ইলিশ শুধু স্বাদ ও গন্ধে অতুলনীয় একটি মাছই নয়, এর সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য, রূপসী বাংলার নদী আর আমাদের যাপিত জীবনের আবেগ ও অনুভূতি। একসময় পয়লা বৈশাখের পান্তা-ইলিশ, গায়ে হলুদ, বিয়ে, জামাই ষষ্ঠী, ঈদ, পূজা কিংবা যেকোনো পারিবারিক উৎসব-পার্বণে ইলিশের উপস্থিতি ছিল প্রায় অত্যাবশ্যক। কিন্তু কালের পরিক্রমায় এবং বাজারব্যবস্থার নির্মম বাস্তবতায় সেই ঐতিহ্যবাহী ইলিশ আজ সাধারণ মানুষের কাছে এক অলীক স্বপ্নে পরিণত হয়েছে। ইলিশের আকাশছোঁয়া দাম আর বাজারে দুষ্প্রাপ্যতার কারণে রিকশাচালক, দিনমজুর, নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্ত পরিবারের থালাতেও আজ আর রুপালি ইলিশের দেখা মেলে না।
ওয়ার্ল্ড ফিশের তথ্য এবং জাতীয় মৎস্য সপ্তাহের তথ্যসূত্রে জানা গেছে, বিশ্বে মোট ইলিশের প্রায় ৮৬ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। বাকি ১৪ শতাংশ উৎপন্ন হয় ভারত, মিয়ানমার, পাকিস্তান ও অন্যান্য দেশে। বাংলাদেশে ইলিশ শুধু অর্থনৈতিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবেও স্বীকৃত। ২০১৭ সালের ১৭ আগস্ট পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর ইলিশকে বাংলাদেশের ‘জিআই পণ্য’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
বাংলাদেশের পদ্মা ও মেঘনা নদীর সুস্বাদু ইলিশের কদর বিশ্বজুড়ে। কিন্তু উৎপাদনে শীর্ষস্থানে থাকা সত্ত্বেও দেশের সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মাছ। তাই কবি আক্ষেপ করে বলেছেন-
ইলিশ এখন অনেক দামি
যায় না পাওয়া আর
জাতীয় মাছ আমজনতার
পাতে মেলা ভার।
মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, গত দুই দশকে সরকারের কার্যকর প্রশাসনিক পদক্ষেপের ফলে ইলিশের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। ২০০২-০৩ অর্থবছরে যেখানে উৎপাদন ছিল ১.৯৯ লাখ মেট্রিক টন, তা বেড়ে ২০২১-২২ অর্থবছরে ৫.৭১ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে (সূত্র : দৈনিক প্রথম আলো, ২৪ জুলাই ২০২৩ এবং দৈনিক সমকাল, ২৫ জুলাই ২০২৪)।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, প্রতিবছর বাংলাদেশ থেকে ভারতে প্রধানত বিশেষ অনুমতির অধীনে হাজার হাজার টন ইলিশ রপ্তানি করা হয়। অর্থ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাণিজ্যিকভাবে বা বিশেষ অনুমতির অধীনে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ বছরে গড়ে ৩০০ থেকে ৪০০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে (সূত্র : দৈনিক প্রথম আলো, ২১ সেপ্টেম্বর ২০২৩)।
দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ এবং মোট জিডিপির ১ শতাংশের বেশি আসে একা ইলিশ মাছ থেকেই। উপকূলীয় অঞ্চলের প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ইলিশ আহরণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত (সূত্র : জাতীয় মৎস্য সপ্তাহ সাময়িকী, ২০২৪)।
ইলিশ উৎপাদন ও বাজারে দুষ্প্রাপ্যতার বিষয়ে দৈনিক প্রথম আলো ১৯ জুলাই ২০২৬ এর খবরে জানা যায়, বিশেষজ্ঞ দলের সংগৃহীত অভিমত অনুযায়ী কারেন্ট জালের ব্যবহার নদীদূষণ ও মেঘনা নদীর বিভিন্ন ডুবোচরের কারণে ইলিশ কমে যাচ্ছে। উৎপাদন খাতা-কলমে বাড়লেও সাধারণ হাটে-বাজারে ইলিশের জোগান কম এবং দাম অতিরিক্ত থাকার পেছনে বেশ কিছু পরিবেশগত ও মানবসৃষ্ট কারণ বিদ্যমান।
নদীগুলোয় পলি জমে নাব্যতা কমে যাওয়া এবং শিল্পবর্জ্য ও প্লাস্টিকের দরুণ নদ-নদীর পানি দূষিত হওয়ায় ইলিশের স্বাভাবিক প্রজনন ও বিচরণপথ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত ‘কারেন্ট জাল’, ‘বেহুন্দি জাল’ এবং অন্যান্য সূক্ষ্ম ফাঁসের জালের অবৈধ ব্যবহার থামানো যাচ্ছে না। ফলে ডিম্বাশয়পূর্ণ মা-ইলিশ এবং অকালে জাটকা নিধনের প্রক্রিয়া অব্যাহত থাকছে।
প্রজনন মৌসুমে বৃষ্টিপাতের অসময়িতা, সাগরের নোনা পানির অস্বাভাবিক বৃদ্ধি এবং নদ-নদীর তাপমাত্রার পরিবর্তনের ফলেও প্রজনন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এ ছাড়া ইলিশ আড়তদার, দালাল ও বাজার সিন্ডিকেটের হাত ধরে উপকূলীয় এলাকা থেকে সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত দাম বহুগুণ বেড়ে যায়। অতিরিক্ত পরিবহন খরচ ও অতিরিক্ত মুনাফা লাভের মানসিকতাও এর অন্যতম কারণ।
মা-ইলিশ রক্ষা ও ইলিশের বংশবৃদ্ধিতে বাংলাদেশ সরকারের কিছু উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। যেমন প্রতিবছর মা-ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (আশ্বিন-কার্তিক মাসে ২২ দিন) এবং জাটকা সংরক্ষণে নির্দিষ্ট অভয়াশ্রমগুলোতে (মার্চ-এপ্রিল ২ মাস) সব ধরনের মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ রাখা হয়। এ ছাড়া নিষেধাজ্ঞাকালীন সময়ে নিবন্ধিত জেলে পরিবারগুলোকে খাদ্য সহায়তার অংশ হিসেবে প্রতি মাসে ৪০ কেজি করে ভিজিএফ চাল প্রদান করা হয়, এমনকি দেশের পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া, আন্ধারমানিকসহ প্রধান নদ-নদীগুলোর নির্দিষ্ট এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত করে সার্বক্ষণিক কোস্টগার্ড ও নৌ-পুলিশের টহল জোরদার করা হয়েছে।
রুপালি ইলিশের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনা এবং একে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পৌঁছে দিতে সুদূরপ্রসারী কৌশল গ্রহণ করা জরুরি। যেসব পদক্ষেপের প্রতি গুরুত্ব দেয়া জরুরি, সেগুলো মধ্যে অন্যতম হচ্ছে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে প্রধান নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে হবে এবং নদীদূষণ রোধে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
নিষেধাজ্ঞার সময় জেলেদের যে ভাতা বা চাল দেয়া হয়, তার পরিমাণ বাড়ানো এবং সময়মতো সঠিক ও প্রকৃত জেলেদের কাছে পৌঁছানো নিশ্চিত করা প্রয়োজন, যাতে পেটের দায়ে তারা জাটকা না ধরে। এ ছাড়া বাজারে বা নদীতে কারেন্ট জাল খোঁজার চেয়ে যেখানে এসব অবৈধ জাল তৈরি হয়, সেসব কারখানায় অভিযান চালিয়ে গোড়াতেই উৎস বন্ধ করতে হবে।
ট্রলারঘাট থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত তদারকি বৃদ্ধি করে মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা রোধ করতে হবে; এবং বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় ইলিশ রক্ষায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও বিজ্ঞানভিত্তিক গবেষণা জোরদার করতে হবে।
ইলিশ শুধু আমাদের অর্থনীতি ও পুষ্টির আধার নয়, এটি বাঙালি জাতীয়তাবোধ ও রন্ধনশিল্পের অন্যতম ধারক। বৈদেশিক মুদ্রা অর্জন বা রপ্তানি আয়ের পাশে ইলিশের দাম যদি দেশের সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যায়, তবে জিআই পণ্যের এই গৌরব সাধারণ মানুষের কাছে তার আসল অর্থ হারায়। সঠিক পরিকল্পনা, পরিবেশ রক্ষা, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমেই আমরা পারি এই রাজকীয় রুপালি মাছকে আবার প্রত্যেক বাঙালির খাবারের থালায় ফিরিয়ে আনতে।
আধুনিক মনোবিজ্ঞানে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগিক বুদ্ধিমত্তা ধারণাটি তুলনামূলকভাবে সাম্প্রতিক। ১৯৯০-এর দশকে মনোবিজ্ঞানী পিটার স্যালোভি ও জন মেয়ার এ তত্ত্বের গোড়াপত্তন করেন। পরবর্তী সময়ে ড্যানিয়েল গোলম্যানের গবেষণার মাধ্যমে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গোলম্যানের কাঠামো অনুযায়ী আবেগিক বুদ্ধিমত্তার পাঁচটি মূল স্তম্ভ চিহ্নিত করা হয় : আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ প্রেষণা, সহমর্মিতা ও সামাজিক দক্ষতা। তবে লক্ষণীয় বিষয় হলো, এ ধারণার মূল উপাদানগুলো মানবসভ্যতার ইতিহাসে বহু আগে থেকেই আদর্শ চরিত্র ও কার্যকর নেতৃত্বের অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। কেবল এত দিন তাত্ত্বিক কাঠামোয় নামকরণ হয়নি। মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাচরণে এই গুণাবলির এক সমন্বিত ও ব্যবহারিক রূপ বিদ্যমান, যা সমসাময়িক ব্যবস্থাপনা, নেতৃত্ব ও মনোবিজ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত। সমসাময়িক মনোবিজ্ঞান ও নেতৃত্ববিষয়ক আলোচনায় আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক বুদ্ধিমত্তা, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা, সম্পর্ক ব্যবস্থাপনা ও ইতিবাচক চিন্তা বিশেষ গুরুত্ব বহন করে। তবে এই পরিভাষাগুলো আধুনিক হলেও মহানবি (সা.)-এর জীবনাচরণে এগুলোর বাস্তব ও গভীর প্রয়োগ বহু শতাব্দী আগেই প্রতিফলিত হয়েছিল। আবেগিক বুদ্ধিমত্তার একটি কেন্দ্রীয় দিক হলো তীব্র মানসিক চাপের মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে চিন্তাশীল সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। প্রতিকূল পরিস্থিতিতেও নবি করিম (সা.) তাঁর আবেগ নিয়ন্ত্রণে অসাধারণ দক্ষতা প্রদর্শন করতেন। মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমা ঘোষণার ঘটনা এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। বহু বছরের নিপীড়ন, অবরোধ ও যুদ্ধের ইতিহাস সত্ত্বেও প্রতিহিংসার পরিবর্তে সংহতি ও সহাবস্থানের নীতি গ্রহণ করেছিলেন তিনি। এই সিদ্ধান্ত-প্রক্রিয়ায় আবেগের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়ার একটি কৌশলগত দৃষ্টান্ত পাওয়া যায়, যা নেতৃত্বতত্ত্বের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সাংগঠনিক আচরণবিজ্ঞানে এ ধরনের সিদ্ধান্তকে প্রায়ই ‘ইমোশনাল রেগুলেশন ইন হাই-স্টেকস লিডারশিপ’ বা উচ্চ-ঝুঁকিপূর্ণ নেতৃত্বে আবেগ নিয়ন্ত্রণের দৃষ্টান্ত হিসেবে বিশ্লেষণ করা হয়, যেখানে তাৎক্ষণিক আবেগীয় তাড়নার বদলে দীর্ঘমেয়াদি ফলাফলের কথা বিবেচনা করা হয়। এ ছাড়া ব্যক্তিগত জীবনেও তাঁর আত্মনিয়ন্ত্রণের দৃষ্টান্ত পাওয়া যায়। সন্তান হারানোর শোক, নিকটাত্মীয় বিয়োগ কিংবা অনুসারীদের ভুল-ত্রুটির মুখোমুখি হয়েও তিনি ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া প্রদর্শন করতেন বলে হাদিসের বিভিন্ন বর্ণনায় উল্লেখ পাওয়া যায়। আবেগ প্রকাশে সংযম, অথচ আবেগকে সম্পূর্ণ দমন না করা, এই দ্বৈত ভারসাম্য আধুনিক মনোবিজ্ঞানে ‘ইমোশনাল রেগুলেশন’ এবং ‘ইমোশনাল সাপ্রেশন’-এর মধ্যকার পার্থক্য বোঝার ক্ষেত্রে একটি প্রাসঙ্গিক দৃষ্টান্ত হতে পারে। সামাজিক বুদ্ধিমত্তার একটি মূল উপাদান হলো ভিন্ন সামাজিক অবস্থান ও প্রেক্ষাপটের মানুষের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের দক্ষতা। নবি করিম (সা.) দাস, শিশু, নারী, বয়োজ্যেষ্ঠ ও ভিন্নধর্মাবলম্বী সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে তাদের প্রেক্ষাপট অনুযায়ী সংবেদনশীলভাবে আচরণ করতেন। প্রতিবেশীর অধিকার, অতিথি আপ্যায়ন এবং পারস্পরিক পরামর্শ বা ‘শূরা’র নীতির ওপর তাঁর বিশেষ গুরুত্বারোপ এই সামাজিক সংবেদনশীলতারই প্রতিফলন বলে গবেষকরা মনে করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, তাঁর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরামর্শের ভূমিকা। বদরের যুদ্ধের অবস্থান নির্বাচন থেকে শুরু করে উহুদের যুদ্ধকৌশল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি অনুসারীদের মতামত গ্রহণ করেছিলেন। এমনকি ব্যক্তিগত মত ভিন্ন হলেও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছিলেন। সাংগঠনিক নেতৃত্বতত্ত্বে এ ধরনের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত-প্রক্রিয়াকে ‘পার্টিসিপেটিভ লিডারশিপ’ বলা হয়। যেখানে নেতা তাঁর কর্তৃত্ব বজায় রেখেও অধস্তনদের মতামতকে মূল্য দেন; এবং এর মাধ্যমে সংগঠনের মধ্যে আস্থা ও সংশ্লিষ্টতার অনুভূতি তৈরি করেন। মদিনা সনদ, ইতিহাসে বিশ্বের অন্যতম প্রাচীন লিখিত সংবিধান হিসেবে স্বীকৃত, ছিল এই সামাজিক দক্ষতারই একটি প্রাতিষ্ঠানিক রূপ। বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের একটি কাঠামো তৈরি করে তিনি বহুত্ববাদী সমাজ পরিচালনায় সংলাপ ও সমঝোতার গুরুত্ব তুলে ধরেছিলেন, যা সমকালীন রাষ্ট্রবিজ্ঞান ও সংঘাত-নিরসন তত্ত্বের দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ। এই সনদে বিভিন্ন পক্ষের অধিকার ও দায়িত্ব সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করার মাধ্যমে একটি বহু-সাংস্কৃতিক নগর-রাষ্ট্র পরিচালনার যে কাঠামো তৈরি হয়েছিল, তা আধুনিক ‘কনফ্লিক্ট রেজোলিউশন’ বা সংঘাত-নিরসন তত্ত্বের অনেক মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। সহমর্মিতার আরেকটি দৃষ্টান্ত পাওয়া যায় তাঁর দৈনন্দিন আচরণে। দরিদ্র ও অসহায় মানুষের প্রতি তাঁর মনোযোগ, রোগীর সেবা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কথা শোনার আগ্রহের মধ্যে। এই আচরণ কেবল ব্যক্তিগত সদাচরণের প্রকাশ নয়, বরং একধরনের সক্রিয় শ্রবণ বা ‘অ্যাক্টিভ লিসেনিং’-এর দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হতে পারে, যা আধুনিক যোগাযোগ তত্ত্বে সম্পর্ক নির্মাণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। তায়েফের ঘটনা মহানবি (সা.)-এর আবেগিক নিয়ন্ত্রণ, ক্ষমাশীলতা ও ভবিষ্যৎমুখী ইতিবাচক চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। তায়েফে তিনি প্রত্যাখ্যাত, অপমানিত ও নির্যাতিত হন। শারীরিক নির্যাতন ও অপমানের শিকার হয়েও প্রতিশোধের পরিবর্তে তিনি ধৈর্য ও ক্ষমার পথ বেছে নেন। সহিহ আল-বুখারির বর্ণনা অনুযায়ী, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তাঁকে তাঁর নির্যাতনকারীদের ওপর দুই পাহাড় চাপিয়ে দেয়ার প্রস্তাব দেন। প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তা প্রত্যাখ্যান করেন। আশা করেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে, যারা এক আল্লাহর ইবাদত করবে। এখানে ক্ষমার পাশাপাশি দীর্ঘমেয়াদি সামাজিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এ ঘটনা কেবল ধর্মীয় সহনশীলতার উদাহরণ নয়, বরং তীব্র মানসিক চাপের মুহূর্তে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার একটি বাস্তব নজির, যাকে আধুনিক পরিভাষায় ‘স্ট্রেস রেগুলেশন’ বা মানসিক চাপ নিয়ন্ত্রণ বলা যেতে পারে। এক বেদুঈন মসজিদের ভেতর প্রস্রাব করতে শুরু করলে সাহাবিরা তাঁকে থামাতে উদ্যত হন। কিন্তু মহানবি (সা.) তাঁদের বিরত করেন এবং পরবর্তী সময়ে জায়গাটি পানি দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেন। তিনি ভুলটিকে সমর্থন করেননি; বরং ভুলকারী ব্যক্তির অজ্ঞতা ও সামাজিক অবস্থাকে বিবেচনায় নিয়েছিলেন। মূল শিক্ষা হলো : অজ্ঞতার চিকিৎসা অপমান নয়, শিক্ষা। আধুনিক সমাজে মানুষ প্রায়ই ভুল এবং ভুলকারীকে একইভাবে বিচার করে। একটি ভুলের ভিত্তিতে পুরো ব্যক্তিত্বকে প্রত্যাখ্যান করা হয়। নববি পদ্ধতি ছিল ভিন্ন। ভুল সংশোধন করতে হবে, কিন্তু এমনভাবে, যাতে মানুষের মর্যাদা অক্ষুণ্ন থাকে এবং তার ফিরে আসার পথ বন্ধ না হয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই নীতি প্রয়োগ করা হলে বহু অপ্রয়োজনীয় সংঘাত ও সম্পর্কভাঙন এড়ানো সম্ভব। উহুদের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতেও মহানবি (সা.)-এর নেতৃত্বে আবেগিক ও সামাজিক প্রজ্ঞার উজ্জ্বল উদাহরণ দেখা যায়। কিছু সাহাবির সিদ্ধান্তের কারণে গুরুতর বিপর্যয় ঘটেছিল। মহানবি (সা.) নিজেও আহত হয়েছিলেন। কিন্তু সুরা আলে ইমরান ৩:১৫৯-এ তাঁকে তাঁদের প্রতি কোমল থাকতে, ক্ষমা করতে, তাঁদের জন্য ক্ষমা প্রার্থনা করতে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখতে বলা হয়। এখানে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ নীতি প্রকাশিত হয়েছে। একজন অনুসারী ভুল করলেই তার মর্যাদা ও অংশগ্রহণের অধিকার চিরতরে নষ্ট হয়ে যায় না। বরং কার্যকর নেতৃত্ব মানুষের ভুল সংশোধন করে তাকে পুনরায় দায়িত্বশীল অংশগ্রহণে ফিরিয়ে আনে। মহানবি (সা.)-এর নেতৃত্ব তাই শুধু শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ ছিল না; তা মানুষের পুনর্গঠন, আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং সামাজিক অন্তর্ভুক্তির ওপর প্রতিষ্ঠিত ছিল। তাঁর ব্যক্তিত্বের প্রকৃত গভীরতা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় কাছের মানুষের সাক্ষ্যে। আনাস ইবনে মালিক (রা.) প্রায় দশ বছর মহানবি (সা.)-এর সেবায় ছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, এই দীর্ঘ সময়ে মহানবি (সা.) তাঁকে কোনো কাজ করা বা না করার জন্য অপমানজনক ভঙ্গিতে প্রশ্ন করেননি। এই সাক্ষ্য গুরুত্বপূর্ণ, কারণ জনসমক্ষে ভদ্র থাকা তুলনামূলকভাবে সহজ, কিন্তু যারা নিকটবর্তী, অধীনস্থ বা প্রতিদিনের সম্পর্কের অংশ, তাদের সঙ্গে আচরণই ব্যক্তির প্রকৃত চরিত্র প্রকাশ করে। আয়েশা (রা.)-এর বর্ণনাতেও পাওয়া যায় যে মহানবি (সা.) ব্যক্তিগত কারণে প্রতিশোধ নিতেন না এবং কোনো নারী বা খাদেমকে হাতে আঘাত করেননি। ক্ষমতা থাকা সত্ত্বেও কোমলতা বজায় রাখা তাঁর নৈতিক ও আবেগিক পরিপক্বতার একটি উল্লেখযোগ্য দিক। শিশুদের প্রতি তাঁর আচরণ সামাজিক সংবেদনশীলতার আরেকটি মানবিক উদাহরণ। আনাস (রা.)-এর ছোট ভাই আবু উমাইরের একটি পাখি ছিল এবং মহানবি (সা.) তাঁর সঙ্গে হাসিমুখে কথা বলতেন ও পাখিটির খবর নিতেন। রাষ্ট্রীয়, সামাজিক, ধর্মীয় ও বিচারিক অসংখ্য দায়িত্বের মধ্যেও একটি শিশুর ক্ষুদ্র আনন্দ ও দুঃখ তাঁর কাছে গুরুত্ব হারায়নি। মহানবি (সা.)-এর সামাজিক বুদ্ধিমত্তা ধর্মীয় ভিন্নতার ক্ষেত্রেও মানবিক মর্যাদার প্রতি গভীর সম্মান প্রকাশ করে। একজন ইহুদি ব্যক্তির জানাজা অতিক্রম করার সময় তিনি উঠে দাঁড়ান। তাঁকে জানানো হলো যে মৃত ব্যক্তি ইহুদি। তিনি প্রশ্ন করেন, “সে কি একটি প্রাণ নয়?” এই সংক্ষিপ্ত ঘটনায় একটি সর্বজনীন মানবিক নীতি নিহিত রয়েছে। ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক মতপার্থক্য মানুষের মৌলিক মর্যাদা অস্বীকারের কারণ হতে পারে না। বর্তমান বিভক্ত বিশ্বে এই শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক মেরুকরণ প্রায়ই মানুষকে এমন অবস্থায় নিয়ে যায়, যেখানে নিজের দলের মানুষের কষ্টকে গুরুত্ব দেয়া হয়, কিন্তু ভিন্ন পরিচয়ের মানুষের কষ্টকে উপেক্ষা করা হয়। এ কারণেই মানুষ মহানবি (সা.)-এর পাশে নিজেদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ মনে করত। ভুল করলে সংশোধনের সুযোগ থাকবে, কষ্ট পেলে তিনি শুনবেন, দুর্বল হলে অপমান করবেন না, শিশু হলে অবহেলা করবেন না, অধীনস্থ হলে মর্যাদা কমবে না এবং ভিন্ন বিশ্বাসের হলেও মানবিক অস্তিত্ব অস্বীকার করা হবে না। এই নিরাপত্তাবোধ তাঁর নেতৃত্বের একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল। কোরআনের ভাষায়, তিনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন, মানুষ তাঁর চারপাশ থেকে সরে যেত। ফলে নববি নেতৃত্বের অন্যতম শিক্ষা হলো : মানুষ শুধু শক্তিশালী নেতার অনুসারী হয় না, তারা সেই নেতার প্রতি আস্থাশীল হয়, যার কাছে তাদের মর্যাদা নিরাপদ। কোরআন মহানবি (সা.)-এর এই মানবিক ও আবেগিক চরিত্রকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরে। সুরা আত-তাওবা ৯:১২৮-এ বলা হয়েছে যে, মানুষের কষ্ট তাঁর কাছে অত্যন্ত কষ্টকর ছিল, তিনি মানুষের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু ছিলেন। এ বর্ণনা থেকে স্পষ্ট হয় যে, তাঁর সহমর্মিতা ছিল শুধু নৈতিক বক্তব্য নয়; বরং তা তাঁর নেতৃত্ব ও সামাজিক সম্পর্কের মৌলিক ভিত্তি ছিল। অন্যের দুর্দশা, ব্যথা ও দুর্বলতার প্রতি সংবেদনশীলতা তাঁর ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল। মহানবি (সা.)-এর আবেগিক বুদ্ধিমত্তার আরেকটি কেন্দ্রীয় দিক ছিল আত্মসংযম। তিনি শক্তির প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন। সহিহ আল-বুখারির হাদিসে তিনি বলেন, প্রকৃত শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং সে, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই বক্তব্য মানবিক আত্মনিয়ন্ত্রণের গভীর তাৎপর্য প্রকাশ করে। নববী দৃষ্টিভঙ্গিতে প্রকৃত শক্তি হলো আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। মক্কিজীবনের প্রথম পর্যায়ে অর্থনৈতিক বয়কট, সামাজিক বিচ্ছিন্নতা ও ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মুখেও নবুয়তি দায়িত্ব পালনে অবিচল থাকা এবং অনুসারীদের মধ্যে আশাবাদ সঞ্চার করার প্রবণতা আধুনিক মনোবিজ্ঞানের ‘রেজিলিয়েন্স’ বা প্রতিরোধ-সক্ষমতা ধারণার সঙ্গে তুলনীয়। বদর ও উহুদের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায়ও তিনি হতাশার পরিবর্তে ভবিষ্যৎমুখী পুনর্গঠনের নীতি অনুসরণ করেছিলেন বলে ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়। হিজরতের সময়কার একটি বহুল-উদ্ধৃত ঘটনাও এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। সাওর গুহায় আশ্রয় নেয়ার সময় শত্রুপক্ষের নিকটবর্তী উপস্থিতি সত্ত্বেও তিনি তাঁর সহচরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। এ ঘটনা চরম অনিশ্চয়তার মুহূর্তেও স্থিতধী মনোভাব বজায় রাখার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ইতিবাচক মনোবিজ্ঞানের ভাষায় একে ‘কগনিটিভ রিফ্রেমিং’ বলা যেতে পারে। অর্থাৎ একই পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা। লক্ষণীয় বিষয় হলো, এই ইতিবাচক মনোভাব কোনো নিষ্ক্রিয় আশাবাদ নয়, বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা ও প্রস্তুতির সঙ্গে যুক্ত ছিল। শত্রুরা তাঁদের খুঁজছিল এবং পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আবু বকর (রা.) উদ্বিগ্ন হলে মহানবি (সা.) বলেন, “চিন্তিত হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” ( সুরা আত-তাওবা ৯:৪০) এখানে তিনি বাস্তব বিপদকে অস্বীকার করেননি, বরং বিপদের মাঝেও আল্লাহর সাহায্যের প্রতি আস্থা বজায় রেখেছেন। এই দৃষ্টিভঙ্গি শেখায় যে জীবনের কোনো একটি সংকটকে সমগ্র ভবিষ্যতের চূড়ান্ত রায় হিসেবে গ্রহণ করা উচিত নয়। খন্দকের যুদ্ধে পরিখা খননের কৌশল গ্রহণ কিংবা মদিনায় অভিবাসনের পর অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো পুনর্গঠনের উদ্যোগ। এসব দৃষ্টান্ত থেকে বোঝা যায়, তাঁর আশাবাদ বাস্তবতাবিবর্জিত ছিল না, বরং কার্যকর পরিকল্পনার সঙ্গে সংযুক্ত ছিল। এই সমন্বয়কে আধুনিক ব্যবস্থাপনা-তত্ত্বে ‘রিয়েলিস্টিক অপটিমিজম’ বা বাস্তবতাভিত্তিক আশাবাদ বলা হয়, যেখানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাস্তবতা-বিচ্ছিন্ন না হয়ে কার্যকর পদক্ষেপের ভিত্তি হিসেবে কাজ করে। এই আবেগিক ও সামাজিক প্রজ্ঞার সঙ্গে মহানবি (সা.)-এর ইতিবাচক চিন্তা গভীরভাবে সম্পর্কিত। তাঁর জীবন পিতৃহীনতা, মাতৃহীনতা, প্রিয়জন হারানো, সামাজিক বর্জন, উপহাস, নির্যাতন, যুদ্ধ ও বিরোধিতায় পরিপূর্ণ ছিল। তা সত্ত্বেও তিনি তিক্ত, প্রতিহিংসাপরায়ণ বা হতাশ হয়ে যাননি। মানুষের পরিবর্তনের সম্ভাবনায় বিশ্বাস রেখেছেন। চাকরি হারানো, পরীক্ষায় ব্যর্থতা বা আর্থিক সংকট এসব জীবনের কঠিন অধ্যায় হতে পারে। কিন্তু পুরো জীবন নয়। মহানবি (সা.) আশাব্যঞ্জক কথাও পছন্দ করতেন। সহিহ হাদিসে তাঁর ভালো, সুন্দর ও আশাজাগানিয়া কথা পছন্দ করার কথা এসেছে। এর তাৎপর্য হলো, ভাষা মানুষের মনোবল ও আচরণে প্রভাব ফেলে। ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ এবং ‘ভুল হয়েছে, কিন্তু চেষ্টা করলে উন্নতি সম্ভব’ এ দুই ধরনের বক্তব্য একই বাস্তবতার প্রতি সম্পূর্ণ ভিন্ন মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। নববি ইতিবাচকতা এমন ভাষার ব্যবহার করে, যা মানুষের অন্তর্নিহিত শক্তি ও পরিবর্তনের সম্ভাবনাকে অক্ষুণ্ন রাখে। একই সঙ্গে এই ইতিবাচকতা কোনো কৃত্রিম আবেগ-দমন ছিল না। মহানবি (সা.) কেঁদেছেন। শোক প্রকাশ করেছেন। মানুষের আচরণে কষ্ট পেয়েছেন এবং উম্মতের জন্য উদ্বিগ্ন হয়েছেন। ফলে দুঃখ অনুভব করা বা কান্না করা ইমানের দুর্বলতার প্রমাণ নয়। একজন মানুষ একই সঙ্গে কষ্ট অনুভব করতে পারে এবং আল্লাহর ওপর আস্থাও রাখতে পারে। সামগ্রিকভাবে মহানবি (সা.)-এর আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক প্রজ্ঞা এবং ইতিবাচক চিন্তা একটি সমন্বিত মানবিক দর্শন নির্মাণ করে। এ দৃষ্টিভঙ্গির সারকথা হলো : মানুষের হৃদয় জয় করতে তাকে পরাজিত করার প্রয়োজন নেই। তাকে বোঝা প্রয়োজন। মানুষের ভুলের মধ্যেও সম্ভাবনা দেখতে হবে। কষ্টের মধ্যেও আশা রাখতে হবে। ভয়ের মধ্যেও দায়িত্ব পালন করতে হবে। অশ্রুর মধ্যেও পথচলা অব্যাহত রাখতে হবে। এই শিক্ষা শেষ পর্যন্ত কোরআনের সেই গভীর ঘোষণার সঙ্গে সংযুক্ত হয় : মহানবি (সা.) বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর শক্তির গভীরে ছিল দয়া। তাঁর নেতৃত্বের কেন্দ্রে ছিল মানুষের হৃদয়। তাঁর ইতিবাচকতার কেন্দ্রে ছিল আল্লাহর ওপর আস্থা। আধুনিক সমাজে যেখানে তথ্যের প্রাচুর্য থাকলেও সহমর্মিতার ঘাটতি রয়েছে, সেখানে তাঁর জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত প্রজ্ঞা হলো ক্ষমতার মধ্যেও কোমল থাকা। কষ্টের মধ্যেও ন্যায়বান থাকা। ক্রোধের মধ্যেও আত্মসংযমী থাকা। মানুষের ভুলের মধ্যেও তার সম্ভাব্য ভবিষ্যৎকে দেখতে শেখা। বর্তমান কর্মক্ষেত্র ও সমাজে নেতৃত্বের সংকট, মানসিক চাপ ও আন্তঃব্যক্তিক সম্পর্কের জটিলতা ক্রমবর্ধমান একটি আলোচ্য বিষয়। বিশ্বজুড়ে ব্যবস্থাপনা-শিক্ষায় ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ ও ‘রেজিলিয়েন্স’ এখন প্রশিক্ষণ কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এবং বহু প্রতিষ্ঠান নেতৃত্ব-উন্নয়নের ক্ষেত্রে এই দক্ষতাগুলোকে প্রযুক্তিগত দক্ষতার সমান বা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে। বাংলাদেশসহ মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সমাজে শিক্ষাপ্রতিষ্ঠান, পারিবারিক পরিমণ্ডল ও কর্মক্ষেত্রে নৈতিক নেতৃত্বের আদর্শ অনুসন্ধানের ক্ষেত্রে এ ধরনের ঐতিহাসিক-বিশ্লেষণাত্মক পাঠ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বয়সটা নিতান্তই বাল্যকাল। শখের প্রিয় টেপা পুতুলঘোড়ার খেলনাগুলো এক পাশে রেখে যখন থার্মোমিটার, রক্তচাপ মান যন্ত্রাংশের স্পর্শতা পেয়েছিল, ঢের বুঝেছিলাম একদিন সু-বিশালতার আদর্শ সেবিকা হব। হঠাৎ অগোচরে বাবার শরীর কাঁপুনিতে জ্বরের আগমনী বার্তা। মনের উদ্দীপ্ত একাগ্রতা চিত্তের আকুলতায় সেবিকা আদর্শে স্পর্শ ছোঁয়ায় অনবদ্য মাধুর্যতা। স্নিগ্ধতায় মস্তকে হাত বুলিয়ে বাবার পরশমণির মৃদু হাসির আড়ালে এক উচ্চারিত প্রতিধ্বনি, “অনেক বড় হও মা। সৃষ্টিকর্তার প্রার্থনার আলোয় আলোকিত করো প্রতিটি জীবের শুদ্ধতার পবিত্র অন্তর।” এই উচ্চারিত প্রতিধ্বনি কেবল এক নিচ্ছুক শব্দ নয়, জীবনবৃত্তান্তে বেড়ে ওঠা স্বপ্ন পূরণের বহিঃপ্রকাশ। বাংলার সবুজ দিগন্তে প্রকৃতির নিবিড়য়তায় স্বপ্নগুলো আমার একান্তই সঙ্গী। সন্ধ্যা আঁধারে ঝিঁঝি পোকার আলোই বয়ে চলা নিঃসঙ্গতা নদীপথ। নিদ্রা যাপনে কল্পনার জগৎ ভাবে ভাবান্তর অতুলনীয় স্বপ্ননীল সুন্দর। কালবেলার দ্বিখণ্ডিত পর্বে শতাব্দীর অবসান। কত শত জীবন্ত মরুভূমি প্রান্তরে অলীক চিন্তার মোড়কে স্বপ্ন পূরণের অঙ্গীকার। স্বপ্নসিঁড়ির যাত্রাপথে শহরতলির অভিশপ্ত নগরী আমার আবাসস্থল। ইট-পাথরের শহর গলিপথে অসহায়ত্বের শান্তিনিকেতনে আমার দিবালয় মিশনারি হাসপাতাল। সমুদ্রের কিনারে সূর্যাস্তে ঢলে পড়া ক্লান্ত সন্ধ্যায় মুঠোফোনের ওপাশ থেকে এক শুভেচ্ছা বার্তা। এই তো এখানে জায়গা আছে। হৃদয়ের সুপ্ত গভীরতায় যে স্বপ্ন বুনেছিলাম, তার প্রতিটি অপেক্ষা পূরণের ব্যাকুলতায় সীমাহীন আনন্দ অভিমান। পাখিডাকা ভোরের উষ্ণ শীতলতায় ওয়ান জিরো ফোর অপারেশন থিয়েটার। হাসপাতালের প্রতিটি ইট, ধূলিকণা যেন এক নির্বাক বাঁচার আকুতি। কিছু মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম বিষাদ সিন্ধুর একাকিত্বে। হঠাৎ দরজায় কড়া নেড়ে রুক্ষ মূর্তি হয়ে দাঁড়িয়ে এক জীবন্ত সেবিকা। বিষণ্ন বাতাসে মৃদু হেসে বলিয়া উঠিল, “তোমার ডিউটি ওয়ান জিরো ফোর অপারেশন থিয়েটার রুম।” বেস্ট রঙের যুগলবন্দী পোশাকের ঘ্রাণের মাধুর্যতা আমার শরীরের প্রতিটি শিরা-উপশিরায় বহমান। মুহূর্তেই এক দুঃখবিলাসী জীবনের কাতরতায় অভাগীর অনুপ্রবেশ। বাঁচার আকুতি এবং সেবা গ্রহণের প্রতীক্ষায়। আগ্রহ বাড়িয়ে হৃদয়স্পর্শী সেবা দানে সমাপ্ত হইল তাহার নিকট আমার প্রথম সেবার আত্মনিবেদন।
শুরুটা ছিল কোটা নিয়ে প্রশ্ন কিন্তু জবাব চাইলেই কেন ওঠে রোষ? ছাত্রজনতা জবাব খুঁজতে যায় দেশ ছাড়িয়ে বিদেশে সত্যের দীপ্তি ছড়ায়। কোটা নয় শুধু, ছিল অধিকার ছিল বঞ্চিতের কান্না, ইতিহাসের ভার। চোখে আগুন, মুখে প্রতিবাদ ২৪-এ জেগে ওঠে নতুন প্রজন্মের সাধ। চারপাশে পুলিশ, হাতে গ্যাস আর গুলি তাদের ভাষা যেন আতঙ্ক আর বুলি। গায়ে লাগে ধোঁয়া, বুকে বাজে ব্যথা তবুও পিছু হটে না ছাত্রের মাথা। এক বন্ধু গেল পড়ে, আরেকজন ধরে স্লোগান রক্তমাখা পায়ে লেখা হলো মুক্তির গান। আমরা হারিনি, মরিনি ভয়েতে দাঁড়িয়েছি বুক পেতে দুঃসহ সহ্যশক্তির প্রহর গেঁথে।
পৃথিবীতে এমন একটি দিন কল্পনা করা যাক, যেদিন কোনো মানুষ মিথ্যা বলতে পারবে না। ইচ্ছা থাকলেও সত্যকে আড়াল করার সুযোগ থাকবে না। মুখে যা আসবে, তা আড়াল করার আগেই প্রকাশ পাবে। সম্পর্ক, রাজনীতি, ব্যবসা, বন্ধুত্ব কিংবা পারিবারিক জীবনের বহু অপ্রকাশিত কথা সেদিন হঠাৎ প্রকাশ্যে চলে আসবে। মিথ্যাগুলোর সত্যরূপ বের হয়ে যাবে। পৃথিবীটা ওই দিন চরম অস্বস্তিকর হয়ে উঠবে, কিন্তু একই সঙ্গে মানুষ নিজের এবং অন্যের বাস্তবতাকে নতুন করে দেখতে শিখবে। বাস্তব বিষয়টা জানবে। মানুষের জীবনে মিথ্যার উপস্থিতি খুব স্বাভাবিক। মিথ্যাটাকে মাধ্যমস্বরূপ ব্যবহার করা হয় নিজেকে বাঁচাতে, অন্যকে কষ্ট না দিতে, কখনো নিজের দুর্বলতা লুকাতে। আবার কখনো মিথ্যা হয়ে ওঠে স্বার্থরক্ষার অস্ত্র। প্রকৃতির সাথে থেকেই মানুষ শিখে যায় কোন সত্য বলা যায়, কোন সত্য গোপন রাখতে হয় এবং কখন একটি মিথ্যা পরিস্থিতিকে সহজ করে দিতে পারে। কিন্তু যদি সেই সুযোগটি এক দিনের জন্যও না থাকে? সকালের শুরুতেই পৃথিবী বদলে যেতে পারে। কর্মক্ষেত্রে বহু প্রশংসা হঠাৎ অর্থহীন হয়ে যাবে। যোগ্যতার চেয়ে পরিচিতি বা সুবিধা পাওয়ার যে অদৃশ্য পথগুলো রয়েছে, সেগুলো প্রকাশ্যে চলে আসবে। কেউ নিজের ভুল স্বীকার করতে বাধ্য হবে, কেউ অন্যের প্রাপ্য কৃতিত্ব নেয়ার বিষয়টি প্রকাশ করবে। অনেক প্রতিষ্ঠানের সুন্দর মুখোশের আড়ালে থাকা অসংগতি মানুষের সামনে চলে আসতে পারে। সত্যের পর্দায় আড়াল করা দুর্নীতি, অবিচার সব উন্মোচিত হয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়বে। ভালো ফলাফলের পেছনে পরিশ্রমের পাশাপাশি যে চাপ, ভয়, তুলনা ও প্রত্যাশা কাজ করে, সেগুলো প্রকাশ পাবে। শিক্ষার্থীরা হয়তো প্রথমবার স্বীকার করবে যে সব সময় ভালো থাকার অভিনয় তাদের কতটা ক্লান্ত করে। অভিভাবকেরাও বুঝতে পারবেন, সন্তানের ভালো ফলাফল নিয়ে তাঁদের প্রত্যাশা কখনো কখনো সন্তানের নিজের স্বপ্নকে চাপা দিয়ে দেয়। বন্ধুত্বের জায়গাটি সেদিন মোটেও সহজ থাকবে না। বহু বন্ধুত্ব টিকে থাকে কিছু না বলা কথা, ছোটখাটো অভিমান কিংবা গোপন ঈর্ষার ওপর। সত্য প্রকাশের দিনে সেই আবেগগুলো আর লুকিয়ে রাখা সম্ভব হবে না। কিছু বন্ধুত্ব ভেঙে চুরমার হয়ে যাবে, আবার কিছু বন্ধুত্ব আরও শক্ত হতে পারে। কারণ, সত্য কখনো কখনো সম্পর্ক শেষ করে, আবার কখনো সম্পর্ককে মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকার হাত থেকে বাঁচায়। পরিবারের ক্ষেত্রেও দিনটি হতে পারে সবচেয়ে কঠিন। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি ভালোবাসার পাশাপাশি যে অভিমান, প্রত্যাশা, ভয় ও না-পাওয়া জমিয়ে রাখে, সেগুলো সামনে আসবে। হয়তো কেউ প্রথমবার বুঝতে পারবে, তার কাছের মানুষটি দীর্ঘদিন ধরে নিজের কষ্ট লুকিয়ে রেখেছে। আবার কেউ উপলব্ধি করবে, ভালোবাসার নাম করে সে অন্যের ওপর কতটা চাপ, কতটা অভিনয় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের জগতেও ব্যতিক্রম হবে না। সেদিন সাজানো জীবন দেখানোর সুযোগ থাকবে না। সাফল্যের ছবির পাশাপাশি ব্যর্থতার গল্পও প্রকাশ পাবে। আনন্দের পোস্টের আড়ালে থাকা একাকিত্ব, আত্মবিশ্বাসের আড়ালে থাকা ভয় কিংবা নিখুঁত জীবনের ছবির পেছনের বাস্তবতা সামনে চলে আসবে। মানুষ বুঝতে পারবে, পর্দায় দেখা জীবন আর বাস্তব জীবন এক নয়। তবে সত্যের সেই দিনটি শুধু অস্বস্তিকর হবে না; শিক্ষণীয়ও হবে। মানুষ বুঝতে পারবে, সত্য সব সময় সুন্দর নয়। সত্য শুনলে কষ্ট হয়, কিছু সত্য সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়। কিন্তু মিথ্যার ওপর তৈরি শান্তি অনেক সময় সাময়িক। সত্যের মুখোমুখি হওয়ার পর যে সম্পর্ক টিকে যায়, সেটি আগের চেয়ে বেশি বাস্তব। দিন শেষে পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। মানুষ আবার প্রয়োজনমতো কিছু কথা লুকাবে, কিছু কথা সাজিয়ে বলবে, কিছু সত্য নিজের ভেতরে রেখে দেবে। কিন্তু সেই এক দিনের অভিজ্ঞতা মানুষের মনে থেকে যাবে। হয়তো সবাই প্রতিদিন পুরোপুরি সত্য বলতে পারবে না। কিন্তু অন্তত নিজের কাছে সত্যি থাকার অভ্যাস তৈরি হতে পারে। কারণ, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী অনেক সময় অন্য কেউ নয় নিজের কাছেই নিজের বলা মিথ্যাগুলো এক দিনের সত্য পৃথিবীকে বদলে দেবে কি না, তা নিশ্চিত নয়। কিন্তু মানুষকে নিজের মুখোশের দিকে তাকাতে বাধ্য করবে এটুকু নিশ্চিত। আর হয়তো সেই এক দিনের সবচেয়ে বড় শিক্ষা হবে, সত্য সম্পর্ক ভাঙার থেকে মিথ্যার তৈরি দেয়াল সরিয়ে সম্পর্ককে সত্যিকারের করে তোলা।
ছোটবেলার অবুঝ হাত ছুঁতে যেত দিন ও রাত— আগুন, জল কিংবা ফুল ছিল না হিসেব, কোনটা ভুল। না বুঝেই কেউ অবহেলায় কাছে টেনে নেয় ভালোবাসায়। মোহের পর্দা যখন ওড়ে বাস্তবতা ধাক্কা মারে। চোখের সামনে স্পষ্ট হয় কার কী গুণ, কার কী ক্ষয়। ভুলগুলো সব চেনা যায় কিন্তু ফেরার সময় নাই। জীবন বুঝতে বুঝতেই শেষ উবে যায় সব রঙিন রেশ। হাতে থাকে শুধু ধূসর ছাই পেছনে ফেরার উপায় নাই।
সেপ্টেম্বরের ১০ তারিখ ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’। প্রতিবছর বিশ্বজুড়ে এই দিনে আত্মহত্যার মতো বেদনাদায়ক পথ থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য সংগঠনগুলো সচেতনতা সৃষ্টির কাজ করে। চলতি বছর দিবসটির মূল প্রতিপাদ্য—‘একত্রে আমরা আত্মহত্যা প্রতিরোধ করতে পারি’ (আমরা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধ করতে পারি)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর বিশ্বে প্রায় সাত লাখের বেশি মানুষ আত্মহত্যায় প্রাণ হারান। অর্থাৎ প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ নিজেদের জীবনপ্রদীপ নিভিয়ে দেন। পরিসংখ্যানে দেখা যায়, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ আত্মহত্যা। এটি কোনো নির্দিষ্ট দেশ বা আর্থিক শ্রেণির সমস্যা নয়; উন্নত কিংবা উন্নয়নশীল—সব সমাজেই এই নীরব ব্যাধি চেপে বসেছে। বাংলাদেশের প্রেক্ষাপটেও ছবিটা স্বস্তিদায়ক নয়। তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের মানসিক চাপ, বিষণ্ণতা, সামাজিক বিচ্ছিন্নতা এবং সম্পর্কের টানাপোড়েনের কারণে সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। মনোবিজ্ঞানীদের মতে, কেউ হঠাৎ করে আত্মহত্যা করেন না। সিদ্ধান্ত নেয়ার আগে তিনি কোনো না কোনোভাবে তাঁর অসহায়ত্ব ও মানসিক কষ্টের ইঙ্গিত দেন। অথচ আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি ও কুসংস্কারের কারণে মানসিক সমস্যাকে এখনো ‘পাগলামি’ বলে ছোট করা হয়। ফলে আক্রান্ত ব্যক্তি নিজের কষ্টের কথা কারও সঙ্গে শেয়ার করার সাহস পান না। বিষণ্ণতা কিংবা মানসিক উদ্বেগকে চিকিৎসাযোগ্য রোগ হিসেবে মেনে না নেয়াটাই এ সংকটকে আরও ঘনীভূত করছে। আত্মহত্যা রোধে কেবল আনুষ্ঠানিক চিকিৎসাসেবা যথেষ্ট নয়; দরকার পারিবারিক ও সামাজিক কাঠামোর ইতিবাচক পরিবর্তন। পরিবারের সদস্যদের মধ্যে কার্যকর যোগাযোগ বাড়ানো, তরুণদের মানসিক চাহিদাকে গুরুত্ব দেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসিক স্বাস্থ্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা এখন সময়ের দাবি। আসুন, অবহেলা বন্ধ করি, পরিচিত কারোর ব্যবহারে অস্বাভাবিক হতাশা বা পরিবর্তনের ইঙ্গিত দেখলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনার একটি সহানুভূতিশীল কান ও সহমর্মিতার হাত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য প্রাণ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় বলেছিলেন, ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’। অথচ দেশের জনগোষ্ঠীর অর্ধেক হিসেবে নারীরা আজ সর্বত্রই বঞ্চনার শিকার। নারীকে তার প্রাপ্য সম্মান দিতে এখনো অনেকে নারাজ। সমাজে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারীর ক্ষমতায়নের পথে অন্তরায়গুলো বস্তুত রাজনৈতিক, আর্থসামাজিক, সাংস্কৃতিক ও মানবিক ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠায় সর্বত্র তার মতামত ও ইচ্ছার প্রতিফলনই হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারী মর্যাদাহীন, উপেক্ষিত, প্রান্তিক, বিত্তহীন, ক্ষমতাহীন ও অধস্তন। আমাদের দেশে নারীদের এসব সমস্যা বহুদিন ধরে বিরাজমান। নারীদের এসব দুরবস্থার প্রতিকার করার জন্য বহুমুখী কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারীদের উন্নয়নের জন্য ক্ষমতায়ন পদ্ধতিতে নারীর সম্পদ অর্জন এবং সম্পদের ওপর মালিকানা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মতো পুরুষশাসিত সমাজব্যবস্থায় এ ক্ষমতায়নের ক্ষেত্রে অনেক বাধা বা অন্তরায় রয়েছে। প্রথমত, বাংলাদেশের সমাজব্যবস্থা পুরুষতান্ত্রিক। পুরুষতান্ত্রিক মূল্যবোধ সব স্থানে নারীকে অধস্তন ও পুরুষকে প্রাধান্য বিস্তারকারী হিসেবে দেখতে চায়। দ্বিতীয়ত, নারীশিক্ষার অভাব রয়েছে। মানবজীবনের উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড। অনেক জায়গায় দেখা যায়, মেয়েশিশুরা শিক্ষার সুযোগ-সুবিধা থেকে এখনো বঞ্চিত। অথচ বর্তমান যুগ আধুনিকতার যুগ। ফলাফলস্বরূপ, তারা পারিবারিক ও সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই নারীরা ক্ষমতাহীন থেকে যায়। তৃতীয়ত, লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন বিদ্যমান। বর্তমান বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। অথচ বাংলাদেশের অধিকাংশ লোক এখনো অশিক্ষিত। এখানে পুরুষতন্ত্রের প্রাধান্য বেশি থাকায় নারী ও পুরুষের কর্মকে বিভাজিত করেছে। ফলে নারীরা স্বাধীনভাবে যেকোনো কর্মক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে না। নারীদের এই অর্থনৈতিক ক্ষমতাহীনতাই রাজনৈতিক ক্ষমতাহীনতার মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়। চতুর্থত, বাংলাদেশের উত্তরাধিকার নীতি। আমাদের মুসলিম ধর্মে নারীরা পিতার সম্পত্তিতে ভাইয়ের অর্ধেক অংশ পাওয়ার অধিকার রয়েছে। অনেক ক্ষেত্রে সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির কারণে তা থেকেও নারীদের প্রতিনিয়ত বঞ্চিত করা হয়। পঞ্চমত, এ দেশের দারিদ্র্য ও বেকারত্ব। বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এ দেশের ৭৮ শতাংশ জনগোষ্ঠী এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আমাদের দেশে অনেক বেশি বেকারত্বের হার বিদ্যমান রয়েছে। এই দারিদ্র্য ও বেকারত্বের হার নারী সমাজের মধ্যে সবচেয়ে বেশি, যা নারী সমাজের ক্ষমতায়নের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। ফলাফলস্বরূপ, নারীরা অন্যের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না এবং পুরুষের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ষষ্ঠত, রাজনীতিতে নারীদের সীমিত অংশগ্রহণ। আমাদের দেশে অনেক সময় রাজনৈতিক দলের প্রধান নারী হলেও রাজনীতিতে নারীদের অংশগ্রহণ খুবই অপ্রতুল। সপ্তমত, ধর্মীয় বাধাও বিদ্যমান । আমাদের দেশে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে পর্দাপ্রথা, ধর্মীয় অপব্যাখ্যা, মৌলবাদ, ফতোয়াবাজি ও বিধিবিধান। অষ্টমত, মনস্তাত্ত্বিক। নারীর ক্ষমতায়নের বিভিন্ন মানসিক বাধা রয়েছে। বিশেষত, নারীদের দৈহিক শক্তিতে দুর্বল মনে করা হয়। নারীর নিজের দুর্বলতা ও অধস্তনতা সম্পর্কে ভ্রান্ত ধারণা। নারীই নারীর প্রতিপক্ষ হিসেবে কাজ করা এবং রাজনৈতিক অংশগ্রহণে ব্যর্থতা। এখন প্রশ্ন হচ্ছে নারীর ক্ষমতায়নের জন্য করণীয় কী? নারীদের ক্ষমতায়নের জন্য বাস্তব ও বহুমুখী টেকসই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নারী সমাজের মুক্তি এবং এ দেশের সার্বিক কল্যাণের লক্ষ্যে নারীর ক্ষমতায়ন অত্যন্ত প্রয়োজন। কিন্তু কাজটি সহজসাধ্য নয়, বরং সময়সাপেক্ষ ব্যাপার। প্রথমত, পুরুষতন্ত্রের উচ্ছেদ সাধন করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে পুরুষতন্ত্র থেকে নারীকে বের করে নিয়ে আসতে হবে। কেননা পুরুষতন্ত্র নারীকে ক্ষমতাহীন এবং ক্ষমতায়নের পথে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুরুষতন্ত্রের উচ্ছেদ সাধনে নারীবাদী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। দ্বিতীয়ত, সচেতনতা বৃদ্ধি করতে হবে। অথচ অধিকার সচেতন মানুষ রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক সব ক্ষেত্রেই ক্ষমতা চর্চা করতে পারে। তাই নারীকে অধিকার সচেতন হতে হবে। নারীর সচেতনতা তৈরিতে শিক্ষা ও গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তৃতীয়ত, আধুনিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। সচেতন নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তাই নারীকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নারীশিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। চতুর্থত, বাস্তবসম্মত কর্মসংস্থানের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে, যার ফলে স্বনির্ভর ব্যক্তি সহজেই ক্ষমতার অনুশীলন করতে পারে। তাই নারীর জন্য অর্থ উপার্জনশীল কর্মসংস্থান গড়ে তুলতে হবে বা সুযোগ তৈরি করতে হবে। তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য সময়োপযোগী প্রশিক্ষণ প্রদান করাও অত্যন্ত জরুরি। পঞ্চমত, নারীদের সম্পদের ওপর মালিকানা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য সম্পদের ওপর অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। পরিবারের স্থাবর সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে উত্তরাধিকার নীতির পরিবর্তন করা যেতে পারে। ষষ্ঠত, ধর্মীয় অপব্যাখ্যা রোধ করতে হবে। প্রতিটি ধর্মই শান্তিকামী কিন্তু আমাদের দেশে বহু নারী কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির ফতোয়াবাজির প্রতিনিয়ত শিকার হচ্ছে। তাই ধর্মের অপব্যাখ্যা ও ফতোয়াবাজিকে কঠোরভাবে প্রতিহত করা অত্যন্ত জরুরি। সপ্তমত, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অতি জরুরি। রাজনৈতিক দল, মন্ত্রিপরিষদ, সংসদ, আমলাতন্ত্র ও স্থানীয় সংস্থায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। অষ্টমত, গণমাধ্যমের প্রসার ঘটাতে হবে। গণমাধ্যমগুলোর ইতিবাচক কার্যক্রম ও প্রসার নারীর ক্ষমতায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের সংযোগ নারীর কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। ফলে তারা খুব সহজেই টেলিভিশন-রেডিওর মতো জনপ্রিয় প্রচারমাধ্যমের খুব কাছাকাছি আসতে পারে। নারীদের ক্ষমতায়ন কোনো উপেক্ষিত বিষয় নয়, বরং এটা তাদের প্রাপ্য অধিকার। স্থানীয় পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য যেমন পদক্ষেপ নেয়া হয়েছে, তেমনি জাতীয় পর্যায়েও যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সর্বোপরি, মতামত প্রদান ও সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়াতে পারলে দারিদ্র্য, মৌলবাদ, এমনকি নারীদের অক্ষমতাও নারীর ক্ষমতায়নের কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
সংগীত মানুষের মনের কথা বলে। আনন্দ, দুঃখ, ভালোবাসা, বিরহ, আধ্যাত্মিকতা কিংবা জীবনের নানা অনুভূতি—সবকিছুই সংগীতের মাধ্যমে প্রকাশ করা যায়। একজন শিল্পীর কাছে সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তাঁর অনুভূতি, সাধনা ও আত্মপরিচয়ের অংশ। কিন্তু একজন সংগীতশিল্পীর জীবন শুধু গান ও শিল্পচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়। শিল্পচর্চার পাশাপাশি জীবিকার বাস্তবতাও তাঁকে ভাবতে হয়। বাংলার সংগীতের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, পল্লীগীতি, লোকসংগীত, লালনগীতি, মলয়া সংগীত, বিচ্ছেদ গানসহ বিভিন্ন ধারার গান আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। প্রজন্মের পর প্রজন্ম শিল্পীরা নিজেদের সাধনা, শ্রম ও ভালোবাসার মাধ্যমে এসব গানকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তবে বর্তমান সময়ে একজন শিল্পীর সামনে একটি বড় বাস্তবতা হলো—শুধু শিল্পচর্চা দিয়ে জীবন চালানো অনেকের জন্য সহজ নয়। একজন শিল্পীরও পরিবার আছে, দৈনন্দিন প্রয়োজন আছে, ভবিষ্যতের চিন্তা আছে। তাই শিল্পের প্রতি ভালোবাসার পাশাপাশি নিজের জন্য একটি স্থায়ী ও সম্মানজনক জীবিকার পথ তৈরি করা প্রয়োজন। একজন শিল্পী যখন নিয়মিত গান শেখেন, অনুশীলন করেন, অনুষ্ঠান করেন কিংবা অন্যকে গান শেখান—তখন তাঁর পেছনে থাকে দীর্ঘদিনের পরিশ্রম। একটি গান মঞ্চে সুন্দরভাবে পরিবেশন করার আগে তাকে বহুবার অনুশীলন করতে হয়। কণ্ঠের যত্ন, তাল-লয়, সুর, বাদ্যযন্ত্রের ব্যবহার এবং গানের ভাব—সবকিছুর সমন্বয় করতে হয়। এই সাধনার মূল্যায়ন শুধু করতালি দিয়ে নয়, শিল্পীর শ্রমের যথাযথ সম্মান ও পারিশ্রমিকের মাধ্যমেও হওয়া উচিত। একজন শিল্পীর জীবনে সংগীতচর্চা যেমন প্রয়োজন, তেমনি সংগীতকে পেশাগত দক্ষতায় রূপ দেয়াও গুরুত্বপূর্ণ। গান শেখানোর মাধ্যমে একজন শিল্পী নিজের অভিজ্ঞতা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন এবং নতুন প্রজন্মের মধ্যে সংগীতের প্রতি আগ্রহ তৈরি করতে পারেন। বিশেষ করে. শিশু-কিশোরদের সংগীত শিক্ষার সঙ্গে যুক্ত করা গেলে তারা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে আরও জানতে পারবে। বর্তমান প্রজন্ম প্রযুক্তির সঙ্গে দ্রুত এগিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একজন শিল্পী নিজের গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। প্রযুক্তির এই সুযোগ ব্যবহার করে বাংলা গান, লোকসংগীত ও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। আমাদের সমাজে শিল্পীদের সম্মান করার পাশাপাশি তাঁদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। একজন শিল্পীকে শুধু বিনোদনদাতা হিসেবে দেখলে তাঁর দীর্ঘদিনের সাধনা ও শ্রমের যথাযথ মূল্যায়ন হয় না। শিল্পীরাও সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমার কাছে সংগীত মানে শুধু গান গাওয়া নয়—এটি শেখা, অনুশীলন করা, অন্যকে শেখানো এবং মানুষের হৃদয়ের সঙ্গে সংযোগ তৈরি করা। একজন শিল্পীর পরিচয় তাঁর শিল্পে, কিন্তু জীবন পরিচালনার জন্য জীবিকার প্রয়োজন অস্বীকার করার সুযোগ নেই। তাই শিল্পের প্রতি ভালোবাসা এবং জীবনের বাস্তবতার মধ্যে একটি সুন্দর ভারসাম্য তৈরি করা জরুরি। আমরা যদি শিল্পীদের পাশে দাঁড়াই, তাঁদের শ্রমের মূল্য দিই এবং নতুন প্রজন্মকে সংগীত শিক্ষার সুযোগ করে দিই, তাহলে আমাদের সমৃদ্ধ সংগীত ঐতিহ্য আরও দীর্ঘদিন বেঁচে থাকবে। কারণ, একটি জাতির সংস্কৃতি শুধু ইতিহাসের পাতায় থাকে না—তা বেঁচে থাকে মানুষের কণ্ঠে, সুরে এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহন করা শিল্পচর্চায়।