবার্তা হিসেবে। পরিবর্তিত জলবায়ু থেকে কোনো দেশ একা রক্ষা পেতে পারে না, এবং এর পরিণতি মোকাবেলায় কোনো দেশকেই একা ছেড়ে দেয়া উচিত নয়। সবাইকে এগিয়ে আসতে হবে।
সাদা খামে লিখব চিঠি মায়ের ঠিকানায় মা যে আমার বেঘোর ঘুমে একলা নিরালায়। গাছের ছায়ায় নিরিবিলি মেলে না চোখ আর মা মা বলে ডাকি কত আমি যে বারবার। চিঠি পেলে যদি মায়ের ভাঙে এবার ঘুম ঝাঁপটে ধরে মায়ের পায়ে দেব হাজার চুম। আঁচল তলে চুপটি করে লুকিয়ে আমার মুখ গন্ধ নেব মায়ের গায়ের লুটব যত সুখ। লক্ষ্মী পিয়ন কথা রেখো মাকে চিঠি দিয়ো আসা যাওয়ার ভাড়াটুকু আমার থেকে নিয়ো। বড়ই আশায় আছি আমি পাব মায়ের খোঁজ তথ্য নিতে আসব আমি তোমার বাড়ি রোজ।
না জানিয়া না বুঝিয়া না শুনিয়া না মানিয়া নাইতে নামিয়া নদীতে নমিতা নাশিকায় নিশ্বাস নিতে নাপারিয়া নিমেষেই নিজের নাড়ির নিনাদ নিষ্প্রাণ নীরব, নিষ্প্রভ, নীলাভ। না হেরি নিলয়ে না খেয়ে না নেয়ে নমিতার নৃপতি নব নিশীথে নিবিড় নৈবেদ্যে নমিল নিজেকে নদে নীলাম্বরের নির্মেঘ নিশি নির্দয় নহরের নির্জনতা নাশি নীপবনে না জানি নিবংশ নমিতা নিরধির নির্ঝর নিধি, নিপাবলির নিরন্তর নৃত্যে নিজেকে নাটকীয় নৈকট্যে নিবেদন। নেই! নেই! নিয়তির নির্মম নিঘাত নমিতা নিধনে নদ নিত্য নিশাত নীহারিকায় নির্লিপ্ত নিগূঢ় নির্বিকার। নমিতা নাই-বা নামিবে নরকায় নিষেধ নেই তো নিগ্রহ নাশি নমিতার নিত্য নাদিম নব নিরুদ্দেশী।
একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার তরুণ প্রজন্ম। তারুণ্যের উদ্দীপনা, সৃষ্টিশীলতা এবং অদম্য শক্তিই একটি রাষ্ট্রকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের জন্য এক অন্যতম প্রধান উদ্বেগের নাম ‘কিশোর গ্যাং’। কৈশোরের যে সময়টিতে হাতে থাকার কথা ছিল বই-খাতা, খেলার বল কিংবা সৃজনশীলতার উপকরণ, সেই বয়সে একশ্রেণির কিশোরের হাতে দেখা যাচ্ছে ধারালো অস্ত্র, মাদক এবং অপরাধের নীল নকশা। আমাদের অমিত সম্ভাবনাময় তরুণ প্রজন্মের একটি অংশ যেভাবে এই চোরাবালিতে তলিয়ে যাচ্ছে, তা কেবল একটি পারিবারিক সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় সংকটে রূপ নিয়েছে। সাধারণত ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের দলবদ্ধ হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সংস্কৃতিকে 'কিশোর গ্যাং' বলা হয়। মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মতে, কৈশোরে দলবদ্ধ হয়ে থাকার একটি স্বাভাবিক প্রবণতা থাকে, যা তাদের সামাজিকীকরণে সাহায্য করে। কিন্তু এই দলবদ্ধতা যখন নেতিবাচক রূপ নেয় এবং পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক ব্যবসা ও খুনোখুনির মতো অপরাধে জড়ায়, তখন তা গ্যাং কালচারে পরিণত হয়। বর্তমান সমাজে এর বিস্তৃতি রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা ও উপজেলা শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এলাকাভিত্তিক বিভিন্ন নামে এরা নিজেদের দল পরিচালনা করে এবং নিজেদের শক্তির জানান দিতে প্রায়ই লিপ্ত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। কোনো কিশোর একদিনেই অপরাধী বা গ্যাংয়ের সদস্য হয়ে ওঠে না, এর পেছনে রয়েছে সামাজিক, পারিবারিক ও মনস্তাত্ত্বিক নানাবিধ কারণ। বর্তমান যুগের যান্ত্রিক জীবনে পারিবারিক অসচেতনতা ও দূরত্বের অভাব এর অন্যতম প্রধান কারণ। পরিবারের সঠিক তদারকি না থাকা, মা-বাবার মধ্যকার কলহ এবং সন্তানদের সাথে গুণগত সময় না কাটানোর ফলে কিশোররা একাকিত্বে ভোগে এবং এই শূন্যতা পূরণের জন্য বাইরের বন্ধুদের প্রতি ঝুঁকে পড়ে। এর পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণের ফলে শহরাঞ্চলে কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ কিংবা বিনোদনের চরম সংকট রয়েছে। ফলে তাদের শারীরিক ও মানসিক শক্তি প্রকাশের কোনো সুস্থ মাধ্যম তারা পাচ্ছে না। এই গ্যাং কালচার গড়ে ওঠার পেছনে আরেকটি বড় জ্বালানি হিসেবে কাজ করে স্থানীয় রাজনৈতিক কিছু ‘বড় ভাই’। এই স্বার্থান্বেষী মহল নিজেদের আধিপত্য বজায় রাখতে বা মিছিল-মিটিংয়ে লোক বাড়াতে কিশোরদের ব্যবহার করে এবং তাদের আইনি সুরক্ষা দেয়ার লোভ দেখিয়ে অপরাধের পথে ঠেলে দেয়। একই সাথে যুক্ত হয়েছে প্রযুক্তির অপব্যবহার ও সোশ্যাল মিডিয়া। টিকটক, লাইকি বা বিভিন্ন অনলাইন গেমসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভ এবং ইন্টারনেটে সহিংসতা দেখে তারা বাস্তবেও তার অনুকরণ করার চেষ্টা করে। এর ওপর মাদকের সহজলভ্যতা কিশোরদের আরও বেশি বেপরোয়া করে তুলছে, কারণ নেশার টাকা জোগাড় করতেই তারা প্রথম দিকে ছিনতাই ও চাঁদাবাজিতে নামছে। কিশোর গ্যাং কালচার আমাদের সামগ্রিক তরুণ প্রজন্মের মনস্তত্ত্বে এক গভীর ক্ষত তৈরি করছে এবং দেশের মেধার অপচয় ঘটাচ্ছে। দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি এই তরুণরা যখন পড়ালেখা ছেড়ে অপরাধের খাতায় নাম লেখায়, তখন দেশ এক বিশাল দক্ষ জনশক্তি হারায়। এর ফলে সমাজে একধরনের নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ তৈরি হয়, যার কারণে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরাও স্কুল-কলেজে যেতে ভয় পায়। পাড়া-মহল্লায় এই ভয়ের সংস্কৃতি সুস্থ তরুণদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তা ছাড়া কিশোর গ্যাংয়ের বিস্তার দেখে অন্য সাধারণ কিশোরদের মধ্যেও আইন অমান্য করা, বড়দের অসম্মান করা এবং দ্রুত ও অনৈতিক উপায়ে টাকা আয়ের ভুল মানসিকতা বা নৈতিক অবক্ষয় তৈরি হচ্ছে। এই কিশোর অপরাধ কেবল তরুণদেরই ধ্বংস করছে না, বরং সামগ্রিক সামাজিক নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে। চুরি, ছিনতাই এবং তুচ্ছ কারণে খুনের ঘটনা প্রতিনিয়ত খবরের কাগজের শিরোনাম হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত এদের গ্রেপ্তার করলেও মূল শেকড় উপড়ানো সম্ভব হচ্ছে না, কারণ এদের পেছনে থাকা গডফাদাররা অধরাই থেকে যায়। একটি দেশের তরুণ সমাজ যদি এভাবে অপরাধপ্রবণ হয়ে ওঠে, তাহলে দীর্ঘ মেয়াদে সেই রাষ্ট্রের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ-জাতীয় ব্যাধি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সমন্বিত ও বহুমুখী উদ্যোগ প্রয়োজন, যার সূচনা হতে হবে পরিবার থেকে। মা-বাবাকে সন্তানের প্রতি আরও বন্ধুসুলভ হতে হবে এবং সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে বা ইন্টারনেটে কী দেখছে—সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে। এর পাশাপাশি প্রতিটি এলাকায় কিশোরদের জন্য খেলার মাঠ, সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার গড়ে তুলতে হবে, যাতে তারা সুস্থ বিনোদনের সুযোগ পায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি সন্তানকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়া অত্যন্ত জরুরি, যা তাদের ভালো ও মন্দের পার্থক্য বুঝতে শেখাবে। একই সাথে কিশোরদের যারা ঢাল হিসেবে ব্যবহার করছে, সেই সব তথাকথিত রাজনৈতিক বড় ভাইদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দলগুলোরও উচিত কিশোরদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করা। আইন প্রয়োগের পাশাপাশি কিশোর অপরাধীদের সাধারণ জেলে না রেখে কিশোর উন্নয়ন বা সংশোধন কেন্দ্রে পাঠানো উচিত। সেখানে আধুনিক মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তাদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তরুণ প্রজন্ম একটি দেশের স্বপ্ন, প্রেরণা ও সম্ভাবনার প্রতীক। কিশোর গ্যাংয়ের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এই বিপুল সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিতে পারে না। এটি কেবল আইন প্রয়োগ করে বা জোরপূর্বক দমন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি সুদূরপ্রসারী সামাজিক আন্দোলন। সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজ যদি একযোগে কাজ করে কিশোরদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে, তবেই আমাদের তরুণ প্রজন্ম এই অন্ধকার পথ থেকে ফিরে আসবে এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবে।
যাচ্ছি আমি নীড় ছেড়ে ইট পাথরের নগরে। দুঃখ আমার চিরসাথী বিষাদময় এ জীবনের। বাস্তবতার দাবদাহে পুড়ছি আমি অবিরাম। দেখছি কত বহুরূপী আঁধার এ পৃথিবীতে। সইছি কত বিষ-বাণী কাছের প্রিয় মানুষ হতে শত বাধার ভিড়ে আমি জয়ী হয়ে ফিরব নীড়ে ফিরব আমি বীরের বেশে চিরচেনা সেই নীড়ে।
শরতের আকাশ যেন সাদা মেঘের ভেলা শরতে স্বচ্ছ সরোবরে দলবেঁধে মেটে রাজহাঁস খেলে ডুব-সাঁতারের খেলা। শরতের মাঠে মাঠে মাথা নেড়ে দোলে শুভ্র রঙের কাশ শরতের নীল আকাশে উড়ে বেড়ায় লাল ঝুঁটি ভূঁতিহাস। শরতে পথে পথে ফোটে শিউলি, শেফালি ও টগর শরতে তালের পিঠা উৎসবে মাতে পল্লি থেকে নগর। শরতে হাওর বিলে পদ্ম শাপলা মুখ বের করে হাসে। শরতে ভোরের শিশির মিশে থাকে সবুজ দূর্বাঘাসে।
মাদ্রাসা শিক্ষা আমাদের সমাজ, ধর্মীয় ঐতিহ্য ও নৈতিক শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। যুগ যুগ ধরে এসব প্রতিষ্ঠান থেকে অসংখ্য আলেম, শিক্ষক, ইমাম, খতিব ও সমাজসেবক তৈরি হয়েছেন। তাঁরা ধর্মীয় জ্ঞান প্রচারের পাশাপাশি মানুষের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনে ভূমিকা রেখে চলেছেন। দুঃখজনকভাবে সত্যি, কিছু ব্যক্তির বিতর্কিত, অনৈতিক কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে পুরো মাদ্রাসা শিক্ষা ও আলেম সমাজকে নিয়ে কটূক্তির প্রবণতা দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধর্মীয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই অনেকে সেই ঘটনাকে কেন্দ্র করে সব আলেম, সব হুজুর কিংবা পুরো মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে একই পাল্লায় মাপছেন। এটি যেমন যুক্তিসংগত নয়, তেমনি ন্যায়সংগতও নয়। একজন চিকিৎসক অপরাধ করলে আমরা চিকিৎসাবিজ্ঞানকে দোষী বলি না। একজন শিক্ষক অন্যায় করলে পুরো শিক্ষাব্যবস্থাকে অপরাধী বলি না। একজন ব্যবসায়ী প্রতারণা করলে সব ব্যবসায়ীকে প্রতারক বলা যায় না। তাহলে একজন মাদ্রাসাশিক্ষিত ব্যক্তি বা ধর্মীয় বক্তা অন্যায় করলে তাঁর দায় কেন হাজার হাজার নির্দোষ আলেম, শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের ওপর চাপিয়ে দেওয়া হবে? অপরাধী যে-ই হোক, তাঁর পরিচয় যা-ই হোক—অপরাধ প্রমাণিত হলে অবশ্যই তাঁর বিচার হওয়া উচিত। ধর্মীয় পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে কিংবা সমালোচনার ঊর্ধ্বে নিয়ে যেতে পারে না। একইভাবে, একজনের অপরাধের কারণে পুরো একটি শিক্ষাব্যবস্থা বা জনগোষ্ঠীকে অপমান করাও ন্যায়বিচার হতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না।” (সুরা আল-আনআম, আয়াত ১৬৪)। এই শিক্ষা আমাদের ব্যক্তিগত দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। একজনের অন্যায়ের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটিকে গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তবে অভিযোগ ওঠা আর অপরাধ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট, ভিডিও কিংবা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে কাউকে আগেভাগে অপরাধী ঘোষণা করা অনুচিত। আবার ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে দায়মুক্ত রাখাও অন্যায়। প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, নির্ভরযোগ্য তথ্য এবং ন্যায়সংগত বিচার। অভিযোগ সত্য হলে অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিতে হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মান পুনরুদ্ধারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বিচার হোক তথ্য-প্রমাণের ভিত্তিতে, গুজব, আবেগ কিংবা পরিচয়ের ভিত্তিতে নয়। মাদ্রাসা শুধু ধর্মীয় বিধিবিধান শেখানোর জায়গা নয়। প্রকৃত ধর্মীয় শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারি, শিষ্টাচার, আত্মসংযম ও মানবিকতা গড়ে তোলা। কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা, ইসলামের ইতিহাস ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়। ইসলামের প্রথম প্রত্যাদেশের সূচনাই হয়েছে জ্ঞানার্জনের আহ্বান দিয়ে, “পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।” (সুরা আল-আলাক, আয়াত ১)। জ্ঞানচর্চা ইসলামের মৌলিক শিক্ষারই অংশ। আমাদের সমাজের অসংখ্য মসজিদ, মক্তব ও মাদ্রাসায় শিক্ষকরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নতুন প্রজন্মকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলেও অনেক আলেম ও শিক্ষক নীরবে ধর্মীয় ও নৈতিক জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন। তাঁদের অবদান হয়তো প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয় না, কিন্তু সমাজে তাঁদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। এসব অবদানের স্বীকৃতি দেওয়া মানে অবশ্য মাদ্রাসা শিক্ষাব্যবস্থার সবকিছুকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা নয়; বরং ভালো দিকগুলোকে স্বীকার করে দুর্বলতা সংশোধনের উদ্যোগ নেওয়াই দায়িত্বশীল অবস্থান। কেউ ধর্মীয় পরিচয় ব্যবহার করে মানুষের বিশ্বাসের সুযোগ নিলে, প্রতারণা করলে, অর্থ আত্মসাৎ করলে, নির্যাতন চালালে কিংবা অন্য কোনো অপরাধে জড়ালে তাঁর বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। দাড়ি, টুপি, পাগড়ি কিংবা ধর্মীয় পোশাক কাউকে অপরাধের দায় থেকে মুক্তি দেয় না। আবার এসব পোশাক পরার কারণে কাউকে সন্দেহভাজন বা অপরাধী ভাবারও কোনো যুক্তিসংগত কারণ নেই। মানুষকে পোশাক বা পরিচয় দিয়ে নয়, তার কাজ, আচরণ ও চরিত্র দিয়ে বিচার করা উচিত। ধর্মের মর্যাদা রক্ষার নামে অপরাধীকে আড়াল করা ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাকেই ক্ষতিগ্রস্ত করে। সত্যিকারের ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মাদ্রাসা শিক্ষাব্যবস্থার কোথাও সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা অবশ্যই হওয়া উচিত। শিক্ষার মান, আধুনিক পাঠ্যক্রম, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, আর্থিক স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির মতো বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে পারে। কিন্তু কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করা আর সব মাদ্রাসাকে খারাপ বলা এক বিষয় নয়। কয়েকজনের কর্মকাণ্ডের ভিত্তিতে ‘সব হুজুর ভণ্ড’ কিংবা ‘সব মাদ্রাসা খারাপ’—এমন মন্তব্য অযৌক্তিক সাধারণীকরণ। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে লাখো মানুষের চরিত্র নির্ধারণ করা যুক্তিবাদী সমাজের পরিচয় হতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপমান করার আগে আমাদের ভাবা উচিত, সেই বক্তব্যের কারণে কতজন নির্দোষ মানুষও অপমানিত হতে পারেন। মতপ্রকাশের স্বাধীনতা গুরুত্বপূর্ণ; একই সঙ্গে সত্যনিষ্ঠা, দায়িত্বশীল ভাষা এবং অন্যের মর্যাদার প্রতি শ্রদ্ধাও জরুরি। সমালোচনা হোক নির্দিষ্ট কাজ ও সমস্যার, কোনো পুরো শ্রেণিকে হেয় করার জন্য নয়। মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলার অর্থ মাদ্রাসার সবকিছুকে নিঃশর্তভাবে সমর্থন করা নয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মানুষ সততা, ন্যায়বিচার ও আদর্শের উচ্চতর মান প্রত্যাশা করে। তাই এসব প্রতিষ্ঠানের দায়িত্বও বেশি। কোথাও অনিয়ম, নির্যাতন, আর্থিক অস্বচ্ছতা কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষ করে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা, স্বচ্ছ প্রশাসন এবং কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠা করা প্রয়োজন। অপরাধ প্রমাণিত হলে অপরাধীকে রক্ষা না করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রতিষ্ঠানের সুনাম রক্ষার সবচেয়ে ভালো উপায় সত্য গোপন করা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। একই সঙ্গে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক ও কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন। এতে শিক্ষার্থীরা ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আধুনিক বিশ্বের জ্ঞান, প্রযুক্তি ও পেশাগত চ্যালেঞ্জ মোকাবেলায়ও দক্ষ হয়ে উঠবে। প্রয়োজনীয় সংস্কারকে ঐতিহ্যের বিরোধিতা হিসেবে না দেখে শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধির সুযোগ হিসেবে দেখা উচিত। সমাজে ভালো-মন্দ মানুষ সব পেশা ও শ্রেণিতেই রয়েছে। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা ধর্মীয় ব্যক্তিত্ব—কোনো শ্রেণিই এর ব্যতিক্রম নয়। তাই একজন মানুষের ভুল বা অপরাধ দিয়ে পুরো শ্রেণিকে বিচার করা ন্যায়বিচারের পরিপন্থী। একটি গাছে একটি পচা ফল পাওয়া গেলে ফলটি সরিয়ে ফেলতে হয়; তার জন্য পুরো বাগানকে ধ্বংস করা কোনো সমাধান নয়। একইভাবে, কিছু ব্যক্তির অপরাধের কারণে শত শত বছরের ধর্মীয় শিক্ষার ঐতিহ্য, অসংখ্য প্রতিষ্ঠান এবং লাখো নির্দোষ শিক্ষক-শিক্ষার্থীকে অপমান করা উচিত নয়। বরং অপরাধীদের জবাবদিহির আওতায় এনে সৎ মানুষদের কাজের পরিবেশ ও সম্মান রক্ষা করাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। ভণ্ডামির প্রতিবাদ অবশ্যই হোক। ধর্মের নামে প্রতারণার বিরুদ্ধে সমাজ সোচ্চার হোক। অপরাধী হুজুর হোক, শিক্ষক হোক কিংবা অন্য কোনো পরিচয়ের মানুষ—তাঁর বিচার হোক অপরাধের ভিত্তিতে। কিন্তু সেই প্রতিবাদের নামে মাদ্রাসা শিক্ষা, ইসলামি মূল্যবোধ কিংবা পুরো আলেম সমাজকে কটূক্তি করা গ্রহণযোগ্য নয়। একইভাবে, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানের কথা বলে অন্যায়কে আড়াল করাও সমর্থনযোগ্য নয়। আমাদের প্রয়োজন অন্ধ সমর্থন নয়, অন্ধ বিরোধিতাও নয়; প্রয়োজন ন্যায়সংগত, যুক্তিনির্ভর ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। অপরাধীর বিরুদ্ধে কঠোর হই, কিন্তু নির্দোষের প্রতি ন্যায়বান থাকি। অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু সামষ্টিক অপমান নয়। ধর্মীয় ঐতিহ্যকে সম্মান করি, পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার ও জবাবদিহিও নিশ্চিত করি। কারণ একটি সুস্থ সমাজ বিদ্বেষ ও সামষ্টিক অপমানের ওপর গড়ে ওঠে না; গড়ে ওঠে জ্ঞান, নৈতিকতা, ন্যায়বিচার, আত্মসমালোচনা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে।
একটি কল্যাণমুখী ও উন্নত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং সামাজিক মানবাধিকার নিশ্চিতকরণে অলাভজনক সংস্থা (Non-Profit Organizations) ও ট্রাস্টগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে যেকোনো সামাজিক, দাতব্য বা কল্যাণমূলক উদ্যোগকে দীর্ঘ মেয়াদে টেকসই, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এর আইনি ভিত্তি মজবুত করা আবশ্যক। বাংলাদেশে অলাভজনক প্রতিষ্ঠান গঠনের একাধিক আইনি পথ রয়েছে। উদ্যোক্তা ও উদ্যমী সমাজসেবীদের জন্য এই আইনি প্রক্রিয়া, নিবন্ধন পদ্ধতি এবং পরবর্তী কমপ্লায়েন্স সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। বাংলাদেশে মূলত তিনটি ভিন্ন আইনি কাঠামোর অধীনে অলাভজনক ও সামাজিক সংস্থা গঠন ও পরিচালনা করা হয়ে থাকে। যেমন : ১. যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (RJSC) অধীনে নিবন্ধিত সোসাইটি ও ফাউন্ডেশন : বাংলাদেশে সমাজসেবামূলক ও অলাভজনক সংস্থা গঠনের সবচেয়ে গ্রহণযোগ্য ও আধুনিক মাধ্যম হলো Societies Registration Act, 1860-এর অধীনে নিবন্ধন নেওয়া। গঠন প্রক্রিয়া : ন্যূনতম ৭ জন সাধারণ সদস্য একত্র হয়ে স্মারক (Memorandum of Association) ও নিয়মাবলি (Rules & Regulations) চূড়ান্ত করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (RJSC) আবেদন করতে পারেন। গতিশীলতা ও সুবিধা : প্রয়োজনীয় কাগজপত্র, গঠনতন্ত্র ও জাতীয় পরিচয়পত্র সঠিকভাবে প্রস্তুত থাকলে খুব স্বল্প সময়ে (সঠিকভাবে প্রসেস করলে মাত্র ৫ কর্মদিবসের মধ্যে) এর প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা সম্ভব। এই নিবন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি পৃথক আইনি সত্তা (Legal Entity) হিসেবে আত্মপ্রকাশ করে, যা নিজস্ব নামে স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন, ব্যাংকিং লেনদেন পরিচালনা এবং দেশি-বিদেশি অনুদান গ্রহণের সুযোগ সৃষ্টি করে। ২. রেজিস্ট্রি অফিসের অধীনে নিবন্ধিত ট্রাস্ট (Trust) : কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি তাঁদের কোনো নির্দিষ্ট সম্পত্তি, তহবিল বা অর্থকে স্থায়ীভাবে সামাজিক বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গ করতে চান, তবে ট্রাস্ট গঠন করা সবচেয়ে উত্তম উপায়। গঠন প্রক্রিয়া : Trust Act, 1882-এর অধীনে একটি সুনির্দিষ্ট ট্রাস্ট ডিড (Trust Deed) তৈরি করতে হয়। এই ডিডে ট্রাস্টের লক্ষ্য, মূলধন পরিচালনা, ট্রাস্টি বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকে। নিবন্ধন : ড্রাফটকৃত ট্রাস্ট ডিডটি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে স্থানীয় রেজিস্ট্রেশন আইনের অধীনে নিবন্ধিত করতে হয়। স্থায়ী মেমোরিয়াল ফান্ড, শিক্ষাবৃত্তি বা হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে ট্রাস্ট ব্যবস্থা অত্যন্ত কার্যকর। ৩. কোম্পানি আইনের অধীনে অলাভজনক স্মারক (Section 28 Entity) : কোম্পানি আইন, ১৯৯৪-এর ২৮ ধারা অনুযায়ী মুনাফাহীন উদ্দেশ্যে কোম্পানি গঠন করা যায়, যা সাধারণত ‘Section 28 Company’ বা প্রসঙ্গানুসারে লিমিটেড ফাউন্ডেশন নামে পরিচিত। এই প্রক্রিয়ায় শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ (Dividend) গ্রহণ করতে পারেন না; অর্জিত সমুদয় অর্থ প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নে পুনর্বিনিয়োগ করতে হয়। যেকোনো ফাউন্ডেশন বা ট্রাস্ট রেজিস্ট্রেশনের জন্য প্রারম্ভিকভাবে নিম্নলিখিত নথি ও তথ্যসমূহ প্রস্তুত রাখা আবশ্যক : ১. নাম ছাড়পত্র (Name Clearance) : নির্ধারিত নাম অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে মিলে যায় কি না তা যাচাই করে ছাড়পত্র গ্রহণ। ২. গঠনতন্ত্র ও স্মারক : প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্যে, পরিচালনা পর্ষদের গঠন, সাধারণ সভার নিয়মাবলি ও তহবিল ব্যবস্থাপনার স্পষ্ট ধারা সংবলিত আইনি দলিল। ৩. পাসপোর্ট সাইজ ছবি ও NID/পাসপোর্ট : প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সকল সদস্যের জাতীয় পরিচয়পত্র ও ছবি। ৪. কার্যালয়ের ঠিকানা : প্রতিষ্ঠানের অফিস বা নিবন্ধিত ঠিকানা নিশ্চিতকরণে ভাড়ার চুক্তিপত্র বা ইউটিলিটি বিলের কপি। অনেক উদ্যোগের ক্ষেত্রে একটি ভুল ধারণা দেখা যায়—প্রতিষ্ঠান নিবন্ধিত হলেই স্বয়ংক্রিয়ভাবে আয়কর মওকুফ হয়ে যায়। বিষয়টি আসলে তা নয়। ট্যাক্স এক্সিম্পশন সনদ : আয়কর আইন অনুযায়ী কোনো অলাভজনক প্রতিষ্ঠান বা ট্রাস্টকে করমুক্ত সুবিধা পেতে হলে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নির্দিষ্ট ধারার অধীনে আনুষ্ঠানিকভাবে আয়কর অব্যাহতি সনদ (Tax Exemption Certificate) লাভ করতে হয়। বার্ষিক ইনকাম ট্যাক্স রিটার্ন : রেজিস্ট্রেশন পাওয়ার পর প্রতিটি অলাভজনক প্রতিষ্ঠানের জন্য কর শনাক্তকরণ নম্বর (TIN) গ্রহণ এবং প্রতিবছর নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। প্রতিষ্ঠানের বাৎসরিক আয়ের হিসাব পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CA) ফার্ম দিয়ে অডিট করানো এবং কমপ্লায়েন্স বজায় রাখা আইনি বাধ্যবাধকতার অংশ। একটি সমাজসেবামূলক বা অলাভজনক প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে এর প্রাথমিক আইনি দস্তাবেজ বা গঠনতন্ত্র কতটা নিখুঁতভাবে প্রণীত হয়েছে তার ওপর। অস্পষ্ট গঠনতন্ত্র বা ত্রুটিপূর্ণ স্মারকের কারণে পরবর্তী সময়ে পরিচালনাসংক্রান্ত জটিলতা, এনবিআর (NBR) বা অন্যান্য সরকারি দপ্তরের সাথে প্রশাসনিক সমস্যা তৈরি হতে পারে। একজন অভিজ্ঞ কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টার সরাসরি পরামর্শ ও সহায়তা গ্রহণ করলে যেমন সময় বাঁচে, তেমনি প্রতিষ্ঠানের আইনি কাঠামোর প্রতিটি দিক ভবিষ্যৎ ঝুঁকিমুক্ত থাকে। প্রফেশনাল লিগ্যাল গাইডলাইনের মাধ্যমে যেকোনো জটিলতা এড়িয়ে অত্যন্ত দ্রুততার সাথে ফাউন্ডেশন, সোসাইটি বা ট্রাস্ট রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করা সম্ভব। সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমুখী ভাবনার সঠিক বাস্তবায়নে আইনি নিবন্ধন হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঠিক নিয়মে গঠিত ও নিবন্ধিত প্রতিষ্ঠান সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে দীর্ঘ মেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে। আসুন, আইনি বিধিবিধান মেনে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুসংগঠিত অলাভজনক ক্ষেত্র গড়ে তুলি।
স্ট্যাটাস কনজামশন বা মর্জাদাভিত্তিক ভোগ কী, তা জানার আগে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন নিয়ে আলোচনা করে নিই। এখন থেকে বেশ কিছু বছর আগেও আমরা আমাদের ঘরে তিন বেলা খাবারের বাইরে যে খাবার খেতাম, তার অধিকাংশই ছিল বাড়িতে তৈরি পিঠা, মুড়ি, মোয়া, চিড়া, চটপটি এসব। এরপর হাতে এলো পেটিস, ডেনিস, শিঙাড়া, সমুচা, মোগলাই, চকবার, হালিম, ফুচকা, ফালুদা। তারপর এল স্যান্ডউইচ, বার্গার, পিৎজা পেরিয়ে আমরা এখন খাচ্ছি দোসা, বিফ সিজলিং, রেশমি কাবাব, জালি কাবাব, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, অন্থন। খাবারের এই যে আধুনিকায়ন হলো, এই যে বিভিন্ন ভিনদেশি খাবার আমাদের বিশেষ খাবারের তালিকায় উঠে এল, তা কীভাবে হলো? আমার দৃষ্টিতে যে কারণগুলো পড়েছে— ১. আমাদের দেশ থেকে বিত্তবানেরা বিদেশ ভ্রমণে গিয়ে শুধু হাওয়া নয়, খাওয়ার রুচিরও বদল করে আসেন। ২. রেমিট্যান্স যোদ্ধা যাঁরা প্রবাসে যান, তাঁদের একটি বড় অংশ সেখানকার হোটেল বা রেস্টুরেন্টে কাজ করেন এবং দেশে এসে বিদেশি খাবারগুলোকে দেশের মানুষের সামনে উপস্থাপন করেন। ৩. মোগল আমল থেকেই ভোজনরসিকদের চাহিদা বিবেচনায় বাইরের দেশ থেকে পাচক বা রাঁধুনি আমদানি করা হয়। আমাদের দেশে আগত বিদেশিদের খাদ্য সরবরাহের জন্য ফাইভ স্টার হোটেলগুলোতেও দেশি-বিদেশি রাঁধুনি রাখা হয়। এই যে বিশেষজ্ঞ রাঁধুনি, তাঁদের অস্থায়ী সহকারী যাঁরা থাকেন, তাঁরা চাকরিচ্যুত হলে সাবলম্বী হতেও বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে বিদেশি খাবারের হোটেল বা রেস্টুরেন্ট শুরু করেন। মূল কথা, এই বিদেশি খাবারগুলো বিভিন্নভাবে বিত্তবানের হাত ধরেই দেশে ঢুকেছে। তারপর বিত্তবানদের হাত থেকে ক্যাসিং ঠিক রেখে ফরেন নাম নিয়ে নিম্নমানের খাবার হয়ে পথেপ্রান্তে ছড়িয়ে পড়েছে। কেন পথেপ্রান্তে? কেন নিম্নমান? নতুন উদ্যোক্তারা অল্প মূলধন নিয়ে বিদেশি খাবারের প্রকৃত মান রেখে খাদ্য উৎপাদন করলেও তারা বিত্তবানদের রুচি মোতাবেক স্থান ম্যানেজ করতে পারে না। আবার স্থান পাওয়া গেলেও ওই পরিমাণে বিত্তবান বা রিচম্যান পাওয়া যায় না। কাজেই টার্গেট যখন রিচফুড বিক্রি করা, তখন রিচম্যান খুঁজে বের করে সেই মোতাবেক রেস্টুরেন্ট স্থাপন করতে হবে। এই রিচফুড প্রোডাকশনের সাথে জড়িত উদ্যোক্তারা রিচফুড বিক্রির উদ্দেশ্যে প্রচারে নেমে যখন ক্রেতা আকর্ষণের চেষ্টা করে, তখন তারাই সমাজের একটি অংশকে রিচ হিসেবে সামনে তুলে নিয়ে আসে। সমাজের এই অংশ রিচ হতে বাধ্য হয়। কীভাবে বাধ্য হয়? গলির মাথায় কফিশপ ও ফাস্টফুডের ভ্যান এসে দাঁড়িয়ে পড়ছে। অর্থাৎ রিচ ফুড প্রায় গরিবের হাতের নাগালে পৌঁছে গেল। তখন গরিব তার সাধ্যের সবটুকু দিয়ে রিচ হতে চেষ্টা করছে। মূল কথা, বিত্তবানদের বিদেশি রিচ ফুডের ক্যাসিং ঠিক রেখে মানে কমিয়ে এনে গরিবের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান। প্রথম প্রথম সকলে শখে খেতে থাকলেও পরে তা ট্রেন্ডে পরিণত হয়েছে। ধনী-গরিব সবাই এখন সপ্তাহে একটা দিন ফাস্টফুড না খেলে কেমন যেন জীবনে জোশ আসে না। অর্থাৎ এই ফাস্টফুড খাওয়াটা একটা স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে। বিত্তবানরা ফাইভ স্টার রেস্টুরেন্টে যাচ্ছেন, মধ্যবিত্তরা শহরের রেস্টুরেন্ট বা ধাবায় গিয়ে বসছেন, গরিবেরা ফাস্টফুড ভ্যান বা গলির মুখের কফিশপে বা হকার্স মার্কেটের ভাবির ভ্যাবাচ্যাকা বা চিকনি-চামেলি বার্গার হাটে গিয়ে বসছেন। মানুষ ফাস্টফুড খাওয়াটাকে একটি সামাজিক মর্যাদার অবস্থায় নিয়ে গেছে। যখন একদিকে মানুষের তিন বেলা খাবারের অভাব থেকে গেছে ঠিক, সেই সময়েই আরেক পাশে এসব ফাস্টফুডের ধাবায় ক্রেতাদের লম্বা সিরিয়াল দাঁড়িয়ে গেছে। সিরিয়ালে দাঁড়িয়ে সেল্ফি তুলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। সমাজে নিজের মর্যাদা শো (উপস্থাপন) করছে। এই যে নিজের সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা দেখাতে মাঝে মাঝেই সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ বিভিন্ন শ্রেণির ফাস্টফুড বা রিচফুড ভোগ করে, এটাই মূলত স্ট্যাটাস কনজামশন। অর্থাৎ নিজ সামর্থ বা সচ্ছলতা প্রকাশে সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা রক্ষায় বা প্রদর্শনের লক্ষ্যে আমরা যে বিশেষ বিষয়াদি ভোগ করি, সেটাকেই মূলত স্ট্যাটাস কনজামশন বলে। ফাস্টফুড হচ্ছে স্ট্যাটাস কনজামশনের নিম্নতর উদাহরণ। এরপর আছে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ, আপডেটেড আইফোন ব্যবহার, রয়্যাল এনফিল্ড বাইক, রোলেক্স ঘড়ি, জেন্টেল পার্ক, রিচম্যান, ইনফিনিটি, ক্যাটস আই ব্র্যান্ডের পোশাক—এ রকম নানাবিধ দামি ব্র্যান্ড ব্যবহারের মাধ্যমে নিজের সামাজিক স্ট্যাটাস বজায় রাখা অথবা প্রদর্শন। উপর্যুক্ত জীবনাচার আলোচনায় বোঝা যায় যে, স্ট্যাটাস কনজামশন বা মর্যাদাভিত্তিক ভোগ তখনই হয়, যখন মানুষ কেবল কোনো পণ্যের কার্যকারিতা বা প্রয়োজনীয়তার জন্য তা কেনে না, বরং সমাজে নিজের সামাজিক মর্যাদা, ক্ষমতা এবং অবস্থান প্রদর্শন করার জন্য পণ্য ভোগ বা ক্রয় করে। এখন বিষয় হলো, ফাস্টফুড পর্যন্ত স্ট্যাটাস কনজামশনে সমাজের নিম্নস্তরের মানুষও বিভিন্নভাবে অংশ নিতে পারছে, পোশাকের ক্ষেত্রেও রেপলিকা (কপি) ব্যবহার করে অংশ নিতে পারছে। আইফোন, মোটরবাইক, ল্যাপটপের রেপলিকা (কপি) নেই, নিম্নমান নেই। এই জায়গাতে এসে মানুষে মানুষে বিভেদ বেড়ে যাচ্ছে। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর, আত্মীয়ের সাথে আত্মীয়ের, বন্ধুর সাথে বন্ধুর সামাজিক মর্যাদায় ব্যবধান ফুটে উঠছে। যাঁরা বয়স্ক বা বুঝদার, তাঁরা নিজেদের সামলে নিচ্ছেন, ধনীদের অভিশাপ দিয়ে, সকল সচ্ছল মানুষের অর্থকে অবৈধ ও হারাম বিবেচনা করে নিজেদের সামলে নিচ্ছেন। বিপত্তিটি বাধছে কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের মধ্যে। তারা নিজের অবিভাবকের আর্থিক অবস্থা না বুঝেই বন্ধুর অতিরঞ্জিত স্ট্যাটাস কনজামশনে আকৃষ্ট হচ্ছে; চাহিদাতত্ত্ব অনুযায়ী যা তার চাহিদা হওয়ার কথা নয়, যা তার অভাব হওয়ার কথা নয়, সেই চাহিদা পূরণে তার অবিভাবক ব্যর্থ হচ্ছেন এবং সেই অভাবে তারা কাতর হয়ে নানাবিধ নেতিবাচক কাহিনিতে জড়িয়ে যাচ্ছে; হতাশ হয়ে বন্ধুর অতিরঞ্জিত ব্যয়বহুল জীবন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, অথবা তার বিলাসদ্রব্য ছিনিয়ে নিতে বন্ধুকেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। এ ছাড়া পরশ্রিকাতরতায় ভুগে নানান অনৈতিক, অসামাজিক শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। যেমন : সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, বন্ধু বন্ধুকে হত্যা করছে, চুরি-ছিনতাই বৃদ্ধি পাচ্ছে, হতাশায় ভুগে জীবনে এগিয়ে যাওয়ার শক্তি বা মনোবল হারাচ্ছে। আমাদের এই উন্নয়নশীল দেশে সবার জীবনে একসাথে উন্নয়ন হয় না। একটি পরিবার থেকে একজনের উন্নয়ন হয়, একটি বংশ থেকে একজনের উন্নয়ন হয়, একটি গ্রাম থেকে একজনের উন্নয়ন হয়। এই একজন একই সাথে পরিবার, বংশ, গ্রামের জন্য যেমন উন্নয়নের উদাহরণ, গর্বের বস্তু, তেমনি তার অতিরঞ্জিত স্ট্যাটাস কনজামশনের কারণে সে সর্বত্র ঈর্ষার পাত্রেও পরিণত হয়। তার প্রতি নজর পড়ে, অধিক দুষ্টদের দ্বারা ক্ষতিগ্রস্তও হতে পারে। একদল যখন এই উদাহরণকে আদর্শ মেনে এগিয়ে যেতে সাহস পায়, তেমনি অন্য একটি দল পরশ্রীকাতরতায় ভুগে তাকে আক্রমণ করে পিছিয়ে দিতে চায়। এটাই চরম সত্য। স্ট্যাটাস কনজামশন থাকবেই। এটা নতুন কিছু নয়, তবে নিজেদের আর্থিক অবস্থা, নিজের আত্মীয়স্বজন, প্রতিবেশী, আপনজনের আর্থিক অবস্থা বিবেচনা করে তার প্রকাশ হওয়া উচিত। আমার-আপনার স্ট্যাটাস কনজামশন যেন অন্যকে আহত না করে। অন্যের পরশ্রীকাতর স্বভাবকে উস্কে না দেয়। আমাদেরই সচেতন হতে হবে। যার জীবন তার উপার্জিত অর্থে চলছে, আমারটা আমার অর্থে চালাতে হবে। কাজেই অন্যের সোশ্যাল স্ট্যাটাসের সাথে মিল রাখতে গিয়ে যেন অনটনে পড়তে না হয়। এক বেলা ভালো খেয়ে বাকি দুই বেলা চাতক পাখির মতো চেয়ে থাকতে না হয়। এক জীবনে অনেক ভোগ করার সুযোগ থাকলেও সব ভোগ করা যায় না। এক জীবনে যেটুকু নিজে জোগাড় করতে পারব তাই আমার। অন্যেরটা দেখে অভাববোধ হলেই তা অভাব নয়, সেটা পরশ্রীকাতরতা, যা জীবনের সুখ নষ্টের মূল উপকরণ। আসুন আমরা সচেতন হই, আমরা যেমন পরশ্রীকাতরতায় ভুগব না, তেমনি আমাদের অতিরঞ্জিত মর্যাদাভিত্তিক ভোগ-বিলাসিতা দেখিয়ে অন্যের পরশ্রীকাতর স্বভাবকে উস্কে দেব না, আমরা অন্যের রোষের বা ঈর্ষার শিকার হব না।