মৃত্যু মানবজীবনের সবচেয়ে নিশ্চিত ঘটনা। তবু সব মৃত্যু সমান অর্থ বহন করে না। অধিকাংশ মানুষের মৃত্যু একটি জীবনের সমাপ্তি; কিন্তু কিছু মানুষের মৃত্যু তাঁদের জীবনের সমাপ্তি নয়, বরং তাঁদের ভাবনার নতুন জন্ম। ইতিহাসে এমন মানুষের সংখ্যা খুবই কম, যাঁদের শারীরিক অনুপস্থিতি তাঁদের বৌদ্ধিক ও নৈতিক উপস্থিতিকে আরও বিস্তৃত করে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিরল ব্যতিক্রম। তাঁর প্রয়াণকে কেবল একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখলে তাঁর গুরুত্বকে সংকুচিত করা হয়; বরং তা মানবচেতনার ধারাবাহিক বিকাশের একটি অনন্ত অধ্যায়। রবীন্দ্রনাথকে বোঝার সবচেয়ে বড় বাধা হলো তাঁকে কেবল ‘কবি’ হিসেবে পাঠ করা। তিনি মূলত একজন দার্শনিক শিল্পী। তাঁর কবিতা, গান, উপন্যাস, নাটক কিংবা প্রবন্ধ অন্তঃসলিল প্রবাহে কাজ করেছে একটি সুসংহত জীবনদর্শন। সেই দর্শনের কেন্দ্রে রয়েছে মানুষের আত্মবিকাশ, স্বাধীন চেতনা, সৌন্দর্যের উপলব্ধি এবং বিশ্বমানবতার ধারণা। তাই তাঁর সাহিত্য কেবল নন্দনতত্ত্বের বিষয় নয়; এটি অস্তিত্ব, নৈতিকতা ও সভ্যতার প্রশ্নও উত্থাপন করে। রবীন্দ্রচিন্তার অন্যতম ভিত্তি হলো উপনিষদীয় দর্শনের আধুনিক ব্যাখ্যা। উপনিষদ মানুষকে শেখায়, জগতের বহুত্বের ভেতরে একত্বের সন্ধান করতে। রবীন্দ্রনাথ এ তত্ত্বকে নিছক ধর্মীয় উপলব্ধি হিসেবে গ্রহণ করেননি। তিনি একে মানবজীবনের সাংস্কৃতিক ও নৈতিক ভিত্তিতে রূপ দিয়েছেন। তাঁর কাছে ঈশ্বর কোনো দূরবর্তী অতিপ্রাকৃত সত্তা নন; বরং মানুষের সৃজনশীলতা, প্রেম, সত্যবোধ ও কল্যাণচেতনার মধ্যেই ঈশ্বরের প্রকাশ। ফলে তাঁর মানবতাবাদ ধর্মবিরোধী নয়, আবার ধর্মীয় সংকীর্ণতারও ঊর্ধ্বে। এ কারণেই রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ সম্পর্কেও একটি মৌলিক অবস্থান গ্রহণ করেছিলেন। তিনি দেশকে ভালোবেসেছেন, কিন্তু অন্ধ জাতীয়তাবাদকে সমর্থন করেননি। তাঁর আশঙ্কা ছিল, জাতীয়তাবাদ যখন মানবতার চেয়ে বড় হয়ে ওঠে, তখন তা সংঘাত, ঘৃণা ও ক্ষমতার রাজনীতির জন্ম দেয়। তাঁর কাছে দেশপ্রেমের প্রকৃত অর্থ ছিল মানুষের মর্যাদা রক্ষা, সংস্কৃতির বিকাশ এবং স্বাধীন চিন্তার চর্চা। এই দৃষ্টিভঙ্গি আজকের বিশ্বেও গভীরভাবে প্রাসঙ্গিক, যেখানে পরিচয়ের রাজনীতি প্রায়ই মানবিক মূল্যবোধকে আড়াল করে দেয়। রবীন্দ্রনাথের স্বাধীনতার ধারণাও ছিল বহুমাত্রিক। রাজনৈতিক স্বাধীনতা তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলেও সেটিই চূড়ান্ত নয়। তিনি মনে করতেন, মানুষ যদি ভয়, লোভ, কুসংস্কার ও অহংকারের কাছে বন্দী থাকে, তাহলে রাষ্ট্র স্বাধীন হলেও ব্যক্তি স্বাধীন হয় না। তাঁর ‘চিত্ত যেথা ভয়শূন্য’ কেবল একটি কাব্যিক প্রার্থনা নয়; এটি মুক্ত সমাজ নির্মাণের নৈতিক দর্শন। এখানে স্বাধীনতা মানে কেবল শাসকের পরিবর্তন নয়, বরং চেতনার রূপান্তর। প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনা আধুনিক পরিবেশ-দর্শনের সঙ্গেও বিস্ময়করভাবে সামঞ্জস্যপূর্ণ। তিনি প্রকৃতিকে ভোগের বস্তু হিসেবে দেখেননি; বরং সহাবস্থানের এক জীবন্ত সম্পর্ক হিসেবে দেখেছেন। মানুষ ও প্রকৃতির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হলে মানুষের আত্মিক ভারসাম্যও নষ্ট হয়। এই উপলব্ধি আজকের জলবায়ু সংকটের যুগে নতুন অর্থ পায়। তাই রবীন্দ্রনাথের প্রকৃতি-ভাবনা কেবল কাব্যিক রোমান্টিকতা নয়; এটি একটি নৈতিক অবস্থান। রবীন্দ্রনাথের শিল্পদর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সৌন্দর্য ও সত্যের অবিচ্ছেদ্য সম্পর্ক। তিনি বিশ্বাস করতেন, শিল্পের কাজ কেবল বিনোদন দেয়া নয়; মানুষের চেতনাকে প্রসারিত করা। যে শিল্প মানুষকে নিজের ভেতরে তাকাতে শেখায় না, অন্যের বেদনা অনুভব করতে শেখায় না, কিংবা সত্যের মুখোমুখি দাঁড় করায় না, সেই শিল্প তার পূর্ণতা অর্জন করে না। তাই তাঁর সাহিত্য আমাদের আবেগকে স্পর্শ করার পাশাপাশি আমাদের বিবেককেও জাগ্রত করে। শিক্ষা সম্পর্কেও রবীন্দ্রনাথের চিন্তা আজও যুগান্তকারী। তিনি পরীক্ষাকেন্দ্রিক মুখস্থ বিদ্যার বিরোধিতা করেছিলেন। তাঁর মতে, শিক্ষা এমন হওয়া উচিত, যা মানুষের কল্পনাশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ককে বিকশিত করে। শিক্ষার উদ্দেশ্য কেবল কর্মসংস্থান নয়; পূর্ণ মানুষ তৈরি করা। বর্তমান সময়ে যখন শিক্ষা অনেক ক্ষেত্রে কেবল প্রতিযোগিতা ও পেশাকেন্দ্রিক হয়ে উঠেছে, তখন রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ নতুন করে আলোচনার দাবি রাখে। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস তাই কেবল স্মরণসভা বা ফুল অর্পণের দিন নয়; এটি আত্মসমালোচনারও দিন। আমরা কি তাঁর সাহিত্যকে কেবল সাংস্কৃতিক আচার হিসেবে পালন করছি, নাকি তাঁর দর্শনকে আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করছি? আমরা কি স্বাধীন চিন্তার চর্চা করছি, নাকি মতাদর্শের সংকীর্ণতায় নিজেদের বন্দী করছি? আমরা কি মানুষের মধ্যে মানুষকে দেখতে শিখেছি, নাকি পরিচয়ের দেয়াল আরও উঁচু করছি? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে, রবীন্দ্রনাথ আমাদের কাছে কতটা জীবন্ত। রবীন্দ্রনাথের প্রকৃত উত্তরাধিকার তাঁর রচনাসম্ভার নয়; তাঁর জাগ্রত চেতনা। বই সংরক্ষণ করা সহজ, কিন্তু চিন্তা ধারণ করা কঠিন। তাঁর গান গাওয়া সহজ, কিন্তু তাঁর মানবতাবাদকে জীবনে বাস্তবায়ন করা কঠিন। তাঁর কবিতা আবৃত্তি করা সহজ, কিন্তু তাঁর মতো মুক্তমনা হয়ে ওঠা কঠিন। তাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা আনুষ্ঠানিক স্মরণে নয়; তাঁর দর্শনের সক্রিয় অনুশীলনে। রবীন্দ্রনাথের মৃত্যু ঘটেছে ১৯৪১ সালের একটি দিনে; কিন্তু তাঁর উপস্থিতি কোনো তারিখের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বেঁচে আছেন মানুষের মুক্ত চিন্তায়, ন্যায়বোধে, শিল্পসৃষ্টিতে, প্রকৃতিপ্রেমে এবং মানবতার প্রতি অটল বিশ্বাসে। যতদিন মানুষ নিজেকে অতিক্রম করে বৃহত্তর মানবিক সত্যের সন্ধান করবে, ততদিন রবীন্দ্রনাথ কোনো অতীত নন; তিনি হবেন ভবিষ্যতেরও পথপ্রদর্শক। রবীন্দ্রনাথের প্রয়াণকে স্মরণ করার সর্বোত্তম উপায় শোক প্রকাশ নয়; বরং তাঁর দর্শনের আলোয় নিজেদের পুনর্নির্মাণ করা। কারণ, রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত একজন কবির নাম নয়, তিনি এমন এক চেতনার নাম, যা মানুষকে তার সীমা অতিক্রম করে অসীমের দিকে যাত্রা করতে শেখায়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণপ্রিয় ছিলেন। তাঁর বহু চিঠিতে ভ্রমণের কথা ঠিকানাসহ পাওয়া যায়। তাঁর ভ্রমণের বাহন হিসেবে নানা জায়গায় রেল ভ্রমণের তথ্য পাওয়া যায়। রেলযাত্রা তাঁর জীবনে কখনো বিস্ময়ের সঙ্গে জড়িয়ে, আবার কখনো-বা কৌতূহলের পথ ধরে, কখনো দুঃখের সঙ্গী হয়ে এসেছে । কবিগুরু প্রথম রেলে ভ্রমণ করেছিলেন ১৮৭৩ সালের ১৪ ফেব্রুয়ারি হাওড়া থেকে বোলপুর। কবির শেষ রেল ভ্রমণ ছিল ১৯৪১ সালের ২৫ জুলাই, তাঁর মৃত্যুর ১৪ দিন আগে একই পথে। কবিগুরু প্রথম রেলে ভ্রমণ করেন মাত্র ১১ বছর ৯ মাস বয়সে । সে সময় রেলে হাফ টিকেটের নিয়ম ছিল। যাত্রীর বয়স ১২ বছরের কম হলে তার জন্য হাফ টিকেট কাটার নিয়ম। কবিগুরুর বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাই প্রথম শ্রেণির দুটি টিকেট কেটেছিলেন। নিজের জন্য একটি ফুল এবং রবির জন্য একটি হাফ টিকেট। এই হাফ টিকেট নিয়েই যাত্রাপথে ঘটেছিল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ আছে রবীন্দ্রনাথের ‘জীবনস্মৃতি’ বইয়ে ‘হিমালয় যাত্রা’ অংশে । বয়সের তুলনায় রবীন্দ্রনাথের বৃদ্ধি কিছুটা বেশি তখন। ফলে হাফ টিকেট একবার পরীক্ষা করার পরও আবার আসেন পরীক্ষক। কিন্তু চলে যান কিছু না বলেই। পরবর্তী সময়ে স্বয়ং স্টেশন মাস্টার এসে জানান পুরো টিকেটের দাম দিতে হবে। রেগে গিয়ে সেই দাম মিটিয়ে আর বাকি পয়সা ফেরত নেননি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। বরং স্টেশন মাস্টার বাকি টাকা ফেরত দিলে তা নিয়ে জানালার বাইরে ছুড়ে ফেলে দেন। টাকা বাঁচাতে তিনি যে মিথ্যে বলেননি, তা বোঝাতেই এমনটা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ বইয়ের ‘হিমালয় যাত্র ‘ থেকে উদ্ধৃত, "পথের মধ্যে একটা ঘটনা ঘটিয়াছিল যেটা এখনো আমার মনে স্পষ্ট আঁকা রহিয়াছে। কোনো-একটা বড়ো স্টেশনে গাড়ি থামিয়াছে। টিকিট পরীক্ষক আসিয়া আমাদের টিকিট দেখিল । একবার আমার মুখের দিকে চাহিল । কী একটা সন্দেহ করিল কিন্তু বলিতে সাহস করিল না। কিছুক্ষণ পরে আর-একজন আসিল; উভয়ে আমাদের গাড়ির দরজার কাছে উসখুস করিয়া আবার চলিয়া গেল। তৃতীয়বারে বোধ হয় স্বয়ং স্টেশন মাস্টার আসিয়া উপস্থিত। আমার হাফ টিকিট পরীক্ষা করিয়া পিতাকে জিজ্ঞাসা করিল, ‘এই ছেলেটির বয়স কি বারো বছরের অধিক নহে?’ পিতা কহিলেন, ‘না।’ তখন আমার বয়স এগারো। বয়সের চেয়ে নিশ্চয়ই আমার বৃদ্ধি কিছু বেশি হইয়াছিল। স্টেশন মাস্টার কহিল, ‘ইহার জন্য পুরা ভাড়া দিতে হইবে।’ আমার পিতার দুই চক্ষু জ্বলিয়া উঠিল। তিনি বাক্স হইতে তখনই নোট বাহির করিয়া দিলেন। ভাড়ার টাকা বাদ দিয়া অবশিষ্ট টাকা যখন তাহারা ফিরাইয়া দিতে আসিল, তিনি সে-টাকা লইয়া ছুঁড়িয়া ফেলিয়া দিলেন, তাহা প্ল্যাটফর্মের পাথরের মেঝের উপর ছড়াইয়া পড়িয়া ঝনঝন করিয়া বাজিয়া উঠিল। স্টেশন মাস্টার অত্যন্ত সংকুচিত হইয়া চলিয়া গেল; টাকা বাঁচাইবার জন্য পিতা যে মিথ্যা কথা বলিবেন, এ সন্দেহের ক্ষুদ্রতা তাহার মাথা হেঁট করিয়া দিল।" জানা যায়, প্রথম যাত্রায় বেশ ভয়ের মধ্যে ছিলেন কবিগুরু । তাঁর ভয় পাওয়ার কারণ ভাগনে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বলে দেয়া কিছু কথা। সে আগে রেলগাড়িতে চড়েছে। তাঁর কথায়, “বিশেষ দক্ষতা না থাকিলে রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট। পা ফসকাইয়া গেলেই আর রক্ষা নাই। তারপর, গাড়ি যখন চলিতে আরম্ভ করে, তখন শরীরের সমস্ত শক্তিকে আশ্রয় করিয়া খুব জোর করিয়া বসা চাই, নহিলে এমন ভয়ঙ্কর ধাক্কা দেয় যে মানুষ কে-কোথায় ছিটকাইয়া পড়ে তাহার ঠিকানা পাওয়া যায় না।” তবে শেষ পর্যন্ত তেমন কোনো ঘটনাই ঘটেনি কবির প্রথম রেলে ভ্রমণে । সেই মুহূর্তে রেল যাত্রার কথা ‘জীবনস্মৃতি’ বইয়ে কবি বর্ণনা করেছেন এভাবে, "বিপদের একটুও আভাস না পাইয়া মনটা বিমর্ষ হইয়া গেল। গাড়ি ছুটিয়া চলিল; তরুশ্রেণির সবুজ-নীল পাড়-দেওয়া বিস্তীর্ণ মাঠ এবং ছায়াচ্ছন্ন গ্রামগুলি রেলগাড়ির দুই ধারে দুই ছবির ঝরনার মতো বেগে ছুটিতে লাগিল, যেন মরীচিকার বন্যা বহিয়া চলিয়াছে। সন্ধ্যার সময় বোলপুরে পৌঁছিলাম।" বেশ দ্রুতবেগেই রেলগাড়ি রবিকে পৌঁছে দেয় বোলপুর। যেখানে ভবিষ্যতে শুরু হবে রবীন্দ্রনাথের এক বিশাল কর্মকাণ্ড। প্রথম রেল যাত্রায় সত্যপ্রসাদের কথামতো তেমন কিছু ঘটেনি বলে একটু মন খারাপও হয়েছিল রবির। রবীন্দ্রনাথের ঘর থেকে বাইরের পথে যাত্রার শুরু এভাবেই। ঘরের চৌহদ্দি পৃথিবীর রূপ, রস ও গন্ধের সামনে এসে দাঁড়ানো — এই শুরুর সঙ্গেও জুড়ে ছিল রেল যাত্রা। এর পরের আরেকটি রেল যাত্রার উল্লেখ পাওয়া যায় বিবাহিত বয়সে। ততদিনে ব্রিটেন থেকে ফিরেছেন পড়াশোনা শেষ না করেই। বিয়ে হলো মৃণালিনী দেবীর সঙ্গে। এরপর সন্তান হওয়ার পর তাঁদের সপরিবার দার্জিলিং যাত্রা। সেবার আর বালক রবি নন তিনি। রবীন্দ্রনাথের সেই যাত্রায় বেশ ভালোই ধকল গিয়েছিল। কারণ, জমিদার পুত্রকে মালপত্র বের করা, ঠিক জায়গায় রাখা সমেত অনেক কিছুই করতে হয়েছে। ‘ছিন্নপত্র’ গ্রন্থে সে কথাই লিখছেন রবীন্দ্রনাথ। ইন্দিরা দেবীকে লেখা চিঠিতে বলছেন, “মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল” — কথাটা শুনতে যতটা সংক্ষেপ হলো, কাজে ঠিক তেমনটা হয়নি। ডাকাডাকি, হাঁকাহাঁকি, ছোটাছুটি নিতান্ত অল্প হয়নি। তবু বলেন, “আমি কিছুই করিনি অর্থাৎ একখান আস্ত মানুষ একেবারে আস্ত এরকম ক্ষেপে যেরকমটা হয় সেই প্রকার মূর্তি ধারণ করলে ঠিক পুরুষমানুষের উপযুক্ত হতো। কিন্তু এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুঁজেছি এবং উক্ত স্থান থেকে টেনে বার করেছি, এত বাক্স এবং পুঁটুলির পিছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুঁটুলিরা আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে, এত হারিয়েছে এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাবার জন্য এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে যে কোন ছাব্বিশ বছর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি।” সেবারের রেলযাত্রায় এত ধকল গিয়েছিল কবির যে, রীতিমতো তাঁর নাকি ‘বাক্সফোবিয়া’ হয়ে গিয়েছিল। বাক্স দেখলেই দাঁতে দাঁত লেগে যেত তাঁর। রেলযাত্রার এই দফার কথা বলার বিশেষ কারণ রয়েছে। তাঁর বহু বহু লেখার ভিড়ে এমন সংসারী রবীন্দ্রনাথের দেখা পাওয়া বিরল। আর পাঁচজন বাঙালির মতোই নিজের স্ত্রী-কন্যাকে নিয়ে ঘুরতে চলেছেন তিনি। শুধু ঘুরতে চলেছেন বললেও ভুল হয়, পথেঘাটে ঠিক যে যে দায়িত্ব সামলাতে হয়, আর পাঁচটি পরিবারের পুরুষ বর্গকে, তাও সামলেছেন দক্ষভাবে। চিঠির শেষে মুটের সঙ্গে মাল বওয়া নিয়ে দর-কষাকষির কথাও লিখেছেন। কৌতুহল, বিস্ময় ও আনন্দের পাশাপাশি রবীন্দ্রনাথের রেলযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু দুঃখের স্মৃতিও । ১৯০৭ সালের নভেম্বর মাস। মুঙ্গের থেকে খবর এল, কলেরায় আক্রান্ত হয়েছে শমীন্দ্রনাথ। শারীরিক দুর্বলতা থেকে সেরে ওঠার জন্য তাঁকে মুঙ্গের পাঠান কবি। রবীন্দ্রনাথের এই ছেলেটি ছোট থেকে অনেকটা কবির প্রতিরূপ হয়ে উঠছিল। তাই কবিও একটু আলাদা চোখে দেখতেন ছেলেটিকে। শমীর কলেরার খবর পেতেই রেলগাড়ি করে মুঙ্গের পথে ছুটেছিলেন কবি। সঙ্গে কলকাতার অভিজ্ঞ চিকিৎসক। রেলগাড়ির সেই যাত্রা ছিল এক উদ্বিগ্ন পিতার। সব চেষ্টা ব্যর্থ করে অন্য জগতে পাড়ি দেন শমীর। একের পর এক মৃত্যু রীতিমতো শোকগ্ৰস্ত করে তুলেছিল কবিকে। শমীর মৃত্যুতে স্তব্ধ হলেন কবি। পরে শমীর মৃত্যুর পর ছোট মেয়ে মীরাকে তিনি লেখেন, “শমী যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আসতে আসতে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে, কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি - সমস্তর মধ্যেই সব রয়ে গেছে, আমিও তারই মধ্যে....।” যে দুঃখ তাঁকে স্তব্ধ করে দিয়েছে, তাকেও ভেদ করে বেরিয়ে আসছেন এক অন্য রবীন্দ্রনাথ। এই উপলব্ধির মধ্যে দিয়ে সন্তানহারা পিতার এক যেন নতুন জন্ম হচ্ছে। ১৯৪১-এর ২৫ জুলাই অসুস্থ কবিকে অস্ত্রোপচারের জন্য কলকাতায় নিয়ে আসা হবে স্থির হয়েছে। তখনকার ইআই রেলওয়ের অধিকর্তা এন সি ঘোষ কবির জন্য বিশেষ একটি সেলুন কারের ব্যব্যস্থা করে দিয়েছিলেন। এই সেলুন কারটিতে ছিল চারটে ঘর — একটি শোয়ার ঘর, একটি ড্রয়িংরুম, একটি খাবার ঘর এবং একটি কিচেন। এ ছাড়া দুটো স্নানের ও ভৃত্যদের ঘর। সেলুন কারের প্রতিটি ঘরে দুটো করে ফ্যান লাগানো। সেলুন কারটিকে আগের দিনই বোলপুর স্টেশনে নিয়ে আসা হয়েছিল। সকালে ট্রেন ছাড়ল, ট্রেনের কামরায় ছিলেন কন্যা মীরা দেবী, নাতনি নন্দিতা ও নির্মলকুমারী। প্রায় সত্তর বছরের শান্তিনিকেতনের সঙ্গে যে যোগ, সেই স্থান ত্যাগের মুহূর্তে কবির মনে নিশ্চয়ই অফুরন্ত স্মৃতি এসে জড়ো হয়েছিল। বোলপুর থেকে হাওড়ায় আসতে পৌনে সাত ঘণ্টার মতো সময় লেগেছিল। ২টা ৪০ মিনিটে ট্রেন হাওড়ায় পৌঁছল। সেলুন কার থেকে স্ট্রেচারে করে কবিকে নামানো হলো। যে পথে বাবার সঙ্গে কবির প্রথম রেলল ভ্রমণ শুরু, সেই পথেই তাঁর অন্তিম রেল যাত্রা। হাওড়া স্টেশন থেকে মোটরগাড়িতে তাঁর পৈতৃক বাড়িতে নিয়ে আসা হয়েছিল কবিকে। এই জোড়াসাঁকো থেকে কবি আর কোনো দিনই সজ্ঞানে বেরোলেন না। রাখী পূর্ণিমার শেষে ৭ আগস্ট, ১৯৪১ (২২ শ্রাবণ, ১৩৪৮ সাল) দুপুর ১২টা দশে কবির পরলোকে যাত্রা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ভারতীয় রেলের সম্পর্ক বহুদিনের। আর এ সম্পর্ককে বারবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে পূর্ব রেল। আজও তারা কবির শেষযাত্রার মর্মবেদনাকে ভুলতে পারেনি। ভুলতে পারেনি তাদেরই ব্যবস্থাপনায় কবির ব্যবহারধন্য সেই সেলুনটির কথা, যেটি চেপে কবি সেদিন চিকিৎসা করাতে কলকাতা গিয়েছিলেন, কিন্তু আর ফেরা হয়নি তাঁর! কবির শেষ যাত্রার স্মৃতিধন্য সেই রেলকামরাটি যথাযোগ্য সম্মানে ও মর্যাদায় আজও রাখা রয়েছে বোলপুর স্টেশনসংলগ্ন 'চিরন্তনী' রেল সংগ্রহশালায়। সেদিন কবি ব্যবহার করেছিলেন 'ইআইআর ২৩৭৭' কামরাটি। রেলের চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট নিবারণ চন্দ্র ঘোষ সেদিন এই সেলুনে কবির সঙ্গেই ছিলেন।
শ্রাবণের আকাশে যখন কৃষ্ণমেঘের ঘনঘটা নামে, বৃষ্টিধারা নীরবে ধরণিকে স্নাত করে, তখন বাঙালির হৃদয়েও নেমে আসে এক গভীর বিষাদের সুর। কেননা বাইশে শ্রাবণ বাংলা ভাষা ও সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রাণপুরুষ রবিঠাকুর পৃথিবীর মায়া ত্যাগ করে অনন্তের পথে যাত্রা করেছিলেন। কিন্তু তাঁর সেই প্রস্থান কোনো সমাপ্তির গল্প নয়; বরং এক চিরন্তন উপস্থিতির সূচনা। তিনি দেহে বিদায় নিয়েছেন, অথচ তাঁর সৃষ্টি, দর্শন ও মানবতার দীপ্তি আজও সমান উজ্জ্বল। তাই বাইশে শ্রাবণ কেবল শোকের দিন নয়; এটি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, আত্মজাগরণ এবং রবীন্দ্রচেতনাকে নতুন করে ধারণ করার এক অনন্য প্রেরণার দিন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনন্য প্রতিভা, সৃজনশীল মনন ও বিশ্বমানবতার চেতনায় বাংলা সাহিত্যকে বিশ্বসভায় এক অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। কবিতা, গান, ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিক্ষাচিন্তা, দর্শন ও চিত্রকলা; সৃজনের প্রতিটি ক্ষেত্রে তাঁর বিস্ময়কর অবদান বাংলা সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ, আর বিশ্বমানবতার সাংস্কৃতিক ভাণ্ডারকে করেছে আরও ঋদ্ধ। তাঁর সৃষ্টি কেবল বাংলা ভাষা বা বাঙালি জাতির সম্পদ নয়; এটি সমগ্র মানবসভ্যতার চিরন্তন সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল আলোকস্তম্ভ। তিনি লিখেছিলেন, “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।” এই অমর পঙক্তিতে প্রতিফলিত হয়েছে তাঁর জীবনদর্শনের মর্মবাণী। তিনি এমন এক সমাজ ও বিশ্বের স্বপ্ন দেখেছিলেন, যেখানে মানুষের চিন্তা হবে মুক্ত, জ্ঞান হবে অবাধ, সংকীর্ণতার প্রাচীর হবে ভেঙে চুরমার, আর মানবতা, সত্য ও ন্যায়বোধ হবে সভ্যতার সর্বোচ্চ ভিত্তি। তাঁর এই স্বপ্ন আজও আমাদের পথ দেখায়, বিবেককে জাগ্রত করে এবং একটি আলোকিত সমাজ নির্মাণের অনুপ্রেরণা জোগায়। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, মানুষের শ্রেষ্ঠ পরিচয় তার মনুষ্যত্বে। তাই তাঁর সাহিত্য কখনো বিভাজন বা বিদ্বেষের ভাষা উচ্চারণ করে না; বরং ভালোবাসা, সহমর্মিতা, সৌন্দর্যবোধ ও বিশ্বমানবতার চেতনাকে জাগ্রত করে। তাঁর সৃষ্টিতে যেমন প্রকৃতির অনুপম সৌন্দর্য অনির্বচনীয় মাধুর্যে ধরা দিয়েছে, তেমনি মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, আশা-নিরাশা, আনন্দ-বেদনা, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষাও গভীর মানবিকতা ও শিল্পসুষমায় রূপ লাভ করেছে। সে কারণেই তাঁর সাহিত্য কেবল পাঠের বিষয় নয়; এটি মানুষের আত্মশুদ্ধি, জীবনবোধ ও মানবিক বিকাশের এক চিরন্তন আলোকধারা। ১৯১৩ সালে ‘সং অফারিংস’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বসভায় এক অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। তাঁর রচিত ‘আমার সোনার বাংলা’ ১৯০৫ সালের বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত হয়েছিল। বাংলার মাটি, মানুষ ও প্রকৃতির প্রতি অকৃত্রিম প্রেম এবং জাতীয় চেতনাকে জাগিয়ে তোলার এ গানই স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পায়। অন্যদিকে তাঁরই রচিত ‘জন গণ মন’ ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে। বিশ্বের ইতিহাসে একই কবির রচিত দুটি গান দুটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি পাওয়া এক অনন্য ও গৌরবময় দৃষ্টান্ত, যা তাঁর সৃষ্টিশক্তির সর্বজনীনতা ও বিশ্বজনীন আবেদনকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। মৃত্যু সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ছিল গভীর, উদার ও জীবনমুখী। তিনি লিখেছিলেন, “মরণ রে, তুঁহু মম শ্যাম সমান।” এই অমর উচ্চারণে মৃত্যুভয় নয়, বরং জীবনের পূর্ণতা, অনন্তের প্রতি আত্মসমর্পণ এবং চিরসুন্দরের সঙ্গে মিলনের এক অপূর্ব দর্শন প্রতিফলিত হয়েছে। তাই তাঁর নিজের মহাপ্রয়াণও যেন তাঁরই জীবনদর্শনের বাস্তব প্রতিফলন। আজকের পৃথিবী যখন হিংসা, অসহিষ্ণুতা, বিভাজন ও মূল্যবোধের সংকটে নানাভাবে বিপর্যস্ত, তখন রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন ও মানবতাবাদ আমাদের নতুন করে আলোর পথ দেখায়। তাঁর শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয়, সভ্যতার প্রকৃত শক্তি অস্ত্রে নয়, মানবতায়; প্রতিযোগিতায় নয়, সহমর্মিতায়; ঘৃণায় নয়, ভালোবাসায়। তাই বাইশে শ্রাবণ কেবল একজন কবির মহাপ্রয়াণের স্মরণদিবস নয়; এটি রবীন্দ্রচেতনাকে আত্মস্থ করারও এক মহামূল্যবান উপলক্ষ। তাঁর সৃষ্টিকে গভীরভাবে পাঠ করা, তাঁর মানবতাবাদকে জীবনের অনুশীলনে রূপ দেয়া এবং তাঁর মুক্তচিন্তার আলো আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়াই হতে পারে বিশ্বকবির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। রবীন্দ্রনাথ দেহে অনুপস্থিত, কিন্তু তিনি আজও বেঁচে আছেন প্রতিটি বাংলা উচ্চারণে, প্রতিটি রবীন্দ্রসংগীতে, প্রতিটি কবিতার অনুভবে এবং প্রতিটি মানবিক স্বপ্নে। মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু, প্রেম থেকে বিরহ, আনন্দ থেকে বেদনা, পূজা থেকে প্রকৃতি, দেশপ্রেম থেকে বিশ্বমানবতা - জীবনের প্রায় প্রতিটি অনুভূতি, উপলক্ষ ও অনুষঙ্গকে তিনি তাঁর গান, কবিতা ও সাহিত্যে চিরন্তন শিল্পরূপ দিয়েছেন। তাই জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি ঋতুতে, প্রতিটি আবেগে বাঙালি ফিরে যায় রবীন্দ্রনাথের কাছে। যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে, ততদিন রবীন্দ্রনাথও বেঁচে থাকবেন তাঁর সৃষ্টির অমলিন আলোয়, মানুষের হৃদয়ের অনিঃশেষ প্রেরণা হয়ে। বাইশে শ্রাবণে তাঁর পবিত্র স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। তাঁর অমর বাণী আমাদের চিত্তকে ভয়শূন্য করুক, বিবেককে জাগ্রত করুক এবং সত্য, সৌন্দর্য ও মানবতার আলোকময় পথে চলার অনুপ্রেরণা জোগাক চিরকাল। এটাই হবে বিশ্বকবির প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও প্রকৃত প্রণাম।
ইতিহাস কেবল অতীতের বিবরণ নয়; ইতিহাস মানুষের স্মৃতি, অভিজ্ঞতা, বেদনা, প্রতিবাদ ও স্বপ্নের ধারাবাহিকতা। একজন প্রকৃত ইতিহাসবিদ তাই শুধু রাজা-রাজড়ার কাহিনি লেখেন না, তিনি মানুষের জীবনের গভীরে প্রবেশ করেন। সে কারণেই বিশ্বের অন্যতম প্রখ্যাত ইতিহাসবিদ রোমিলা থাপারের নতুন কাব্যগ্রন্থ ‘জাস্ট বিং’ বিশেষ তাৎপর্য বহন করে। আশির দশক পেরিয়ে দীর্ঘ কয়েক দশকের গবেষণা, বিতর্ক, রাষ্ট্রের চাপ, বৌদ্ধিক সংগ্রাম এবং ব্যক্তিগত অভিজ্ঞতার পর তিনি কবিতার আশ্রয় নিয়েছেন। এটি কেবল একজন ইতিহাসবিদের কবিতা লেখা নয়; বরং ইতিহাসের ভাষা থেকে অনুভূতির ভাষায় এক গভীর যাত্রা। রোমিলা থাপারের জীবন আমাদের শেখায় যে জ্ঞান কখনো একমাত্রিক নয়। ইতিহাস, দর্শন, সাহিত্য, সমাজবিজ্ঞান ও কবিতা—সবই মানুষের অস্তিত্বকে বোঝার ভিন্ন ভিন্ন জানালা। দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় ইতিহাসকে নতুনভাবে পড়তে শিখিয়েছেন। পৌরাণিক কাহিনি ও ঐতিহাসিক সত্যের পার্থক্য, রাষ্ট্র ও সমাজের সম্পর্ক, ধর্মের সামাজিক ভূমিকা, ক্ষমতার বিন্যাস—এসব বিষয় নিয়ে তাঁর কাজ ভারতীয় ইতিহাসচর্চাকে নতুন মাত্রা দিয়েছে। কিন্তু এত দিন যিনি ইতিহাসের কঠোর দলিল নিয়ে কাজ করেছেন, তিনি হঠাৎ কবিতার কাছে কেন ফিরলেন? সম্ভবত এর উত্তর লুকিয়ে আছে মানুষের ভেতরেই। ইতিহাস তথ্যের ভাষায় কথা বলে, কিন্তু মানুষের নিঃসঙ্গতা, ভালোবাসা, শোক কিংবা অপেক্ষার ভাষা অনেক সময় কবিতাই হয়ে ওঠে। ইতিহাস আমাদের বলে কী ঘটেছিল; কবিতা বলে সেই ঘটনার অভিঘাত মানুষের হৃদয়ে কীভাবে বেঁচে থাকে। রোমিলা থাপার নিজেই একাধিকবার বলেছেন, ইতিহাসবিদের কাজ হলো প্রশ্ন করা। আর কবির কাজও প্রশ্ন করা—যদিও প্রশ্নের ধরন ভিন্ন। ইতিহাসের প্রশ্ন যুক্তির, কবিতার প্রশ্ন অনুভূতির। কিন্তু দুটোর লক্ষ্য একই—সত্যের সন্ধান। তাই তাঁর কবিতাগুলোও নিছক আবেগের প্রকাশ নয়; বরং সেগুলো সময়, স্মৃতি, মৃত্যু, একাকিত্ব ও মানবিকতার অনুসন্ধান। আজকের পৃথিবীতে ইতিহাসকে প্রায়ই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। অতীতকে বদলে বর্তমানের মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা নতুন নয়। এ সময় রোমিলা থাপারের কবিতা যেন অন্য এক প্রতিরোধের ভাষা। তিনি আমাদের মনে করিয়ে দেন, ইতিহাসকে যেমন ক্ষমতার ভাষায় বন্দী করা যায় না, তেমনি মানুষের অনুভূতিকেও কোনো মতাদর্শের খাঁচায় আটকে রাখা যায় না। কবিতা সেই স্বাধীনতার নাম। কবিতা কেন জরুরি? কারণ, মানুষ কেবল যুক্তির প্রাণী নয়। মানুষের জীবনে এমন অনেক অভিজ্ঞতা আছে, যা কোনো ইতিহাসগ্রন্থে লেখা যায় না। একটি যুদ্ধের তারিখ লেখা যায়, কিন্তু সেই যুদ্ধে সন্তান হারানো মায়ের নীরবতা লেখা যায় না। একটি দুর্ভিক্ষের পরিসংখ্যান দেয়া যায়, কিন্তু ক্ষুধার্ত শিশুর চোখের ভাষা ধরা যায় না। একটি সাম্রাজ্যের উত্থান-পতনের ইতিহাস লেখা যায়, কিন্তু সাধারণ মানুষের ভাঙা স্বপ্নের ইতিহাস কে লেখে? কবিতা সেই অদৃশ্য ইতিহাসের ভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “তথ্য সত্য নয়, সত্য তথ্যের চেয়েও বড়।” ইতিহাস তথ্যের ওপর দাঁড়ায়, কিন্তু কবিতা সেই বৃহত্তর সত্যকে স্পর্শ করে। রোমিলা থাপারের কাব্যচর্চা যেন সেই দুই সত্যের মধ্যে একটি সেতুবন্ধ। এখানেই তাঁর জীবন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে যায়। একাডেমিক উৎকর্ষ মানেই অনুভূতিহীনতা নয়। বরং যত গভীর জ্ঞান, তত গভীর মানবিকতা। একজন ইতিহাসবিদ যখন কবিতা লেখেন, তখন বোঝা যায় যে জ্ঞানের শেষ পরিণতি অহংকার নয়, বিনয়। কারণ জ্ঞান যত বাড়ে, মানুষ তত বুঝতে শেখে যে পৃথিবীকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই কাব্যগ্রন্থের শিরোনাম ‘জাস্ট বিং’ — অর্থাৎ ‘শুধু থাকা’—নিজেই একটি দার্শনিক উচ্চারণ। আধুনিক সভ্যতা আমাদের প্রতিনিয়ত সফল হতে, উৎপাদন করতে, প্রতিযোগিতা করতে শেখায়। কিন্তু ‘শুধু থাকা’ এই অস্তিত্বের অভিজ্ঞতাই যেন আমরা ভুলে গেছি। মার্টিন হাইডেগার যেমন বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় প্রশ্ন হলো ‘বিং’ —অস্তিত্বের প্রশ্ন। রোমিলা থাপারের কবিতাও যেন সেই অস্তিত্বের নীরব অনুসন্ধান। কবিতা তাঁর কাছে কোনো অলংকার নয়; বরং আত্মসংলাপ। ইতিহাসের নথি যেখানে শেষ হয়, সেখানে কবিতার শুরু। দলিলের বাইরে যে মানুষটি বেঁচে থাকে, কবিতা তারই ভাষা। আজকের শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার ওপর যত গুরুত্ব দেয়া হচ্ছে, মানববিদ্যার গুরুত্ব ততই কমছে। অথচ ইতিহাস, সাহিত্য, দর্শন ও কবিতা ছাড়া একটি সমাজ প্রযুক্তিগতভাবে উন্নত হলেও মানবিকভাবে দরিদ্র হয়ে পড়ে। রোমিলা থাপারের এ কাব্যগ্রন্থ আমাদের মনে করিয়ে দেয় যে শিক্ষা কেবল তথ্য অর্জনের নাম নয়; শিক্ষা হলো সংবেদনশীল হওয়ার শিক্ষা। তাঁর কবিতা তাই ব্যক্তিগত হলেও একই সঙ্গে রাজনৈতিক। কারণ, মানবিকতা নিজেই একটি রাজনৈতিক অবস্থান। ঘৃণা, বিভাজন ও মেরুকরণের সময় ভালোবাসা, সহমর্মিতা ও স্মৃতিকে বাঁচিয়ে রাখাও একধরনের প্রতিরোধ। শেষ পর্যন্ত, রোমিলা থাপারের ‘জাস্ট বিং’ আমাদের একটি গভীর উপলব্ধির দিকে নিয়ে যায়। ইতিহাস আমাদের শেখায় আমরা কোথা থেকে এসেছি; কবিতা শেখায় আমরা কেন এখনো মানুষ হয়ে বেঁচে আছি। এ দুইয়ের মিলনেই সৃষ্টি হয় এমন এক বৌদ্ধিক ও মানবিক পরিসর, যেখানে জ্ঞান কেবল মস্তিষ্কের বিষয় নয়, হৃদয়েরও বিষয়। সম্ভবত সে কারণেই আশি পেরোনো এক ইতিহাসবিদ শেষ পর্যন্ত কবিতার কাছে ফিরে আসেন। কারণ, মানুষ জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে শেখে—সব প্রশ্নের উত্তর ইতিহাসে নেই, কিছু উত্তর কেবল কবিতার কাছেই থাকে। আর সেই উত্তরই আমাদের শেখায়, পৃথিবীতে সবচেয়ে বড় পরিচয় কোনো উপাধি নয়; সবচেয়ে বড় পরিচয়—মানুষ হয়ে থাকা, জাস্ট বিং।
রবীন্দ্রপ্রতিভার বিস্ময়কর জাদুস্পর্শে বাংলা সাহিত্যে সোনার ফসল ফলেছে। বিহারীলাল চক্রবর্তীর মাধ্যমে বাংলা আধুনিক গীতিকবিতায় যে ধারার সূত্রপাত, রবীন্দ্রনাথের দিব্যপ্রতিভায় তা পূর্ণতা লাভ করেছে। সাহিত্য জোয়ারের স্বতঃস্ফূর্ততায় বেগবান হয়েছে। আর তখনই শোনা গেছে ঊর্মি-মুখর সমুদ্রের দিগন্ত বিস্তৃত কলকল্লোল। বিচিত্র রাগে রবীন্দ্রপ্রতিভা বিকশিত হলেও তাঁর লিখনী শুরু থেকে শেষ পর্যন্ত কাব্যের ফুলই বেশি ফুটিয়েছে। প্রকৃতি প্রীতি, অধ্যাত্ম চিন্তা, বিশ্ববোধ, মানবিকতা, প্রেম প্রভৃতির পাশাপাশি মর্ত্যপ্রীতি তাঁর কাব্য-কলার অন্যতম বৈশিষ্ট্য, যা ‘সোনার তরী’ কাব্যে শতধারায় উৎসারিত। এ কাব্যে বাস্তব জগৎ ও জীবনের পরিসীমায় কবি প্রত্যাশিত সৌন্দর্যের সন্ধান লাভে তৎপর। এই উন্মুখতায় সাড়া দিয়ে বিশ্বপ্রকৃতি ও বিশ্বমানব তাঁর একান্ত কাছের স্বজন হয়ে কথা বলেছে। কবিও আকুল দুবাহু বাড়িয়ে এদের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত হয়েছেন। মধ্যযুগের বাংলা সাহিত্যমালার দীপ্র বৈভব বৈষ্ণব পদাবলি সাহিত্য বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য। বৈষ্ণব মতে, স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর প্রেমের সম্পর্ক বিদ্যমান। এ সাহিত্যে জীবাত্মা রাধা ও পরমাত্মা শ্রীকৃষ্ণের বিচিত্র প্রেমলীলার আশ্রয়ে সুগভীর ধর্মীয় তত্ত্ব ব্যক্ত হয়েছে। বৈষ্ণব কবিদের অনবদ্য প্রেম চিত্র পার্থিব মানব-মানবীরই প্রণয়ের প্রতিচ্ছবি, রবীন্দ্রনাথ এ বিষয়ে উচ্চকণ্ঠ। তাঁর মতে, পার্থিব জগতের মানবিক প্রণয়লীলা থেকেই বৈষ্ণব পদাবলির উদ্ভব। এ বিষয়ে কবিতায় ফুটে উঠেছে ললিতমোহন অভিব্যক্তি — সত্য করে কহ মোরে হে বৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিলে এই প্রেমচ্ছবি?... কে তোমারে বেঁধেছিল দুটি বাহু ডোরে? আপন হৃদয়ের অগাধ সাগরে রেখেছিল মগ্ন করি। এত প্রেম কথা রাধিকার চিত্ত দীর্ণ তীব্র ব্যাকুলতা চুরি করি লইয়াছ কার মুখ কার আঁখি হতে? (বৈষ্ণব কবিতা) বৈষ্ণব পদাবলির হৃদয়রঞ্জক ব্যঞ্জনা বিষয়ে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন, "বৈষ্ণব কবিতা আমাদের মনকে যে এত মুগ্ধ করে, তাহার কারণ ইহা নহে যে তাহার মধ্যে দেব-দেবীর অপার্থিব প্রণয়ের চিত্র আছে, পরন্তু তাহার মধ্যে এই মর্ত্যের মানবীয় প্রণয়ের নানা লীলা সুন্দরভাবে দেবতার বেনামীতে প্রকাশ পাইয়াছে।" জগৎ ও জীবনের সহজতর বিকাশের দিকে দৃকপাত না করে সুদূরের প্রত্যাশা জীবনকে অর্থহীন করে তোলে। প্রকৃতির অন্তহীন ঐশ্বর্য এবং মানবজীবনের বহু বিচিত্র বিকাশের মধ্য দিয়েই বিশ্ব সৌন্দর্যের যথাযথ আস্বাদ লাভ করা সম্ভব। মর্ত্যের সৌন্দর্যকে অবহেলা করে আকাশের চাঁদের আকাঙ্ক্ষা কবির নেই। জীবন ও জগতের সৌন্দর্য মাধুর্যে কবি আপ্লুত। তাঁর কবিতা মর্ত্য জীবনানন্দে অনুরঞ্জিত— শশী নাহি চাই যদি ফিরে পাই আরবার এই জীবন। ( আকাশের চাঁদ) বিশ্বের সঙ্গে কবির সম্পর্ক জন্ম-জন্মান্তরের। পৃথিবী আপন বৈচিত্র্যের পসরা সাজিয়ে কবিকে আবাহন জানায়। কবিও ব্যাকুল কণ্ঠে বলে ওঠেন, “আমার পৃথিবী তুমি বহু বরষের।” (বসুন্ধরা) কেবল বিশ্বপ্রকৃতি নয়, বিশ্বমানবের মিলনমেলার জন্য কবি উদগ্রীব। স্বদেশ ও স্বজাতির ক্ষুদ্র সীমা অতিক্রম করে স্বতঃস্ফূর্ত হৃদয়ে বিশ্বের প্রাণ রসধারার অমিয় সাগরে সিনান করতে তিনি আকুল— হৃদয় আমার ক্রন্দন করে মানব হৃদয়ে মিশিতে নিখিলের সাথে মহারাজ পথে চলিতে দিবস-নিশীথে। (বিশ্বনৃত্য) শ্যামল ধরণির বরপুত্র কবির কাছে বৈকুণ্ঠের চেয়ে পৃথিবীর মাটি ও মানুষ অনেক বেশি আদরণীয়। রূপ, রস, গন্ধ, সৌন্দর্য, বৈভব তথা অপার মায়াজালে কবির নয়ন বিমুগ্ধ — ফুটিয়াছে ঝোপে ঝাড়ে নিরাকুল ফুলভারে বকুল-বাগান। কানায় কানায় পূর্ণ আমার পরান। (ভরা ভাদরে) এই ভরা পরানের মূর্ছনায় সোনার তরী কাব্য হিল্লোলিত। রবীন্দ্রনাথ নিজেকে প্রসারিত করে জল, স্থল, অন্তরীক্ষের প্রতিটি অবস্থার সৌন্দর্য আস্বাদনে উন্মুখ। তৃণ-লতা, গাছ-পালা, নদী-পর্বত, মেঘ-বৃষ্টি প্রভৃতির বিচিত্র জগতে নিজেকে ছড়িয়ে দিয়ে তিনি আনন্দ উদ্বেল। বিভিন্ন দেশ ও জাতির বহু রৈখিক পারিপার্শ্বিকতা বিচিত্র রাগিণীতে বাঁশি বাজায়। হৃদয়ের প্রত্যন্ত প্রদেশে কবি শোনেন সেই বাঁশির ললিত ঝংকার। বিপুল আকুলতায় বলেন— ইচ্ছা করে আপনার করি যেখানে যা কিছু আছে; নদীস্রোতোনীরে আপনারে গলাইয়া দুই তীরে তীরে নব নব লোকালয়ে করে যাই দান... (বসুন্ধরা) অক্ষমা ধরিত্রী মাতা তাঁকে অনেক কিছুই দিতে পারেন না। এই অসম্পূর্ণ সুখের মাঝেই কবির পরম তৃপ্তি— যেখানে এসেছি আমি আমি সেথাকার দরিদ্র সন্তান আমি দীন ধরণির। জন্মাবধি যা পেয়েছি সুখ দুঃখ ভার বহু ভাগ্য বলে তাই করিয়াছি স্থির। (অক্ষমা) কবির কাছে পৃথিবী স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। বিত্ত বৈভবের চমক না থাকলেও মাটির পৃথিবী কবির চির ভালোবাসার ধন— দরিদ্রা বলিয়া তোরে বেশি ভালবাসি হে ধরিত্রী স্নেহ তোর বেশি ভালো লাগে... (দরিদ্রা) এ বিষয়ে শ্রী প্রমথনাথ বিশী বলেন, "পৃথিবীতে সুখ দুঃখ দুই-ই আছে, সেই তো তাহার গৌরব, বস্তুত স্বর্গে সুখ আছে কিন্তু আনন্দ নাই, আনন্দ একান্তভাবে পার্থিব।...এই ভাবটি ‘সোনার তরী’র ‘দরিদ্রা’ কবিতায় আছে।" কবি অক্ষমা ও দরিদ্রা জননীকে ঘৃণা করে মুক্তির প্রত্যাশা করেন না। তাঁর মুক্তি পৃথিবীতেই। পৃথিবীর আলো-বাতাসে অসংখ্য প্রাণের বিকাশে সহস্র বন্ধনমাঝেই মহানন্দ লাভে কবি উদগ্রীব। এ অপরূপ ধরাতল ছেড়ে কবি আর কোথাও যেতে চান না। এই অনীহার মাঝে মর্ত্যপ্রীতি কূলপ্লাবী নদীর মূর্ছনায় কান্ত মধুর— ভালোবাসিয়াছি আমি ধূলি মাটি তোর যে মর্ত্যকূলে ঘৃণা করি তারে ছুটিব না স্বর্গে আর মুক্তি খুঁজিবারে। (আত্মসমর্পণ) বস্তুত মর্ত্যপ্রীতি রবীন্দ্র কাব্য-ভাবনার অন্যতম বৈশিষ্ট্য । ‘সোনার তরী’ কাব্য এই অনুভূতি শৈল্পিক বিভায় সমুজ্জ্বল। এ বিষয়ে উপেন্দ্রনাথ ভট্টাচার্যের মন্তব্য স্মরণযোগ্য, "কবি এই আবেগময় অনুভূতিকে কাব্যের ঐশ্বর্য দান করিয়াছেন। এই অনুভূতিই রবীন্দ্রনাথের বিশ্ববোধের মূল প্রেরণা।"
আধুনিক মনোবিজ্ঞানে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগিক বুদ্ধিমত্তা ধারণাটি তুলনামূলকভাবে সাম্প্রতিক। ১৯৯০-এর দশকে মনোবিজ্ঞানী পিটার স্যালোভি ও জন মেয়ার এ তত্ত্বের গোড়াপত্তন করেন। পরবর্তী সময়ে ড্যানিয়েল গোলম্যানের গবেষণার মাধ্যমে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গোলম্যানের কাঠামো অনুযায়ী আবেগিক বুদ্ধিমত্তার পাঁচটি মূল স্তম্ভ চিহ্নিত করা হয় : আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ প্রেষণা, সহমর্মিতা ও সামাজিক দক্ষতা। তবে লক্ষণীয় বিষয় হলো, এ ধারণার মূল উপাদানগুলো মানবসভ্যতার ইতিহাসে বহু আগে থেকেই আদর্শ চরিত্র ও কার্যকর নেতৃত্বের অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। কেবল এত দিন তাত্ত্বিক কাঠামোয় নামকরণ হয়নি। মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাচরণে এই গুণাবলির এক সমন্বিত ও ব্যবহারিক রূপ বিদ্যমান, যা সমসাময়িক ব্যবস্থাপনা, নেতৃত্ব ও মনোবিজ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত। সমসাময়িক মনোবিজ্ঞান ও নেতৃত্ববিষয়ক আলোচনায় আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক বুদ্ধিমত্তা, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা, সম্পর্ক ব্যবস্থাপনা ও ইতিবাচক চিন্তা বিশেষ গুরুত্ব বহন করে। তবে এই পরিভাষাগুলো আধুনিক হলেও মহানবি (সা.)-এর জীবনাচরণে এগুলোর বাস্তব ও গভীর প্রয়োগ বহু শতাব্দী আগেই প্রতিফলিত হয়েছিল। আবেগিক বুদ্ধিমত্তার একটি কেন্দ্রীয় দিক হলো তীব্র মানসিক চাপের মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে চিন্তাশীল সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। প্রতিকূল পরিস্থিতিতেও নবি করিম (সা.) তাঁর আবেগ নিয়ন্ত্রণে অসাধারণ দক্ষতা প্রদর্শন করতেন। মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমা ঘোষণার ঘটনা এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। বহু বছরের নিপীড়ন, অবরোধ ও যুদ্ধের ইতিহাস সত্ত্বেও প্রতিহিংসার পরিবর্তে সংহতি ও সহাবস্থানের নীতি গ্রহণ করেছিলেন তিনি। এই সিদ্ধান্ত-প্রক্রিয়ায় আবেগের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়ার একটি কৌশলগত দৃষ্টান্ত পাওয়া যায়, যা নেতৃত্বতত্ত্বের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সাংগঠনিক আচরণবিজ্ঞানে এ ধরনের সিদ্ধান্তকে প্রায়ই ‘ইমোশনাল রেগুলেশন ইন হাই-স্টেকস লিডারশিপ’ বা উচ্চ-ঝুঁকিপূর্ণ নেতৃত্বে আবেগ নিয়ন্ত্রণের দৃষ্টান্ত হিসেবে বিশ্লেষণ করা হয়, যেখানে তাৎক্ষণিক আবেগীয় তাড়নার বদলে দীর্ঘমেয়াদি ফলাফলের কথা বিবেচনা করা হয়। এ ছাড়া ব্যক্তিগত জীবনেও তাঁর আত্মনিয়ন্ত্রণের দৃষ্টান্ত পাওয়া যায়। সন্তান হারানোর শোক, নিকটাত্মীয় বিয়োগ কিংবা অনুসারীদের ভুল-ত্রুটির মুখোমুখি হয়েও তিনি ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া প্রদর্শন করতেন বলে হাদিসের বিভিন্ন বর্ণনায় উল্লেখ পাওয়া যায়। আবেগ প্রকাশে সংযম, অথচ আবেগকে সম্পূর্ণ দমন না করা, এই দ্বৈত ভারসাম্য আধুনিক মনোবিজ্ঞানে ‘ইমোশনাল রেগুলেশন’ এবং ‘ইমোশনাল সাপ্রেশন’-এর মধ্যকার পার্থক্য বোঝার ক্ষেত্রে একটি প্রাসঙ্গিক দৃষ্টান্ত হতে পারে। সামাজিক বুদ্ধিমত্তার একটি মূল উপাদান হলো ভিন্ন সামাজিক অবস্থান ও প্রেক্ষাপটের মানুষের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের দক্ষতা। নবি করিম (সা.) দাস, শিশু, নারী, বয়োজ্যেষ্ঠ ও ভিন্নধর্মাবলম্বী সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে তাদের প্রেক্ষাপট অনুযায়ী সংবেদনশীলভাবে আচরণ করতেন। প্রতিবেশীর অধিকার, অতিথি আপ্যায়ন এবং পারস্পরিক পরামর্শ বা ‘শূরা’র নীতির ওপর তাঁর বিশেষ গুরুত্বারোপ এই সামাজিক সংবেদনশীলতারই প্রতিফলন বলে গবেষকরা মনে করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, তাঁর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরামর্শের ভূমিকা। বদরের যুদ্ধের অবস্থান নির্বাচন থেকে শুরু করে উহুদের যুদ্ধকৌশল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি অনুসারীদের মতামত গ্রহণ করেছিলেন। এমনকি ব্যক্তিগত মত ভিন্ন হলেও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছিলেন। সাংগঠনিক নেতৃত্বতত্ত্বে এ ধরনের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত-প্রক্রিয়াকে ‘পার্টিসিপেটিভ লিডারশিপ’ বলা হয়। যেখানে নেতা তাঁর কর্তৃত্ব বজায় রেখেও অধস্তনদের মতামতকে মূল্য দেন; এবং এর মাধ্যমে সংগঠনের মধ্যে আস্থা ও সংশ্লিষ্টতার অনুভূতি তৈরি করেন। মদিনা সনদ, ইতিহাসে বিশ্বের অন্যতম প্রাচীন লিখিত সংবিধান হিসেবে স্বীকৃত, ছিল এই সামাজিক দক্ষতারই একটি প্রাতিষ্ঠানিক রূপ। বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের একটি কাঠামো তৈরি করে তিনি বহুত্ববাদী সমাজ পরিচালনায় সংলাপ ও সমঝোতার গুরুত্ব তুলে ধরেছিলেন, যা সমকালীন রাষ্ট্রবিজ্ঞান ও সংঘাত-নিরসন তত্ত্বের দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ। এই সনদে বিভিন্ন পক্ষের অধিকার ও দায়িত্ব সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করার মাধ্যমে একটি বহু-সাংস্কৃতিক নগর-রাষ্ট্র পরিচালনার যে কাঠামো তৈরি হয়েছিল, তা আধুনিক ‘কনফ্লিক্ট রেজোলিউশন’ বা সংঘাত-নিরসন তত্ত্বের অনেক মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। সহমর্মিতার আরেকটি দৃষ্টান্ত পাওয়া যায় তাঁর দৈনন্দিন আচরণে। দরিদ্র ও অসহায় মানুষের প্রতি তাঁর মনোযোগ, রোগীর সেবা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কথা শোনার আগ্রহের মধ্যে। এই আচরণ কেবল ব্যক্তিগত সদাচরণের প্রকাশ নয়, বরং একধরনের সক্রিয় শ্রবণ বা ‘অ্যাক্টিভ লিসেনিং’-এর দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হতে পারে, যা আধুনিক যোগাযোগ তত্ত্বে সম্পর্ক নির্মাণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত। তায়েফের ঘটনা মহানবি (সা.)-এর আবেগিক নিয়ন্ত্রণ, ক্ষমাশীলতা ও ভবিষ্যৎমুখী ইতিবাচক চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। তায়েফে তিনি প্রত্যাখ্যাত, অপমানিত ও নির্যাতিত হন। শারীরিক নির্যাতন ও অপমানের শিকার হয়েও প্রতিশোধের পরিবর্তে তিনি ধৈর্য ও ক্ষমার পথ বেছে নেন। সহিহ আল-বুখারির বর্ণনা অনুযায়ী, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তাঁকে তাঁর নির্যাতনকারীদের ওপর দুই পাহাড় চাপিয়ে দেয়ার প্রস্তাব দেন। প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তা প্রত্যাখ্যান করেন। আশা করেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে, যারা এক আল্লাহর ইবাদত করবে। এখানে ক্ষমার পাশাপাশি দীর্ঘমেয়াদি সামাজিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এ ঘটনা কেবল ধর্মীয় সহনশীলতার উদাহরণ নয়, বরং তীব্র মানসিক চাপের মুহূর্তে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার একটি বাস্তব নজির, যাকে আধুনিক পরিভাষায় ‘স্ট্রেস রেগুলেশন’ বা মানসিক চাপ নিয়ন্ত্রণ বলা যেতে পারে। এক বেদুঈন মসজিদের ভেতর প্রস্রাব করতে শুরু করলে সাহাবিরা তাঁকে থামাতে উদ্যত হন। কিন্তু মহানবি (সা.) তাঁদের বিরত করেন এবং পরবর্তী সময়ে জায়গাটি পানি দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেন। তিনি ভুলটিকে সমর্থন করেননি; বরং ভুলকারী ব্যক্তির অজ্ঞতা ও সামাজিক অবস্থাকে বিবেচনায় নিয়েছিলেন। মূল শিক্ষা হলো : অজ্ঞতার চিকিৎসা অপমান নয়, শিক্ষা। আধুনিক সমাজে মানুষ প্রায়ই ভুল এবং ভুলকারীকে একইভাবে বিচার করে। একটি ভুলের ভিত্তিতে পুরো ব্যক্তিত্বকে প্রত্যাখ্যান করা হয়। নববি পদ্ধতি ছিল ভিন্ন। ভুল সংশোধন করতে হবে, কিন্তু এমনভাবে, যাতে মানুষের মর্যাদা অক্ষুণ্ন থাকে এবং তার ফিরে আসার পথ বন্ধ না হয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই নীতি প্রয়োগ করা হলে বহু অপ্রয়োজনীয় সংঘাত ও সম্পর্কভাঙন এড়ানো সম্ভব। উহুদের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতেও মহানবি (সা.)-এর নেতৃত্বে আবেগিক ও সামাজিক প্রজ্ঞার উজ্জ্বল উদাহরণ দেখা যায়। কিছু সাহাবির সিদ্ধান্তের কারণে গুরুতর বিপর্যয় ঘটেছিল। মহানবি (সা.) নিজেও আহত হয়েছিলেন। কিন্তু সুরা আলে ইমরান ৩:১৫৯-এ তাঁকে তাঁদের প্রতি কোমল থাকতে, ক্ষমা করতে, তাঁদের জন্য ক্ষমা প্রার্থনা করতে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখতে বলা হয়। এখানে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ নীতি প্রকাশিত হয়েছে। একজন অনুসারী ভুল করলেই তার মর্যাদা ও অংশগ্রহণের অধিকার চিরতরে নষ্ট হয়ে যায় না। বরং কার্যকর নেতৃত্ব মানুষের ভুল সংশোধন করে তাকে পুনরায় দায়িত্বশীল অংশগ্রহণে ফিরিয়ে আনে। মহানবি (সা.)-এর নেতৃত্ব তাই শুধু শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ ছিল না; তা মানুষের পুনর্গঠন, আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং সামাজিক অন্তর্ভুক্তির ওপর প্রতিষ্ঠিত ছিল। তাঁর ব্যক্তিত্বের প্রকৃত গভীরতা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় কাছের মানুষের সাক্ষ্যে। আনাস ইবনে মালিক (রা.) প্রায় দশ বছর মহানবি (সা.)-এর সেবায় ছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, এই দীর্ঘ সময়ে মহানবি (সা.) তাঁকে কোনো কাজ করা বা না করার জন্য অপমানজনক ভঙ্গিতে প্রশ্ন করেননি। এই সাক্ষ্য গুরুত্বপূর্ণ, কারণ জনসমক্ষে ভদ্র থাকা তুলনামূলকভাবে সহজ, কিন্তু যারা নিকটবর্তী, অধীনস্থ বা প্রতিদিনের সম্পর্কের অংশ, তাদের সঙ্গে আচরণই ব্যক্তির প্রকৃত চরিত্র প্রকাশ করে। আয়েশা (রা.)-এর বর্ণনাতেও পাওয়া যায় যে মহানবি (সা.) ব্যক্তিগত কারণে প্রতিশোধ নিতেন না এবং কোনো নারী বা খাদেমকে হাতে আঘাত করেননি। ক্ষমতা থাকা সত্ত্বেও কোমলতা বজায় রাখা তাঁর নৈতিক ও আবেগিক পরিপক্বতার একটি উল্লেখযোগ্য দিক। শিশুদের প্রতি তাঁর আচরণ সামাজিক সংবেদনশীলতার আরেকটি মানবিক উদাহরণ। আনাস (রা.)-এর ছোট ভাই আবু উমাইরের একটি পাখি ছিল এবং মহানবি (সা.) তাঁর সঙ্গে হাসিমুখে কথা বলতেন ও পাখিটির খবর নিতেন। রাষ্ট্রীয়, সামাজিক, ধর্মীয় ও বিচারিক অসংখ্য দায়িত্বের মধ্যেও একটি শিশুর ক্ষুদ্র আনন্দ ও দুঃখ তাঁর কাছে গুরুত্ব হারায়নি। মহানবি (সা.)-এর সামাজিক বুদ্ধিমত্তা ধর্মীয় ভিন্নতার ক্ষেত্রেও মানবিক মর্যাদার প্রতি গভীর সম্মান প্রকাশ করে। একজন ইহুদি ব্যক্তির জানাজা অতিক্রম করার সময় তিনি উঠে দাঁড়ান। তাঁকে জানানো হলো যে মৃত ব্যক্তি ইহুদি। তিনি প্রশ্ন করেন, “সে কি একটি প্রাণ নয়?” এই সংক্ষিপ্ত ঘটনায় একটি সর্বজনীন মানবিক নীতি নিহিত রয়েছে। ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক মতপার্থক্য মানুষের মৌলিক মর্যাদা অস্বীকারের কারণ হতে পারে না। বর্তমান বিভক্ত বিশ্বে এই শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক মেরুকরণ প্রায়ই মানুষকে এমন অবস্থায় নিয়ে যায়, যেখানে নিজের দলের মানুষের কষ্টকে গুরুত্ব দেয়া হয়, কিন্তু ভিন্ন পরিচয়ের মানুষের কষ্টকে উপেক্ষা করা হয়। এ কারণেই মানুষ মহানবি (সা.)-এর পাশে নিজেদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ মনে করত। ভুল করলে সংশোধনের সুযোগ থাকবে, কষ্ট পেলে তিনি শুনবেন, দুর্বল হলে অপমান করবেন না, শিশু হলে অবহেলা করবেন না, অধীনস্থ হলে মর্যাদা কমবে না এবং ভিন্ন বিশ্বাসের হলেও মানবিক অস্তিত্ব অস্বীকার করা হবে না। এই নিরাপত্তাবোধ তাঁর নেতৃত্বের একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল। কোরআনের ভাষায়, তিনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন, মানুষ তাঁর চারপাশ থেকে সরে যেত। ফলে নববি নেতৃত্বের অন্যতম শিক্ষা হলো : মানুষ শুধু শক্তিশালী নেতার অনুসারী হয় না, তারা সেই নেতার প্রতি আস্থাশীল হয়, যার কাছে তাদের মর্যাদা নিরাপদ। কোরআন মহানবি (সা.)-এর এই মানবিক ও আবেগিক চরিত্রকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরে। সুরা আত-তাওবা ৯:১২৮-এ বলা হয়েছে যে, মানুষের কষ্ট তাঁর কাছে অত্যন্ত কষ্টকর ছিল, তিনি মানুষের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু ছিলেন। এ বর্ণনা থেকে স্পষ্ট হয় যে, তাঁর সহমর্মিতা ছিল শুধু নৈতিক বক্তব্য নয়; বরং তা তাঁর নেতৃত্ব ও সামাজিক সম্পর্কের মৌলিক ভিত্তি ছিল। অন্যের দুর্দশা, ব্যথা ও দুর্বলতার প্রতি সংবেদনশীলতা তাঁর ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল। মহানবি (সা.)-এর আবেগিক বুদ্ধিমত্তার আরেকটি কেন্দ্রীয় দিক ছিল আত্মসংযম। তিনি শক্তির প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন। সহিহ আল-বুখারির হাদিসে তিনি বলেন, প্রকৃত শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং সে, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই বক্তব্য মানবিক আত্মনিয়ন্ত্রণের গভীর তাৎপর্য প্রকাশ করে। নববী দৃষ্টিভঙ্গিতে প্রকৃত শক্তি হলো আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। মক্কিজীবনের প্রথম পর্যায়ে অর্থনৈতিক বয়কট, সামাজিক বিচ্ছিন্নতা ও ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মুখেও নবুয়তি দায়িত্ব পালনে অবিচল থাকা এবং অনুসারীদের মধ্যে আশাবাদ সঞ্চার করার প্রবণতা আধুনিক মনোবিজ্ঞানের ‘রেজিলিয়েন্স’ বা প্রতিরোধ-সক্ষমতা ধারণার সঙ্গে তুলনীয়। বদর ও উহুদের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায়ও তিনি হতাশার পরিবর্তে ভবিষ্যৎমুখী পুনর্গঠনের নীতি অনুসরণ করেছিলেন বলে ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়। হিজরতের সময়কার একটি বহুল-উদ্ধৃত ঘটনাও এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। সাওর গুহায় আশ্রয় নেয়ার সময় শত্রুপক্ষের নিকটবর্তী উপস্থিতি সত্ত্বেও তিনি তাঁর সহচরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। এ ঘটনা চরম অনিশ্চয়তার মুহূর্তেও স্থিতধী মনোভাব বজায় রাখার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ইতিবাচক মনোবিজ্ঞানের ভাষায় একে ‘কগনিটিভ রিফ্রেমিং’ বলা যেতে পারে। অর্থাৎ একই পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা। লক্ষণীয় বিষয় হলো, এই ইতিবাচক মনোভাব কোনো নিষ্ক্রিয় আশাবাদ নয়, বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা ও প্রস্তুতির সঙ্গে যুক্ত ছিল। শত্রুরা তাঁদের খুঁজছিল এবং পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। আবু বকর (রা.) উদ্বিগ্ন হলে মহানবি (সা.) বলেন, “চিন্তিত হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” ( সুরা আত-তাওবা ৯:৪০) এখানে তিনি বাস্তব বিপদকে অস্বীকার করেননি, বরং বিপদের মাঝেও আল্লাহর সাহায্যের প্রতি আস্থা বজায় রেখেছেন। এই দৃষ্টিভঙ্গি শেখায় যে জীবনের কোনো একটি সংকটকে সমগ্র ভবিষ্যতের চূড়ান্ত রায় হিসেবে গ্রহণ করা উচিত নয়। খন্দকের যুদ্ধে পরিখা খননের কৌশল গ্রহণ কিংবা মদিনায় অভিবাসনের পর অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো পুনর্গঠনের উদ্যোগ। এসব দৃষ্টান্ত থেকে বোঝা যায়, তাঁর আশাবাদ বাস্তবতাবিবর্জিত ছিল না, বরং কার্যকর পরিকল্পনার সঙ্গে সংযুক্ত ছিল। এই সমন্বয়কে আধুনিক ব্যবস্থাপনা-তত্ত্বে ‘রিয়েলিস্টিক অপটিমিজম’ বা বাস্তবতাভিত্তিক আশাবাদ বলা হয়, যেখানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাস্তবতা-বিচ্ছিন্ন না হয়ে কার্যকর পদক্ষেপের ভিত্তি হিসেবে কাজ করে। এই আবেগিক ও সামাজিক প্রজ্ঞার সঙ্গে মহানবি (সা.)-এর ইতিবাচক চিন্তা গভীরভাবে সম্পর্কিত। তাঁর জীবন পিতৃহীনতা, মাতৃহীনতা, প্রিয়জন হারানো, সামাজিক বর্জন, উপহাস, নির্যাতন, যুদ্ধ ও বিরোধিতায় পরিপূর্ণ ছিল। তা সত্ত্বেও তিনি তিক্ত, প্রতিহিংসাপরায়ণ বা হতাশ হয়ে যাননি। মানুষের পরিবর্তনের সম্ভাবনায় বিশ্বাস রেখেছেন। চাকরি হারানো, পরীক্ষায় ব্যর্থতা বা আর্থিক সংকট এসব জীবনের কঠিন অধ্যায় হতে পারে। কিন্তু পুরো জীবন নয়। মহানবি (সা.) আশাব্যঞ্জক কথাও পছন্দ করতেন। সহিহ হাদিসে তাঁর ভালো, সুন্দর ও আশাজাগানিয়া কথা পছন্দ করার কথা এসেছে। এর তাৎপর্য হলো, ভাষা মানুষের মনোবল ও আচরণে প্রভাব ফেলে। ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ এবং ‘ভুল হয়েছে, কিন্তু চেষ্টা করলে উন্নতি সম্ভব’ এ দুই ধরনের বক্তব্য একই বাস্তবতার প্রতি সম্পূর্ণ ভিন্ন মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। নববি ইতিবাচকতা এমন ভাষার ব্যবহার করে, যা মানুষের অন্তর্নিহিত শক্তি ও পরিবর্তনের সম্ভাবনাকে অক্ষুণ্ন রাখে। একই সঙ্গে এই ইতিবাচকতা কোনো কৃত্রিম আবেগ-দমন ছিল না। মহানবি (সা.) কেঁদেছেন। শোক প্রকাশ করেছেন। মানুষের আচরণে কষ্ট পেয়েছেন এবং উম্মতের জন্য উদ্বিগ্ন হয়েছেন। ফলে দুঃখ অনুভব করা বা কান্না করা ইমানের দুর্বলতার প্রমাণ নয়। একজন মানুষ একই সঙ্গে কষ্ট অনুভব করতে পারে এবং আল্লাহর ওপর আস্থাও রাখতে পারে। সামগ্রিকভাবে মহানবি (সা.)-এর আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক প্রজ্ঞা এবং ইতিবাচক চিন্তা একটি সমন্বিত মানবিক দর্শন নির্মাণ করে। এ দৃষ্টিভঙ্গির সারকথা হলো : মানুষের হৃদয় জয় করতে তাকে পরাজিত করার প্রয়োজন নেই। তাকে বোঝা প্রয়োজন। মানুষের ভুলের মধ্যেও সম্ভাবনা দেখতে হবে। কষ্টের মধ্যেও আশা রাখতে হবে। ভয়ের মধ্যেও দায়িত্ব পালন করতে হবে। অশ্রুর মধ্যেও পথচলা অব্যাহত রাখতে হবে। এই শিক্ষা শেষ পর্যন্ত কোরআনের সেই গভীর ঘোষণার সঙ্গে সংযুক্ত হয় : মহানবি (সা.) বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর শক্তির গভীরে ছিল দয়া। তাঁর নেতৃত্বের কেন্দ্রে ছিল মানুষের হৃদয়। তাঁর ইতিবাচকতার কেন্দ্রে ছিল আল্লাহর ওপর আস্থা। আধুনিক সমাজে যেখানে তথ্যের প্রাচুর্য থাকলেও সহমর্মিতার ঘাটতি রয়েছে, সেখানে তাঁর জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত প্রজ্ঞা হলো ক্ষমতার মধ্যেও কোমল থাকা। কষ্টের মধ্যেও ন্যায়বান থাকা। ক্রোধের মধ্যেও আত্মসংযমী থাকা। মানুষের ভুলের মধ্যেও তার সম্ভাব্য ভবিষ্যৎকে দেখতে শেখা। বর্তমান কর্মক্ষেত্র ও সমাজে নেতৃত্বের সংকট, মানসিক চাপ ও আন্তঃব্যক্তিক সম্পর্কের জটিলতা ক্রমবর্ধমান একটি আলোচ্য বিষয়। বিশ্বজুড়ে ব্যবস্থাপনা-শিক্ষায় ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ ও ‘রেজিলিয়েন্স’ এখন প্রশিক্ষণ কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এবং বহু প্রতিষ্ঠান নেতৃত্ব-উন্নয়নের ক্ষেত্রে এই দক্ষতাগুলোকে প্রযুক্তিগত দক্ষতার সমান বা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে। বাংলাদেশসহ মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সমাজে শিক্ষাপ্রতিষ্ঠান, পারিবারিক পরিমণ্ডল ও কর্মক্ষেত্রে নৈতিক নেতৃত্বের আদর্শ অনুসন্ধানের ক্ষেত্রে এ ধরনের ঐতিহাসিক-বিশ্লেষণাত্মক পাঠ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বয়সটা নিতান্তই বাল্যকাল। শখের প্রিয় টেপা পুতুলঘোড়ার খেলনাগুলো এক পাশে রেখে যখন থার্মোমিটার, রক্তচাপ মান যন্ত্রাংশের স্পর্শতা পেয়েছিল, ঢের বুঝেছিলাম একদিন সু-বিশালতার আদর্শ সেবিকা হব। হঠাৎ অগোচরে বাবার শরীর কাঁপুনিতে জ্বরের আগমনী বার্তা। মনের উদ্দীপ্ত একাগ্রতা চিত্তের আকুলতায় সেবিকা আদর্শে স্পর্শ ছোঁয়ায় অনবদ্য মাধুর্যতা। স্নিগ্ধতায় মস্তকে হাত বুলিয়ে বাবার পরশমণির মৃদু হাসির আড়ালে এক উচ্চারিত প্রতিধ্বনি, “অনেক বড় হও মা। সৃষ্টিকর্তার প্রার্থনার আলোয় আলোকিত করো প্রতিটি জীবের শুদ্ধতার পবিত্র অন্তর।” এই উচ্চারিত প্রতিধ্বনি কেবল এক নিচ্ছুক শব্দ নয়, জীবনবৃত্তান্তে বেড়ে ওঠা স্বপ্ন পূরণের বহিঃপ্রকাশ। বাংলার সবুজ দিগন্তে প্রকৃতির নিবিড়য়তায় স্বপ্নগুলো আমার একান্তই সঙ্গী। সন্ধ্যা আঁধারে ঝিঁঝি পোকার আলোই বয়ে চলা নিঃসঙ্গতা নদীপথ। নিদ্রা যাপনে কল্পনার জগৎ ভাবে ভাবান্তর অতুলনীয় স্বপ্ননীল সুন্দর। কালবেলার দ্বিখণ্ডিত পর্বে শতাব্দীর অবসান। কত শত জীবন্ত মরুভূমি প্রান্তরে অলীক চিন্তার মোড়কে স্বপ্ন পূরণের অঙ্গীকার। স্বপ্নসিঁড়ির যাত্রাপথে শহরতলির অভিশপ্ত নগরী আমার আবাসস্থল। ইট-পাথরের শহর গলিপথে অসহায়ত্বের শান্তিনিকেতনে আমার দিবালয় মিশনারি হাসপাতাল। সমুদ্রের কিনারে সূর্যাস্তে ঢলে পড়া ক্লান্ত সন্ধ্যায় মুঠোফোনের ওপাশ থেকে এক শুভেচ্ছা বার্তা। এই তো এখানে জায়গা আছে। হৃদয়ের সুপ্ত গভীরতায় যে স্বপ্ন বুনেছিলাম, তার প্রতিটি অপেক্ষা পূরণের ব্যাকুলতায় সীমাহীন আনন্দ অভিমান। পাখিডাকা ভোরের উষ্ণ শীতলতায় ওয়ান জিরো ফোর অপারেশন থিয়েটার। হাসপাতালের প্রতিটি ইট, ধূলিকণা যেন এক নির্বাক বাঁচার আকুতি। কিছু মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম বিষাদ সিন্ধুর একাকিত্বে। হঠাৎ দরজায় কড়া নেড়ে রুক্ষ মূর্তি হয়ে দাঁড়িয়ে এক জীবন্ত সেবিকা। বিষণ্ন বাতাসে মৃদু হেসে বলিয়া উঠিল, “তোমার ডিউটি ওয়ান জিরো ফোর অপারেশন থিয়েটার রুম।” বেস্ট রঙের যুগলবন্দী পোশাকের ঘ্রাণের মাধুর্যতা আমার শরীরের প্রতিটি শিরা-উপশিরায় বহমান। মুহূর্তেই এক দুঃখবিলাসী জীবনের কাতরতায় অভাগীর অনুপ্রবেশ। বাঁচার আকুতি এবং সেবা গ্রহণের প্রতীক্ষায়। আগ্রহ বাড়িয়ে হৃদয়স্পর্শী সেবা দানে সমাপ্ত হইল তাহার নিকট আমার প্রথম সেবার আত্মনিবেদন।
শুরুটা ছিল কোটা নিয়ে প্রশ্ন কিন্তু জবাব চাইলেই কেন ওঠে রোষ? ছাত্রজনতা জবাব খুঁজতে যায় দেশ ছাড়িয়ে বিদেশে সত্যের দীপ্তি ছড়ায়। কোটা নয় শুধু, ছিল অধিকার ছিল বঞ্চিতের কান্না, ইতিহাসের ভার। চোখে আগুন, মুখে প্রতিবাদ ২৪-এ জেগে ওঠে নতুন প্রজন্মের সাধ। চারপাশে পুলিশ, হাতে গ্যাস আর গুলি তাদের ভাষা যেন আতঙ্ক আর বুলি। গায়ে লাগে ধোঁয়া, বুকে বাজে ব্যথা তবুও পিছু হটে না ছাত্রের মাথা। এক বন্ধু গেল পড়ে, আরেকজন ধরে স্লোগান রক্তমাখা পায়ে লেখা হলো মুক্তির গান। আমরা হারিনি, মরিনি ভয়েতে দাঁড়িয়েছি বুক পেতে দুঃসহ সহ্যশক্তির প্রহর গেঁথে।
পৃথিবীতে এমন একটি দিন কল্পনা করা যাক, যেদিন কোনো মানুষ মিথ্যা বলতে পারবে না। ইচ্ছা থাকলেও সত্যকে আড়াল করার সুযোগ থাকবে না। মুখে যা আসবে, তা আড়াল করার আগেই প্রকাশ পাবে। সম্পর্ক, রাজনীতি, ব্যবসা, বন্ধুত্ব কিংবা পারিবারিক জীবনের বহু অপ্রকাশিত কথা সেদিন হঠাৎ প্রকাশ্যে চলে আসবে। মিথ্যাগুলোর সত্যরূপ বের হয়ে যাবে। পৃথিবীটা ওই দিন চরম অস্বস্তিকর হয়ে উঠবে, কিন্তু একই সঙ্গে মানুষ নিজের এবং অন্যের বাস্তবতাকে নতুন করে দেখতে শিখবে। বাস্তব বিষয়টা জানবে। মানুষের জীবনে মিথ্যার উপস্থিতি খুব স্বাভাবিক। মিথ্যাটাকে মাধ্যমস্বরূপ ব্যবহার করা হয় নিজেকে বাঁচাতে, অন্যকে কষ্ট না দিতে, কখনো নিজের দুর্বলতা লুকাতে। আবার কখনো মিথ্যা হয়ে ওঠে স্বার্থরক্ষার অস্ত্র। প্রকৃতির সাথে থেকেই মানুষ শিখে যায় কোন সত্য বলা যায়, কোন সত্য গোপন রাখতে হয় এবং কখন একটি মিথ্যা পরিস্থিতিকে সহজ করে দিতে পারে। কিন্তু যদি সেই সুযোগটি এক দিনের জন্যও না থাকে? সকালের শুরুতেই পৃথিবী বদলে যেতে পারে। কর্মক্ষেত্রে বহু প্রশংসা হঠাৎ অর্থহীন হয়ে যাবে। যোগ্যতার চেয়ে পরিচিতি বা সুবিধা পাওয়ার যে অদৃশ্য পথগুলো রয়েছে, সেগুলো প্রকাশ্যে চলে আসবে। কেউ নিজের ভুল স্বীকার করতে বাধ্য হবে, কেউ অন্যের প্রাপ্য কৃতিত্ব নেয়ার বিষয়টি প্রকাশ করবে। অনেক প্রতিষ্ঠানের সুন্দর মুখোশের আড়ালে থাকা অসংগতি মানুষের সামনে চলে আসতে পারে। সত্যের পর্দায় আড়াল করা দুর্নীতি, অবিচার সব উন্মোচিত হয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়বে। ভালো ফলাফলের পেছনে পরিশ্রমের পাশাপাশি যে চাপ, ভয়, তুলনা ও প্রত্যাশা কাজ করে, সেগুলো প্রকাশ পাবে। শিক্ষার্থীরা হয়তো প্রথমবার স্বীকার করবে যে সব সময় ভালো থাকার অভিনয় তাদের কতটা ক্লান্ত করে। অভিভাবকেরাও বুঝতে পারবেন, সন্তানের ভালো ফলাফল নিয়ে তাঁদের প্রত্যাশা কখনো কখনো সন্তানের নিজের স্বপ্নকে চাপা দিয়ে দেয়। বন্ধুত্বের জায়গাটি সেদিন মোটেও সহজ থাকবে না। বহু বন্ধুত্ব টিকে থাকে কিছু না বলা কথা, ছোটখাটো অভিমান কিংবা গোপন ঈর্ষার ওপর। সত্য প্রকাশের দিনে সেই আবেগগুলো আর লুকিয়ে রাখা সম্ভব হবে না। কিছু বন্ধুত্ব ভেঙে চুরমার হয়ে যাবে, আবার কিছু বন্ধুত্ব আরও শক্ত হতে পারে। কারণ, সত্য কখনো কখনো সম্পর্ক শেষ করে, আবার কখনো সম্পর্ককে মিথ্যার ওপর দাঁড়িয়ে থাকার হাত থেকে বাঁচায়। পরিবারের ক্ষেত্রেও দিনটি হতে পারে সবচেয়ে কঠিন। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি ভালোবাসার পাশাপাশি যে অভিমান, প্রত্যাশা, ভয় ও না-পাওয়া জমিয়ে রাখে, সেগুলো সামনে আসবে। হয়তো কেউ প্রথমবার বুঝতে পারবে, তার কাছের মানুষটি দীর্ঘদিন ধরে নিজের কষ্ট লুকিয়ে রেখেছে। আবার কেউ উপলব্ধি করবে, ভালোবাসার নাম করে সে অন্যের ওপর কতটা চাপ, কতটা অভিনয় করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের জগতেও ব্যতিক্রম হবে না। সেদিন সাজানো জীবন দেখানোর সুযোগ থাকবে না। সাফল্যের ছবির পাশাপাশি ব্যর্থতার গল্পও প্রকাশ পাবে। আনন্দের পোস্টের আড়ালে থাকা একাকিত্ব, আত্মবিশ্বাসের আড়ালে থাকা ভয় কিংবা নিখুঁত জীবনের ছবির পেছনের বাস্তবতা সামনে চলে আসবে। মানুষ বুঝতে পারবে, পর্দায় দেখা জীবন আর বাস্তব জীবন এক নয়। তবে সত্যের সেই দিনটি শুধু অস্বস্তিকর হবে না; শিক্ষণীয়ও হবে। মানুষ বুঝতে পারবে, সত্য সব সময় সুন্দর নয়। সত্য শুনলে কষ্ট হয়, কিছু সত্য সম্পর্কের ভিত নাড়িয়ে দেয়। কিন্তু মিথ্যার ওপর তৈরি শান্তি অনেক সময় সাময়িক। সত্যের মুখোমুখি হওয়ার পর যে সম্পর্ক টিকে যায়, সেটি আগের চেয়ে বেশি বাস্তব। দিন শেষে পৃথিবী আবার আগের মতো হয়ে যাবে। মানুষ আবার প্রয়োজনমতো কিছু কথা লুকাবে, কিছু কথা সাজিয়ে বলবে, কিছু সত্য নিজের ভেতরে রেখে দেবে। কিন্তু সেই এক দিনের অভিজ্ঞতা মানুষের মনে থেকে যাবে। হয়তো সবাই প্রতিদিন পুরোপুরি সত্য বলতে পারবে না। কিন্তু অন্তত নিজের কাছে সত্যি থাকার অভ্যাস তৈরি হতে পারে। কারণ, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী অনেক সময় অন্য কেউ নয় নিজের কাছেই নিজের বলা মিথ্যাগুলো এক দিনের সত্য পৃথিবীকে বদলে দেবে কি না, তা নিশ্চিত নয়। কিন্তু মানুষকে নিজের মুখোশের দিকে তাকাতে বাধ্য করবে এটুকু নিশ্চিত। আর হয়তো সেই এক দিনের সবচেয়ে বড় শিক্ষা হবে, সত্য সম্পর্ক ভাঙার থেকে মিথ্যার তৈরি দেয়াল সরিয়ে সম্পর্ককে সত্যিকারের করে তোলা।
ছোটবেলার অবুঝ হাত ছুঁতে যেত দিন ও রাত— আগুন, জল কিংবা ফুল ছিল না হিসেব, কোনটা ভুল। না বুঝেই কেউ অবহেলায় কাছে টেনে নেয় ভালোবাসায়। মোহের পর্দা যখন ওড়ে বাস্তবতা ধাক্কা মারে। চোখের সামনে স্পষ্ট হয় কার কী গুণ, কার কী ক্ষয়। ভুলগুলো সব চেনা যায় কিন্তু ফেরার সময় নাই। জীবন বুঝতে বুঝতেই শেষ উবে যায় সব রঙিন রেশ। হাতে থাকে শুধু ধূসর ছাই পেছনে ফেরার উপায় নাই।