Breaking news
উপসম্পাদকীয়

পাহাড়ি আদিবাসী শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছাবে কবে

জয়সেন চাকমা
জয়সেন চাকমা মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
আগস্ট ২৯, ২০২৬ • 0

শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, স্বপ্ন দেখতে শেখায় এবং নিজের জীবন ও সমাজকে পরিবর্তনের শক্তি দেয়। কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের অনেক আদিবাসী শিশুর কাছে সেই শিক্ষার আলো আজও সহজলভ্য নয়। দেশের অন্য অনেক শিশুর মতো আমাদের শৈশবের স্কুলটি সব সময় পাকা ভবন, বেঞ্চ-টেবিল, বিদ্যুৎ, পর্যাপ্ত শিক্ষক কিংবা সুন্দর পরিবেশে ঘেরা নয়। কোথাও কোথাও একটি ছোট পাহাড়ি ছনের ঘরই হয়ে ওঠে বিদ্যালয়। সেখান থেকেই শুরু হয় একটি আদিবাসী শিশুর শিক্ষাজীবন।

 

দুর্গম পাহাড়ি গ্রামের বাস্তবতা শহর কিংবা সমতলের মানুষের কাছে কল্পনা করা কঠিন। পাহাড়ের ভাঙাচোরা পথ, উঁচু-নিচু ঢাল, ঝিরি-ছড়া, বর্ষার কাদা এবং দীর্ঘ হাঁটার পথ পেরিয়ে অনেক শিশুকে বিদ্যালয়ে যেতে হয়। কোনো কোনো গ্রামের কাছাকাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে শিশুরা দূরের বিদ্যালয়ে যেতে বাধ্য হয়। ছোট বয়সে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দেয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। বিশেষ করে বর্ষাকালে যখন পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে যায়, ছড়া-ঝিরিতে পানি বেড়ে যায়, তখন বিদ্যালয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়ে।

 

এমন বাস্তবতায় দুর্গম কোনো কোনো গ্রামে নিজেদের উদ্যোগে গড়ে ওঠে ছোট ছোট প্রাথমিক বিদ্যালয়, যেগুলো অনেক ক্ষেত্রে বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। পাহাড়ি ছনের ঘর, বাঁশের বেড়া কিংবা সাধারণ ঘরের মধ্যেই চলে পাঠদান। সচেতন ও শিক্ষিত মানুষ পাহাড়ি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার স্বপ্ন নিয়ে এসব বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হন। তাঁদের অনেকেই জানেন, এই কাজ সহজ নয়। পর্যাপ্ত অর্থ নেই, নিয়মিত বেতন নেই, অবকাঠামো নেই, অনেক সময় প্রয়োজনীয় শিক্ষা উপকরণও নেই। তার পরও তাঁরা দাঁড়িয়ে থাকেন। কারণ, এটি শুধু একটি পেশা নয়; সমাজ পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

 

কখনো কখনো একজন শিক্ষক নিজের সামর্থ্য অনুযায়ী বিদ্যালয়ের প্রয়োজন মেটান, কখনো অভিভাবকদের সঙ্গে কথা বলেন, কখনো বাড়ি বাড়ি গিয়ে শিশুকে স্কুলে আসতে উৎসাহিত করেন। তাঁদের শ্রমের যথাযথ আর্থিক মূল্য হয়তো তাঁরা পান না, কিন্তু তাঁদের এই প্রচেষ্টার মূল্য পাহাড়ের মানুষের কাছে অপরিসীম। আদিবাসী পাহাড়ি শিশুদের শিক্ষাজীবনের অন্যতম বড় সমস্যা যোগাযোগব্যবস্থা। সমতলের একটি গ্রামের শিশুর জন্য যে দূরত্ব স্বাভাবিক, পাহাড়ের একটি শিশুর জন্য সেই দূরত্ব অনেক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

 

কোনো কোনো শিশুকে প্রতিদিন কয়েক কিলোমিটার হাঁটতে হয়। বিদ্যালয়ে যাওয়ার পথে যদি একটি ঝিরি পার হতে হয়, পাহাড়ি ঢাল বেয়ে উঠতে হয় কিংবা ভাঙা রাস্তা পাড়ি দিতে হয়, তাহলে শিশুর বিদ্যালয়ে উপস্থিতিই অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে। শুধু রাস্তা তৈরি করলেই সমস্যার সবটা সমাধান হবে না; দুর্গম পাড়াগুলোয় শিশুর নাগালের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নিশ্চিত করাও জরুরি। একটি শিশুর শিক্ষা যদি তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরের বিদ্যালয়ের ওপর নির্ভর করে, তাহলে দরিদ্র পরিবারের শিশুর ঝরে পড়ার ঝুঁকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

 

কোথাও বিদ্যালয় থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই। আবার কোথাও একজন শিক্ষককেই একাধিক শ্রেণির শিক্ষার্থীদের সামলাতে হয়। এতে শিশুদের প্রতি প্রয়োজনীয় মনোযোগ দেয়া কঠিন হয়ে পড়ে। তাই পাহাড়ি দুর্গম অঞ্চলে শুধু বিদ্যালয় প্রতিষ্ঠা করলেই হবে না, সেখানে নিয়মিত, প্রশিক্ষিত ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। দুর্গম এলাকায় শিক্ষক ধরে রাখার জন্য বিশেষ প্রণোদনা ও সুযোগ-সুবিধার কথাও ভাবতে হবে।

 

পাহাড়ি আদিবাসী শিশুদের শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ভাষা। একজন শিশু তার জীবনের প্রথম কয়েক বছর যে ভাষায় পরিবারে কথা বলে, সেই ভাষাতেই সে পৃথিবীকে চিনতে শেখে। কিন্তু বিদ্যালয়ে গিয়ে যখন তাকে সম্পূর্ণ ভিন্ন একটি ভাষায় পাঠ গ্রহণ করতে হয়, তখন তার জন্য শিক্ষার শুরুটাই হয়ে ওঠে বাড়তি চ্যালেঞ্জ।

 

বাংলা ভাষা রাষ্ট্রভাষা এবং জাতীয় জীবনে এর গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। আদিবাসী শিশুর জন্য বাংলা শেখাও অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু প্রশ্ন হলো, শিশুটি যখন বাংলা ভাষায় দক্ষ নয়, তখন তাকে সেই ভাষাতেই সবকিছু শেখানো কতটা সহজ?

 

বাংলা ভাষাভাষী একটি শিশু যেমন জন্মের পর থেকেই পরিবার, সমাজ ও চারপাশের মানুষের কাছ থেকে বাংলা শুনে শুনে ভাষাটি আয়ত্ত করে, একজন পাহাড়ি শিশু অনেক ক্ষেত্রে বাংলা ভাষার পূর্ণ পরিবেশে বড় হয় না। ফলে বিদ্যালয়ে এসে তাকে একসঙ্গে দুটি কাজ করতে হয়, প্রথমে বাংলা বুঝতে শেখা, তারপর সেই বাংলায় গণিত, বিজ্ঞান, সমাজ ও অন্যান্য বিষয় শেখা।

 

এ কারণে মাতৃভাষাভিত্তিক প্রাথমিক শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। শিশুর নিজস্ব ভাষাকে শিক্ষার শুরুতে সহায়ক হিসেবে ব্যবহার করা গেলে তার শেখার গতি ও আত্মবিশ্বাস বাড়তে পারে। পাশাপাশি ধীরে ধীরে বাংলা ভাষায় দক্ষ করে তোলার ব্যবস্থা থাকতে হবে।

 

এই বাস্তবতার কথা বলতে গিয়ে আমার নিজের শৈশবের কথাও মনে পড়ে। চাকমা হিসেবে বাংলা ভাষা শেখা আমার কাছেও সহজ ছিল না। বাংলা লিখতে-পড়তে এবং শুদ্ধভাবে বলতে শেখার জন্য আমাকে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায় পর্যন্ত দীর্ঘ সময় পার করতে হয়েছে। শুধু আমার ক্ষেত্রে নয়, অনেক আদিবাসী শিশুর ক্ষেত্রেই একই বাস্তবতা রয়েছে। বাংলা ভাষা শিখতে শিখতে অনেককে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায় পেরিয়ে যেতে হয়।

 

আদিবাসী পাহাড়ি শিশুকে শিক্ষাজীবনের শুরুতেই ভাষাগত অতিরিক্ত একটি দেয়াল অতিক্রম করতে হয়। এই পার্থক্যটি না বুঝে পাহাড়ি শিশুদের শিক্ষার বাস্তবতা বিচার করা ঠিক হবে না। আদিবাসী শিশুর ভাষাগত সমস্যাটি শুধু বিদ্যালয়ের পাঠ বোঝার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আত্মবিশ্বাস, সামাজিক আচরণ এবং কখনো কখনো অপমানের অভিজ্ঞতাও।

 

আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, অনেক সময় আমাদের উচ্চারণ বা বাক্য গঠনে ভুল থাকে। কারণ, বাংলা আমাদের মাতৃভাষা নয়। আমরা বাংলা শিখি বিদ্যালয়ে, বই পড়ে, অন্যের সঙ্গে কথা বলে এবং দীর্ঘদিনের চর্চার মাধ্যমে। কিন্তু বাংলা বলতে গিয়ে যখন কোনো শব্দ ভুল উচ্চারণ করি কিংবা বাক্যটি শুদ্ধভাবে বলতে পারি না, তখন কখনো কখনো বাঙালি শিক্ষার্থীদের কাছেই হাসির পাত্র হতে হয়।

 

যে মানুষটি নিজের মাতৃভাষায় স্বাভাবিকভাবে ও সাবলীলভাবে কথা বলতে পারে, তার কাছে অন্য একটি ভাষা শুদ্ধ করে বলা হয়তো সহজ মনে হতে পারে। কিন্তু নিজের মাতৃভাষা বাদ দিয়ে অন্য একটি ভাষা শুদ্ধভাবে বলা কতটা কঠিন, এটা পাহাড়ের আদিবাসী মানুষই সবচেয়ে ভালো জানে। একটি শিশু যদি বিদ্যালয়ে গিয়ে নতুন ভাষা শেখার সময় ভুল করে, তার ভুল সংশোধন করা দরকার। তাকে নিয়ে হাসাহাসি করা নয়। কারণ, হাসির পাত্র হয়ে যাওয়ার ভয় অনেক শিশুর মধ্যে ভাষায় কথা বলার সংকোচ তৈরি করে। সে উত্তর জানলেও হাত তুলতে চায় না, শ্রেণিকক্ষে কথা বলতে ভয় পায়, অন্যদের সামনে বাংলা বলতে অস্বস্তি বোধ করে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যেতে পারে।

 

শিক্ষার পথে আরেকটি বড় বাধা অর্থনৈতিক অসচ্ছলতা। অনেক আদিবাসী পাহাড়ি পরিবার কৃষি, দিনমজুরি, জুমচাষ কিংবা ছোটখাটো জীবিকার ওপর নির্ভরশীল। পরিবারের আয় সীমিত হলে শিশুর পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। বই-খাতা, পোশাক, যাতায়াত, পরীক্ষার খরচ সবকিছু মিলিয়ে দরিদ্র পরিবারের কাছে শিক্ষা কখনো কখনো কঠিন হয়ে দাঁড়ায়। কোনো কোনো ক্ষেত্রে শিশুকে পরিবারের কাজে সহযোগিতা করতে হয়। ফলে বিদ্যালয়ে নিয়মিত যাওয়া সম্ভব হয় না। ধীরে ধীরে অনুপস্থিতি বাড়ে এবং একসময় পড়াশোনা বন্ধ হয়ে যায়।

 

শুধু বিদ্যালয়ে ভর্তি করানোই তাই যথেষ্ট নয়, শিশু যেন প্রাথমিক শিক্ষা শেষ করতে পারে, মাধ্যমিক পর্যন্ত যেতে পারে এবং তার পরও পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। আমাদের আদিবাসী মানুষের জন্য শিক্ষা ক্ষেত্রে বিশেষ সুযোগ বা কোটা নিয়ে মাঝে মাঝে প্রশ্ন ওঠে। কোটা থাকা বা না থাকা নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু এ বিষয়ে আলোচনা করতে গেলে পাহাড়ি শিক্ষার্থীদের বাস্তব শিক্ষাগত বাধাগুলোও বিবেচনায় নেয়া প্রয়োজন।

 

একজন পাহাড়ি শিক্ষার্থীকে অনেক সময় দুর্গম পথ, বিদ্যালয়ের সংকট, শিক্ষক সংকট, অর্থনৈতিক সমস্যা এবং ভাষাগত প্রতিবন্ধকতা সবকিছুর মধ্য দিয়ে এগিয়ে আসতে হয়। অন্যদিকে একজন বাংলা ভাষাভাষী শিক্ষার্থীকে অন্তত মাতৃভাষায় শিক্ষার প্রাথমিক সুবিধাটি শুরু থেকেই পাওয়া যায়। ফলে দুজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের শুরুটা সব সময় একই জায়গা থেকে হয় না। তাই কোনো বিশেষ সুবিধা নিয়ে প্রশ্ন তোলার আগে প্রশ্ন হওয়া উচিত সবার জন্য শিক্ষার প্রাথমিক সুযোগ কি সত্যিই সমান?

 

সমান ফলাফল চাইলে সব সময় শুধু একই নিয়ম প্রয়োগ করলেই হয় না, পিছিয়ে থাকা মানুষকে এগিয়ে আসার বাস্তব সুযোগও দিতে হয়। পাহাড়ি আদিবাসী শিশুদের শিক্ষার উন্নয়নে সরকারের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। দুর্গম গ্রামে পর্যাপ্ত প্রাথমিক বিদ্যালয় স্থাপন, পর্যাপ্ত ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ, শিক্ষকদের যথাযথ বেতন-ভাতা নিশ্চিত করা এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা দেয়া জরুরি।

 

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আদিবাসী শিশুদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা। মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম বা সহায়ক ভাষা হিসেবে কার্যকরভাবে ব্যবহারের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বাংলা ভাষায় দক্ষ করে তোলার জন্য ধাপে ধাপে ভাষাশিক্ষার ব্যবস্থা থাকা প্রয়োজন। কারণ, একটি শিশুকে তার মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন করে শিক্ষা দেয়া নয়; বরং মাতৃভাষাকে ভিত্তি করে তাকে বাংলা ও অন্যান্য ভাষার জগতে এগিয়ে নেয়াই হওয়া উচিত শিক্ষার লক্ষ্য।

 

পাহাড়ের প্রত্যন্ত গ্রামের একটি ছনের ঘরে বসে যে শিশু আজ প্রথম অক্ষর লিখছে, তার স্বপ্নও সমতলের একটি শিশুর স্বপ্নের মতোই বড় হতে পারে। তারও বই হাতে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার অধিকার আছে, তারও উচ্চশিক্ষার স্বপ্ন দেখার অধিকার আছে। পাহাড়ের আদিবাসী শিশুরা করুণা চায় না; তারা চায় সমান মর্যাদা, সুযোগ ও শিক্ষার অধিকার। নিজ মাতৃভাষায় শেখার অধিকার। শিক্ষার আলো যদি সত্যিই সবার জন্য হয়, তাহলে সেই আলোকে পাহাড়ের প্রতিটি দুর্গম পাড়া, প্রতিটি ছনের বিদ্যালয় এবং প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে হবে।

 

0 Comments

Popular post
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শে আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক সংবেদনশীলতা, ইতিবাচক চিন্তার শিক্ষা ও সমকালীন প্রাসঙ্গিকতা

আধুনিক মনোবিজ্ঞানে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগিক বুদ্ধিমত্তা ধারণাটি তুলনামূলকভাবে সাম্প্রতিক। ১৯৯০-এর দশকে মনোবিজ্ঞানী পিটার স্যালোভি ও জন মেয়ার এ তত্ত্বের গোড়াপত্তন করেন। পরবর্তী সময়ে ড্যানিয়েল গোলম্যানের গবেষণার মাধ্যমে তা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গোলম্যানের কাঠামো অনুযায়ী আবেগিক বুদ্ধিমত্তার পাঁচটি মূল স্তম্ভ চিহ্নিত করা হয় : আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ প্রেষণা, সহমর্মিতা ও সামাজিক দক্ষতা। তবে লক্ষণীয় বিষয় হলো, এ ধারণার মূল উপাদানগুলো মানবসভ্যতার ইতিহাসে বহু আগে থেকেই আদর্শ চরিত্র ও কার্যকর নেতৃত্বের অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। কেবল এত দিন তাত্ত্বিক কাঠামোয় নামকরণ হয়নি।   মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাচরণে এই গুণাবলির এক সমন্বিত ও ব্যবহারিক রূপ বিদ্যমান, যা সমসাময়িক ব্যবস্থাপনা, নেতৃত্ব ও মনোবিজ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত। সমসাময়িক মনোবিজ্ঞান ও নেতৃত্ববিষয়ক আলোচনায় আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক বুদ্ধিমত্তা, সহমর্মিতা, আত্মনিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা, সম্পর্ক ব্যবস্থাপনা ও ইতিবাচক চিন্তা বিশেষ গুরুত্ব বহন করে। তবে এই পরিভাষাগুলো আধুনিক হলেও মহানবি (সা.)-এর জীবনাচরণে এগুলোর বাস্তব ও গভীর প্রয়োগ বহু শতাব্দী আগেই প্রতিফলিত হয়েছিল।   আবেগিক বুদ্ধিমত্তার একটি কেন্দ্রীয় দিক হলো তীব্র মানসিক চাপের মুহূর্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরিবর্তে চিন্তাশীল সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা। প্রতিকূল পরিস্থিতিতেও নবি করিম (সা.) তাঁর আবেগ নিয়ন্ত্রণে অসাধারণ দক্ষতা প্রদর্শন করতেন। মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমা ঘোষণার ঘটনা এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। বহু বছরের নিপীড়ন, অবরোধ ও যুদ্ধের ইতিহাস সত্ত্বেও প্রতিহিংসার পরিবর্তে সংহতি ও সহাবস্থানের নীতি গ্রহণ করেছিলেন তিনি। এই সিদ্ধান্ত-প্রক্রিয়ায় আবেগের ঊর্ধ্বে উঠে দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেয়ার একটি কৌশলগত দৃষ্টান্ত পাওয়া যায়, যা নেতৃত্বতত্ত্বের আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।   সাংগঠনিক আচরণবিজ্ঞানে এ ধরনের সিদ্ধান্তকে প্রায়ই ‘ইমোশনাল রেগুলেশন ইন হাই-স্টেকস লিডারশিপ’ বা উচ্চ-ঝুঁকিপূর্ণ নেতৃত্বে আবেগ নিয়ন্ত্রণের দৃষ্টান্ত হিসেবে বিশ্লেষণ করা হয়, যেখানে তাৎক্ষণিক আবেগীয় তাড়নার বদলে দীর্ঘমেয়াদি ফলাফলের কথা বিবেচনা করা হয়। এ ছাড়া ব্যক্তিগত জীবনেও তাঁর আত্মনিয়ন্ত্রণের দৃষ্টান্ত পাওয়া যায়। সন্তান হারানোর শোক, নিকটাত্মীয় বিয়োগ কিংবা অনুসারীদের ভুল-ত্রুটির মুখোমুখি হয়েও তিনি ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া প্রদর্শন করতেন বলে হাদিসের বিভিন্ন বর্ণনায় উল্লেখ পাওয়া যায়। আবেগ প্রকাশে সংযম, অথচ আবেগকে সম্পূর্ণ দমন না করা, এই দ্বৈত ভারসাম্য আধুনিক মনোবিজ্ঞানে ‘ইমোশনাল রেগুলেশন’ এবং ‘ইমোশনাল সাপ্রেশন’-এর মধ্যকার পার্থক্য বোঝার ক্ষেত্রে একটি প্রাসঙ্গিক দৃষ্টান্ত হতে পারে।   সামাজিক বুদ্ধিমত্তার একটি মূল উপাদান হলো ভিন্ন সামাজিক অবস্থান ও প্রেক্ষাপটের মানুষের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনের দক্ষতা। নবি করিম (সা.) দাস, শিশু, নারী, বয়োজ্যেষ্ঠ ও ভিন্নধর্মাবলম্বী সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে তাদের প্রেক্ষাপট অনুযায়ী সংবেদনশীলভাবে আচরণ করতেন। প্রতিবেশীর অধিকার, অতিথি আপ্যায়ন এবং পারস্পরিক পরামর্শ বা ‘শূরা’র নীতির ওপর তাঁর বিশেষ গুরুত্বারোপ এই সামাজিক সংবেদনশীলতারই প্রতিফলন বলে গবেষকরা মনে করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, তাঁর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরামর্শের ভূমিকা। বদরের যুদ্ধের অবস্থান নির্বাচন থেকে শুরু করে উহুদের যুদ্ধকৌশল পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি অনুসারীদের মতামত গ্রহণ করেছিলেন। এমনকি ব্যক্তিগত মত ভিন্ন হলেও সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছিলেন।   সাংগঠনিক নেতৃত্বতত্ত্বে এ ধরনের অংশগ্রহণমূলক সিদ্ধান্ত-প্রক্রিয়াকে ‘পার্টিসিপেটিভ লিডারশিপ’ বলা হয়। যেখানে নেতা তাঁর কর্তৃত্ব বজায় রেখেও অধস্তনদের মতামতকে মূল্য দেন; এবং এর মাধ্যমে সংগঠনের মধ্যে আস্থা ও সংশ্লিষ্টতার অনুভূতি তৈরি করেন। মদিনা সনদ, ইতিহাসে বিশ্বের অন্যতম প্রাচীন লিখিত সংবিধান হিসেবে স্বীকৃত, ছিল এই সামাজিক দক্ষতারই একটি প্রাতিষ্ঠানিক রূপ। বিভিন্ন গোত্র ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের একটি কাঠামো তৈরি করে তিনি বহুত্ববাদী সমাজ পরিচালনায় সংলাপ ও সমঝোতার গুরুত্ব তুলে ধরেছিলেন, যা সমকালীন রাষ্ট্রবিজ্ঞান ও সংঘাত-নিরসন তত্ত্বের দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ। এই সনদে বিভিন্ন পক্ষের অধিকার ও দায়িত্ব সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করার মাধ্যমে একটি বহু-সাংস্কৃতিক নগর-রাষ্ট্র পরিচালনার যে কাঠামো তৈরি হয়েছিল, তা আধুনিক ‘কনফ্লিক্ট রেজোলিউশন’ বা সংঘাত-নিরসন তত্ত্বের অনেক মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।   সহমর্মিতার আরেকটি দৃষ্টান্ত পাওয়া যায় তাঁর দৈনন্দিন আচরণে। দরিদ্র ও অসহায় মানুষের প্রতি তাঁর মনোযোগ, রোগীর সেবা এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কথা শোনার আগ্রহের মধ্যে। এই আচরণ কেবল ব্যক্তিগত সদাচরণের প্রকাশ নয়, বরং একধরনের সক্রিয় শ্রবণ বা ‘অ্যাক্টিভ লিসেনিং’-এর দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হতে পারে, যা আধুনিক যোগাযোগ তত্ত্বে সম্পর্ক নির্মাণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বীকৃত।   তায়েফের ঘটনা মহানবি (সা.)-এর আবেগিক নিয়ন্ত্রণ, ক্ষমাশীলতা ও ভবিষ্যৎমুখী ইতিবাচক চিন্তার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। তায়েফে তিনি প্রত্যাখ্যাত, অপমানিত ও নির্যাতিত হন। শারীরিক নির্যাতন ও অপমানের শিকার হয়েও প্রতিশোধের পরিবর্তে তিনি ধৈর্য ও ক্ষমার পথ বেছে নেন। সহিহ আল-বুখারির বর্ণনা অনুযায়ী, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তাঁকে তাঁর নির্যাতনকারীদের ওপর দুই পাহাড় চাপিয়ে দেয়ার প্রস্তাব দেন। প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি তা প্রত্যাখ্যান করেন। আশা করেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্য থেকে এমন মানুষ জন্ম নেবে, যারা এক আল্লাহর ইবাদত করবে। এখানে ক্ষমার পাশাপাশি দীর্ঘমেয়াদি সামাজিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এ ঘটনা কেবল ধর্মীয় সহনশীলতার উদাহরণ নয়, বরং তীব্র মানসিক চাপের মুহূর্তে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার একটি বাস্তব নজির, যাকে আধুনিক পরিভাষায় ‘স্ট্রেস রেগুলেশন’ বা মানসিক চাপ নিয়ন্ত্রণ বলা যেতে পারে।   এক বেদুঈন মসজিদের ভেতর প্রস্রাব করতে শুরু করলে সাহাবিরা তাঁকে থামাতে উদ্যত হন। কিন্তু মহানবি (সা.) তাঁদের বিরত করেন এবং পরবর্তী সময়ে জায়গাটি পানি দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেন। তিনি ভুলটিকে সমর্থন করেননি; বরং ভুলকারী ব্যক্তির অজ্ঞতা ও সামাজিক অবস্থাকে বিবেচনায় নিয়েছিলেন। মূল শিক্ষা হলো : অজ্ঞতার চিকিৎসা অপমান নয়, শিক্ষা।   আধুনিক সমাজে মানুষ প্রায়ই ভুল এবং ভুলকারীকে একইভাবে বিচার করে। একটি ভুলের ভিত্তিতে পুরো ব্যক্তিত্বকে প্রত্যাখ্যান করা হয়। নববি পদ্ধতি ছিল ভিন্ন। ভুল সংশোধন করতে হবে, কিন্তু এমনভাবে, যাতে মানুষের মর্যাদা অক্ষুণ্ন থাকে এবং তার ফিরে আসার পথ বন্ধ না হয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই নীতি প্রয়োগ করা হলে বহু অপ্রয়োজনীয় সংঘাত ও সম্পর্কভাঙন এড়ানো সম্ভব। উহুদের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতেও মহানবি (সা.)-এর নেতৃত্বে আবেগিক ও সামাজিক প্রজ্ঞার উজ্জ্বল উদাহরণ দেখা যায়। কিছু সাহাবির সিদ্ধান্তের কারণে গুরুতর বিপর্যয় ঘটেছিল। মহানবি (সা.) নিজেও আহত হয়েছিলেন। কিন্তু সুরা আলে ইমরান ৩:১৫৯-এ তাঁকে তাঁদের প্রতি কোমল থাকতে, ক্ষমা করতে, তাঁদের জন্য ক্ষমা প্রার্থনা করতে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখতে বলা হয়। এখানে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ নীতি প্রকাশিত হয়েছে।   একজন অনুসারী ভুল করলেই তার মর্যাদা ও অংশগ্রহণের অধিকার চিরতরে নষ্ট হয়ে যায় না। বরং কার্যকর নেতৃত্ব মানুষের ভুল সংশোধন করে তাকে পুনরায় দায়িত্বশীল অংশগ্রহণে ফিরিয়ে আনে। মহানবি (সা.)-এর নেতৃত্ব তাই শুধু শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ ছিল না; তা মানুষের পুনর্গঠন, আত্মবিশ্বাস পুনরুদ্ধার এবং সামাজিক অন্তর্ভুক্তির ওপর প্রতিষ্ঠিত ছিল।   তাঁর ব্যক্তিত্বের প্রকৃত গভীরতা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় কাছের মানুষের সাক্ষ্যে। আনাস ইবনে মালিক (রা.) প্রায় দশ বছর মহানবি (সা.)-এর সেবায় ছিলেন। তাঁর বর্ণনা অনুযায়ী, এই দীর্ঘ সময়ে মহানবি (সা.) তাঁকে কোনো কাজ করা বা না করার জন্য অপমানজনক ভঙ্গিতে প্রশ্ন করেননি। এই সাক্ষ্য গুরুত্বপূর্ণ, কারণ জনসমক্ষে ভদ্র থাকা তুলনামূলকভাবে সহজ, কিন্তু যারা নিকটবর্তী, অধীনস্থ বা প্রতিদিনের সম্পর্কের অংশ, তাদের সঙ্গে আচরণই ব্যক্তির প্রকৃত চরিত্র প্রকাশ করে।   আয়েশা (রা.)-এর বর্ণনাতেও পাওয়া যায় যে মহানবি (সা.) ব্যক্তিগত কারণে প্রতিশোধ নিতেন না এবং কোনো নারী বা খাদেমকে হাতে আঘাত করেননি। ক্ষমতা থাকা সত্ত্বেও কোমলতা বজায় রাখা তাঁর নৈতিক ও আবেগিক পরিপক্বতার একটি উল্লেখযোগ্য দিক। শিশুদের প্রতি তাঁর আচরণ সামাজিক সংবেদনশীলতার আরেকটি মানবিক উদাহরণ। আনাস (রা.)-এর ছোট ভাই আবু উমাইরের একটি পাখি ছিল এবং মহানবি (সা.) তাঁর সঙ্গে হাসিমুখে কথা বলতেন ও পাখিটির খবর নিতেন। রাষ্ট্রীয়, সামাজিক, ধর্মীয় ও বিচারিক অসংখ্য দায়িত্বের মধ্যেও একটি শিশুর ক্ষুদ্র আনন্দ ও দুঃখ তাঁর কাছে গুরুত্ব হারায়নি।   মহানবি (সা.)-এর সামাজিক বুদ্ধিমত্তা ধর্মীয় ভিন্নতার ক্ষেত্রেও মানবিক মর্যাদার প্রতি গভীর সম্মান প্রকাশ করে। একজন ইহুদি ব্যক্তির জানাজা অতিক্রম করার সময় তিনি উঠে দাঁড়ান। তাঁকে জানানো হলো যে মৃত ব্যক্তি ইহুদি। তিনি প্রশ্ন করেন, “সে কি একটি প্রাণ নয়?” এই সংক্ষিপ্ত ঘটনায় একটি সর্বজনীন মানবিক নীতি নিহিত রয়েছে। ধর্মীয়, সামাজিক বা রাজনৈতিক মতপার্থক্য মানুষের মৌলিক মর্যাদা অস্বীকারের কারণ হতে পারে না।   বর্তমান বিভক্ত বিশ্বে এই শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সামাজিক মেরুকরণ প্রায়ই মানুষকে এমন অবস্থায় নিয়ে যায়, যেখানে নিজের দলের মানুষের কষ্টকে গুরুত্ব দেয়া হয়, কিন্তু ভিন্ন পরিচয়ের মানুষের কষ্টকে উপেক্ষা করা হয়। এ কারণেই মানুষ মহানবি (সা.)-এর পাশে নিজেদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ মনে করত। ভুল করলে সংশোধনের সুযোগ থাকবে, কষ্ট পেলে তিনি শুনবেন, দুর্বল হলে অপমান করবেন না, শিশু হলে অবহেলা করবেন না, অধীনস্থ হলে মর্যাদা কমবে না এবং ভিন্ন বিশ্বাসের হলেও মানবিক অস্তিত্ব অস্বীকার করা হবে না। এই নিরাপত্তাবোধ তাঁর নেতৃত্বের একটি মৌলিক বৈশিষ্ট্য ছিল। কোরআনের ভাষায়, তিনি যদি রূঢ় ও কঠোর হৃদয়ের হতেন, মানুষ তাঁর চারপাশ থেকে সরে যেত। ফলে নববি নেতৃত্বের অন্যতম শিক্ষা হলো : মানুষ শুধু শক্তিশালী নেতার অনুসারী হয় না, তারা সেই নেতার প্রতি আস্থাশীল হয়, যার কাছে তাদের মর্যাদা নিরাপদ।   কোরআন মহানবি (সা.)-এর এই মানবিক ও আবেগিক চরিত্রকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরে। সুরা আত-তাওবা ৯:১২৮-এ বলা হয়েছে যে, মানুষের কষ্ট তাঁর কাছে অত্যন্ত কষ্টকর ছিল, তিনি মানুষের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি স্নেহশীল ও দয়ালু ছিলেন। এ বর্ণনা থেকে স্পষ্ট হয় যে, তাঁর সহমর্মিতা ছিল শুধু নৈতিক বক্তব্য নয়; বরং তা তাঁর নেতৃত্ব ও সামাজিক সম্পর্কের মৌলিক ভিত্তি ছিল। অন্যের দুর্দশা, ব্যথা ও দুর্বলতার প্রতি সংবেদনশীলতা তাঁর ব্যক্তিত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল। মহানবি (সা.)-এর আবেগিক বুদ্ধিমত্তার আরেকটি কেন্দ্রীয় দিক ছিল আত্মসংযম। তিনি শক্তির প্রচলিত ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন। সহিহ আল-বুখারির হাদিসে তিনি বলেন, প্রকৃত শক্তিশালী সে নয়, যে কুস্তিতে অন্যকে পরাজিত করে; বরং সে, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই বক্তব্য মানবিক আত্মনিয়ন্ত্রণের গভীর তাৎপর্য প্রকাশ করে।   নববী দৃষ্টিভঙ্গিতে প্রকৃত শক্তি হলো আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। মক্কিজীবনের প্রথম পর্যায়ে অর্থনৈতিক বয়কট, সামাজিক বিচ্ছিন্নতা ও ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মুখেও নবুয়তি দায়িত্ব পালনে অবিচল থাকা এবং অনুসারীদের মধ্যে আশাবাদ সঞ্চার করার প্রবণতা আধুনিক মনোবিজ্ঞানের ‘রেজিলিয়েন্স’ বা প্রতিরোধ-সক্ষমতা ধারণার সঙ্গে তুলনীয়। বদর ও উহুদের যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনায়ও তিনি হতাশার পরিবর্তে ভবিষ্যৎমুখী পুনর্গঠনের নীতি অনুসরণ করেছিলেন বলে ঐতিহাসিক বিবরণ থেকে জানা যায়।   হিজরতের সময়কার একটি বহুল-উদ্ধৃত ঘটনাও এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। সাওর গুহায় আশ্রয় নেয়ার সময় শত্রুপক্ষের নিকটবর্তী উপস্থিতি সত্ত্বেও তিনি তাঁর সহচরকে আশ্বস্ত করার চেষ্টা করেন। এ ঘটনা চরম অনিশ্চয়তার মুহূর্তেও স্থিতধী মনোভাব বজায় রাখার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়। ইতিবাচক মনোবিজ্ঞানের ভাষায় একে ‘কগনিটিভ রিফ্রেমিং’ বলা যেতে পারে। অর্থাৎ একই পরিস্থিতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে মানসিক স্থিতিশীলতা বজায় রাখা। লক্ষণীয় বিষয় হলো, এই ইতিবাচক মনোভাব কোনো নিষ্ক্রিয় আশাবাদ নয়, বরং বাস্তবভিত্তিক পরিকল্পনা ও প্রস্তুতির সঙ্গে যুক্ত ছিল। শত্রুরা তাঁদের খুঁজছিল এবং পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।   আবু বকর (রা.) উদ্বিগ্ন হলে মহানবি (সা.) বলেন, “চিন্তিত হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।” ( সুরা আত-তাওবা ৯:৪০) এখানে তিনি বাস্তব বিপদকে অস্বীকার করেননি, বরং বিপদের মাঝেও আল্লাহর সাহায্যের প্রতি আস্থা বজায় রেখেছেন। এই দৃষ্টিভঙ্গি শেখায় যে জীবনের কোনো একটি সংকটকে সমগ্র ভবিষ্যতের চূড়ান্ত রায় হিসেবে গ্রহণ করা উচিত নয়। খন্দকের যুদ্ধে পরিখা খননের কৌশল গ্রহণ কিংবা মদিনায় অভিবাসনের পর অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো পুনর্গঠনের উদ্যোগ।   এসব দৃষ্টান্ত থেকে বোঝা যায়, তাঁর আশাবাদ বাস্তবতাবিবর্জিত ছিল না, বরং কার্যকর পরিকল্পনার সঙ্গে সংযুক্ত ছিল। এই সমন্বয়কে আধুনিক ব্যবস্থাপনা-তত্ত্বে ‘রিয়েলিস্টিক অপটিমিজম’ বা বাস্তবতাভিত্তিক আশাবাদ বলা হয়, যেখানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাস্তবতা-বিচ্ছিন্ন না হয়ে কার্যকর পদক্ষেপের ভিত্তি হিসেবে কাজ করে। এই আবেগিক ও সামাজিক প্রজ্ঞার সঙ্গে মহানবি (সা.)-এর ইতিবাচক চিন্তা গভীরভাবে সম্পর্কিত। তাঁর জীবন পিতৃহীনতা, মাতৃহীনতা, প্রিয়জন হারানো, সামাজিক বর্জন, উপহাস, নির্যাতন, যুদ্ধ ও বিরোধিতায় পরিপূর্ণ ছিল। তা সত্ত্বেও তিনি তিক্ত, প্রতিহিংসাপরায়ণ বা হতাশ হয়ে যাননি। মানুষের পরিবর্তনের সম্ভাবনায় বিশ্বাস রেখেছেন। চাকরি হারানো, পরীক্ষায় ব্যর্থতা বা আর্থিক সংকট এসব জীবনের কঠিন অধ্যায় হতে পারে। কিন্তু পুরো জীবন নয়।   মহানবি (সা.) আশাব্যঞ্জক কথাও পছন্দ করতেন। সহিহ হাদিসে তাঁর ভালো, সুন্দর ও আশাজাগানিয়া কথা পছন্দ করার কথা এসেছে। এর তাৎপর্য হলো, ভাষা মানুষের মনোবল ও আচরণে প্রভাব ফেলে। ‘তোমাকে দিয়ে কিছু হবে না’ এবং ‘ভুল হয়েছে, কিন্তু চেষ্টা করলে উন্নতি সম্ভব’ এ দুই ধরনের বক্তব্য একই বাস্তবতার প্রতি সম্পূর্ণ ভিন্ন মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। নববি ইতিবাচকতা এমন ভাষার ব্যবহার করে, যা মানুষের অন্তর্নিহিত শক্তি ও পরিবর্তনের সম্ভাবনাকে অক্ষুণ্ন রাখে। একই সঙ্গে এই ইতিবাচকতা কোনো কৃত্রিম আবেগ-দমন ছিল না।   মহানবি (সা.) কেঁদেছেন। শোক প্রকাশ করেছেন। মানুষের আচরণে কষ্ট পেয়েছেন এবং উম্মতের জন্য উদ্বিগ্ন হয়েছেন। ফলে দুঃখ অনুভব করা বা কান্না করা ইমানের দুর্বলতার প্রমাণ নয়। একজন মানুষ একই সঙ্গে কষ্ট অনুভব করতে পারে এবং আল্লাহর ওপর আস্থাও রাখতে পারে। সামগ্রিকভাবে মহানবি (সা.)-এর আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক প্রজ্ঞা এবং ইতিবাচক চিন্তা একটি সমন্বিত মানবিক দর্শন নির্মাণ করে। এ দৃষ্টিভঙ্গির সারকথা হলো : মানুষের হৃদয় জয় করতে তাকে পরাজিত করার প্রয়োজন নেই। তাকে বোঝা প্রয়োজন। মানুষের ভুলের মধ্যেও সম্ভাবনা দেখতে হবে। কষ্টের মধ্যেও আশা রাখতে হবে। ভয়ের মধ্যেও দায়িত্ব পালন করতে হবে। অশ্রুর মধ্যেও পথচলা অব্যাহত রাখতে হবে। এই শিক্ষা শেষ পর্যন্ত কোরআনের সেই গভীর ঘোষণার সঙ্গে সংযুক্ত হয় : মহানবি (সা.) বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর শক্তির গভীরে ছিল দয়া। তাঁর নেতৃত্বের কেন্দ্রে ছিল মানুষের হৃদয়। তাঁর ইতিবাচকতার কেন্দ্রে ছিল আল্লাহর ওপর আস্থা।   আধুনিক সমাজে যেখানে তথ্যের প্রাচুর্য থাকলেও সহমর্মিতার ঘাটতি রয়েছে, সেখানে তাঁর জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত প্রজ্ঞা হলো ক্ষমতার মধ্যেও কোমল থাকা। কষ্টের মধ্যেও ন্যায়বান থাকা। ক্রোধের মধ্যেও আত্মসংযমী থাকা। মানুষের ভুলের মধ্যেও তার সম্ভাব্য ভবিষ্যৎকে দেখতে শেখা। বর্তমান কর্মক্ষেত্র ও সমাজে নেতৃত্বের সংকট, মানসিক চাপ ও আন্তঃব্যক্তিক সম্পর্কের জটিলতা ক্রমবর্ধমান একটি আলোচ্য বিষয়। বিশ্বজুড়ে ব্যবস্থাপনা-শিক্ষায় ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ ও ‘রেজিলিয়েন্স’ এখন প্রশিক্ষণ কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এবং বহু প্রতিষ্ঠান নেতৃত্ব-উন্নয়নের ক্ষেত্রে এই দক্ষতাগুলোকে প্রযুক্তিগত দক্ষতার সমান বা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে। বাংলাদেশসহ মুসলিম-সংখ্যাগরিষ্ঠ সমাজে শিক্ষাপ্রতিষ্ঠান, পারিবারিক পরিমণ্ডল ও কর্মক্ষেত্রে নৈতিক নেতৃত্বের আদর্শ অনুসন্ধানের ক্ষেত্রে এ ধরনের ঐতিহাসিক-বিশ্লেষণাত্মক পাঠ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  

চিঠি

সাদা খামে লিখব চিঠি মায়ের ঠিকানায় মা যে আমার বেঘোর ঘুমে একলা নিরালায়।   গাছের ছায়ায় নিরিবিলি মেলে না চোখ  আর মা মা বলে ডাকি কত আমি যে বারবার।   চিঠি পেলে যদি মায়ের ভাঙে এবার ঘুম ঝাঁপটে ধরে মায়ের পায়ে দেব হাজার চুম।   আঁচল তলে চুপটি করে লুকিয়ে আমার মুখ গন্ধ নেব মায়ের গায়ের লুটব যত সুখ।   লক্ষ্মী পিয়ন কথা রেখো মাকে চিঠি দিয়ো আসা যাওয়ার ভাড়াটুকু আমার থেকে নিয়ো।   বড়ই আশায় আছি আমি পাব মায়ের খোঁজ তথ্য নিতে আসব আমি তোমার বাড়ি রোজ।  

ন-নামা

না জানিয়া না বুঝিয়া না শুনিয়া না মানিয়া নাইতে নামিয়া নদীতে নমিতা নাশিকায় নিশ্বাস নিতে নাপারিয়া নিমেষেই নিজের নাড়ির নিনাদ নিষ্প্রাণ নীরব, নিষ্প্রভ, নীলাভ।   না হেরি নিলয়ে না খেয়ে না নেয়ে নমিতার নৃপতি নব নিশীথে নিবিড় নৈবেদ্যে নমিল নিজেকে নদে   নীলাম্বরের নির্মেঘ নিশি নির্দয় নহরের নির্জনতা নাশি নীপবনে না জানি নিবংশ নমিতা নিরধির নির্ঝর নিধি, নিপাবলির নিরন্তর নৃত্যে নিজেকে নাটকীয় নৈকট্যে নিবেদন।   নেই! নেই! নিয়তির নির্মম নিঘাত নমিতা নিধনে নদ নিত্য নিশাত নীহারিকায় নির্লিপ্ত নিগূঢ় নির্বিকার।   নমিতা নাই-বা নামিবে নরকায় নিষেধ নেই তো নিগ্রহ নাশি নমিতার নিত্য নাদিম নব নিরুদ্দেশী।  

কিশোর গ্যাং এবং আমাদের তরুণ প্রজন্ম

একটি দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার তরুণ প্রজন্ম। তারুণ্যের উদ্দীপনা, সৃষ্টিশীলতা এবং অদম্য শক্তিই একটি রাষ্ট্রকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের জন্য এক অন্যতম প্রধান উদ্বেগের নাম ‘কিশোর গ্যাং’। কৈশোরের যে সময়টিতে হাতে থাকার কথা ছিল বই-খাতা, খেলার বল কিংবা সৃজনশীলতার উপকরণ, সেই বয়সে একশ্রেণির কিশোরের হাতে দেখা যাচ্ছে ধারালো অস্ত্র, মাদক এবং অপরাধের নীল নকশা। আমাদের অমিত সম্ভাবনাময় তরুণ প্রজন্মের একটি অংশ যেভাবে এই চোরাবালিতে তলিয়ে যাচ্ছে, তা কেবল একটি পারিবারিক সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় সংকটে রূপ নিয়েছে।   সাধারণত ১২ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের দলবদ্ধ হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সংস্কৃতিকে 'কিশোর গ্যাং' বলা হয়। মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের মতে, কৈশোরে দলবদ্ধ হয়ে থাকার একটি স্বাভাবিক প্রবণতা থাকে, যা তাদের সামাজিকীকরণে সাহায্য করে। কিন্তু এই দলবদ্ধতা যখন নেতিবাচক রূপ নেয় এবং পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক ব্যবসা ও খুনোখুনির মতো অপরাধে জড়ায়, তখন তা গ্যাং কালচারে পরিণত হয়। বর্তমান সমাজে এর বিস্তৃতি রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা ও উপজেলা শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এলাকাভিত্তিক বিভিন্ন নামে এরা নিজেদের দল পরিচালনা করে এবং নিজেদের শক্তির জানান দিতে প্রায়ই লিপ্ত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে।   কোনো কিশোর একদিনেই অপরাধী বা গ্যাংয়ের সদস্য হয়ে ওঠে না, এর পেছনে রয়েছে সামাজিক, পারিবারিক ও মনস্তাত্ত্বিক নানাবিধ কারণ। বর্তমান যুগের যান্ত্রিক জীবনে পারিবারিক অসচেতনতা ও দূরত্বের অভাব এর অন্যতম প্রধান কারণ। পরিবারের সঠিক তদারকি না থাকা, মা-বাবার মধ্যকার কলহ এবং সন্তানদের সাথে গুণগত সময় না কাটানোর ফলে কিশোররা একাকিত্বে ভোগে এবং এই শূন্যতা পূরণের জন্য বাইরের বন্ধুদের প্রতি ঝুঁকে পড়ে। এর পাশাপাশি অপরিকল্পিত নগরায়ণের ফলে শহরাঞ্চলে কিশোরদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ কিংবা বিনোদনের চরম সংকট রয়েছে। ফলে তাদের শারীরিক ও মানসিক শক্তি প্রকাশের কোনো সুস্থ মাধ্যম তারা পাচ্ছে না।   এই গ্যাং কালচার গড়ে ওঠার পেছনে আরেকটি বড় জ্বালানি হিসেবে কাজ করে স্থানীয় রাজনৈতিক কিছু ‘বড় ভাই’। এই স্বার্থান্বেষী মহল নিজেদের আধিপত্য বজায় রাখতে বা মিছিল-মিটিংয়ে লোক বাড়াতে কিশোরদের ব্যবহার করে এবং তাদের আইনি সুরক্ষা দেয়ার লোভ দেখিয়ে অপরাধের পথে ঠেলে দেয়। একই সাথে যুক্ত হয়েছে প্রযুক্তির অপব্যবহার ও সোশ্যাল মিডিয়া। টিকটক, লাইকি বা বিভিন্ন অনলাইন গেমসের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা পাওয়ার লোভ এবং ইন্টারনেটে সহিংসতা দেখে তারা বাস্তবেও তার অনুকরণ করার চেষ্টা করে। এর ওপর মাদকের সহজলভ্যতা কিশোরদের আরও বেশি বেপরোয়া করে তুলছে, কারণ নেশার টাকা জোগাড় করতেই তারা প্রথম দিকে ছিনতাই ও চাঁদাবাজিতে নামছে। কিশোর গ্যাং কালচার আমাদের সামগ্রিক তরুণ প্রজন্মের মনস্তত্ত্বে এক গভীর ক্ষত তৈরি করছে এবং দেশের মেধার অপচয় ঘটাচ্ছে।   দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি এই তরুণরা যখন পড়ালেখা ছেড়ে অপরাধের খাতায় নাম লেখায়, তখন দেশ এক বিশাল দক্ষ জনশক্তি হারায়। এর ফলে সমাজে একধরনের নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ তৈরি হয়, যার কারণে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরাও স্কুল-কলেজে যেতে ভয় পায়। পাড়া-মহল্লায় এই ভয়ের সংস্কৃতি সুস্থ তরুণদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। তা ছাড়া কিশোর গ্যাংয়ের বিস্তার দেখে অন্য সাধারণ কিশোরদের মধ্যেও আইন অমান্য করা, বড়দের অসম্মান করা এবং দ্রুত ও অনৈতিক উপায়ে টাকা আয়ের ভুল মানসিকতা বা নৈতিক অবক্ষয় তৈরি হচ্ছে। এই কিশোর অপরাধ কেবল তরুণদেরই ধ্বংস করছে না, বরং সামগ্রিক সামাজিক নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলছে। চুরি, ছিনতাই এবং তুচ্ছ কারণে খুনের ঘটনা প্রতিনিয়ত খবরের কাগজের শিরোনাম হচ্ছে।   আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত এদের গ্রেপ্তার করলেও মূল শেকড় উপড়ানো সম্ভব হচ্ছে না, কারণ এদের পেছনে থাকা গডফাদাররা অধরাই থেকে যায়। একটি দেশের তরুণ সমাজ যদি এভাবে অপরাধপ্রবণ হয়ে ওঠে, তাহলে দীর্ঘ মেয়াদে সেই রাষ্ট্রের টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ-জাতীয় ব্যাধি থেকে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সমন্বিত ও বহুমুখী উদ্যোগ প্রয়োজন, যার সূচনা হতে হবে পরিবার থেকে। মা-বাবাকে সন্তানের প্রতি আরও বন্ধুসুলভ হতে হবে এবং সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে বা ইন্টারনেটে কী দেখছে—সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে। এর পাশাপাশি প্রতিটি এলাকায় কিশোরদের জন্য খেলার মাঠ, সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার গড়ে তুলতে হবে, যাতে তারা সুস্থ বিনোদনের সুযোগ পায়।   প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি সন্তানকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দেয়া অত্যন্ত জরুরি, যা তাদের ভালো ও মন্দের পার্থক্য বুঝতে শেখাবে। একই সাথে কিশোরদের যারা ঢাল হিসেবে ব্যবহার করছে, সেই সব তথাকথিত রাজনৈতিক বড় ভাইদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক দলগুলোরও উচিত কিশোরদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা সম্পূর্ণ বন্ধ করা। আইন প্রয়োগের পাশাপাশি কিশোর অপরাধীদের সাধারণ জেলে না রেখে কিশোর উন্নয়ন বা সংশোধন কেন্দ্রে পাঠানো উচিত। সেখানে আধুনিক মনস্তাত্ত্বিক কাউন্সেলিং ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তাদের মানসিকতার পরিবর্তন ঘটিয়ে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।   তরুণ প্রজন্ম একটি দেশের স্বপ্ন, প্রেরণা ও সম্ভাবনার প্রতীক। কিশোর গ্যাংয়ের মতো একটি ভয়াবহ সামাজিক ব্যাধি এই বিপুল সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিতে পারে না। এটি কেবল আইন প্রয়োগ করে বা জোরপূর্বক দমন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি সুদূরপ্রসারী সামাজিক আন্দোলন। সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজ যদি একযোগে কাজ করে কিশোরদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে, তবেই আমাদের তরুণ প্রজন্ম এই অন্ধকার পথ থেকে ফিরে আসবে এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবে।  

সেবিকা

বয়সটা নিতান্তই বাল্যকাল। শখের প্রিয় টেপা পুতুলঘোড়ার খেলনাগুলো এক পাশে রেখে যখন থার্মোমিটার, রক্তচাপ মান যন্ত্রাংশের স্পর্শতা পেয়েছিল, ঢের বুঝেছিলাম একদিন সু-বিশালতার আদর্শ সেবিকা হব।   হঠাৎ অগোচরে বাবার শরীর কাঁপুনিতে জ্বরের আগমনী বার্তা। মনের উদ্দীপ্ত একাগ্রতা চিত্তের আকুলতায় সেবিকা আদর্শে স্পর্শ ছোঁয়ায় অনবদ্য মাধুর্যতা। স্নিগ্ধতায় মস্তকে হাত বুলিয়ে বাবার পরশমণির মৃদু হাসির আড়ালে এক উচ্চারিত প্রতিধ্বনি, “অনেক বড় হও মা। সৃষ্টিকর্তার প্রার্থনার আলোয় আলোকিত করো প্রতিটি জীবের শুদ্ধতার পবিত্র অন্তর।” এই উচ্চারিত প্রতিধ্বনি কেবল এক নিচ্ছুক শব্দ নয়, জীবনবৃত্তান্তে বেড়ে ওঠা স্বপ্ন পূরণের বহিঃপ্রকাশ।   বাংলার সবুজ দিগন্তে প্রকৃতির নিবিড়য়তায় স্বপ্নগুলো আমার একান্তই সঙ্গী। সন্ধ্যা আঁধারে ঝিঁঝি পোকার আলোই বয়ে চলা নিঃসঙ্গতা নদীপথ। নিদ্রা যাপনে কল্পনার জগৎ ভাবে ভাবান্তর অতুলনীয় স্বপ্ননীল সুন্দর।   কালবেলার দ্বিখণ্ডিত পর্বে শতাব্দীর অবসান। কত শত জীবন্ত মরুভূমি প্রান্তরে অলীক চিন্তার মোড়কে স্বপ্ন পূরণের অঙ্গীকার। স্বপ্নসিঁড়ির যাত্রাপথে শহরতলির অভিশপ্ত নগরী আমার আবাসস্থল। ইট-পাথরের শহর গলিপথে অসহায়ত্বের শান্তিনিকেতনে আমার দিবালয় মিশনারি হাসপাতাল।    সমুদ্রের কিনারে সূর্যাস্তে ঢলে পড়া ক্লান্ত সন্ধ্যায় মুঠোফোনের ওপাশ থেকে এক শুভেচ্ছা বার্তা। এই তো এখানে জায়গা আছে। হৃদয়ের সুপ্ত গভীরতায় যে স্বপ্ন বুনেছিলাম, তার প্রতিটি অপেক্ষা পূরণের ব্যাকুলতায় সীমাহীন আনন্দ অভিমান।    পাখিডাকা ভোরের উষ্ণ শীতলতায় ওয়ান জিরো ফোর অপারেশন থিয়েটার। হাসপাতালের প্রতিটি ইট, ধূলিকণা যেন এক নির্বাক বাঁচার আকুতি। কিছু মুহূর্তে হারিয়ে গিয়েছিলাম বিষাদ সিন্ধুর একাকিত্বে। হঠাৎ দরজায় কড়া নেড়ে রুক্ষ মূর্তি হয়ে দাঁড়িয়ে এক জীবন্ত সেবিকা। বিষণ্ন বাতাসে মৃদু হেসে বলিয়া উঠিল, “তোমার ডিউটি ওয়ান জিরো ফোর অপারেশন থিয়েটার রুম।”   বেস্ট রঙের যুগলবন্দী পোশাকের ঘ্রাণের মাধুর্যতা আমার শরীরের প্রতিটি শিরা-উপশিরায় বহমান। মুহূর্তেই এক দুঃখবিলাসী জীবনের কাতরতায় অভাগীর অনুপ্রবেশ।   বাঁচার আকুতি এবং সেবা গ্রহণের প্রতীক্ষায়। আগ্রহ বাড়িয়ে হৃদয়স্পর্শী সেবা দানে সমাপ্ত হইল তাহার নিকট আমার প্রথম সেবার আত্মনিবেদন।    

উপসম্পাদকীয়

View more
বাংলাদেশে অলাভজনক সংস্থা, ফাউন্ডেশন ও ট্রাস্ট রেজিস্ট্রেশনে করণীয়

একটি কল্যাণমুখী ও উন্নত সমাজ গঠনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং সামাজিক মানবাধিকার নিশ্চিতকরণে অলাভজনক সংস্থা (Non-Profit Organizations) ও ট্রাস্টগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে যেকোনো সামাজিক, দাতব্য বা কল্যাণমূলক উদ্যোগকে দীর্ঘ মেয়াদে টেকসই, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এর আইনি ভিত্তি মজবুত করা আবশ্যক। বাংলাদেশে অলাভজনক প্রতিষ্ঠান গঠনের একাধিক আইনি পথ রয়েছে। উদ্যোক্তা ও উদ্যমী সমাজসেবীদের জন্য এই আইনি প্রক্রিয়া, নিবন্ধন পদ্ধতি এবং পরবর্তী কমপ্লায়েন্স সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি।   বাংলাদেশে মূলত তিনটি ভিন্ন আইনি কাঠামোর অধীনে অলাভজনক ও সামাজিক সংস্থা গঠন ও পরিচালনা করা হয়ে থাকে। যেমন : ১. যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (RJSC) অধীনে নিবন্ধিত সোসাইটি ও ফাউন্ডেশন : বাংলাদেশে সমাজসেবামূলক ও অলাভজনক সংস্থা গঠনের সবচেয়ে গ্রহণযোগ্য ও আধুনিক মাধ্যম হলো Societies Registration Act, 1860-এর অধীনে নিবন্ধন নেওয়া।   গঠন প্রক্রিয়া : ন্যূনতম ৭ জন সাধারণ সদস্য একত্র হয়ে স্মারক (Memorandum of Association) ও নিয়মাবলি (Rules & Regulations) চূড়ান্ত করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (RJSC) আবেদন করতে পারেন।   গতিশীলতা ও সুবিধা : প্রয়োজনীয় কাগজপত্র, গঠনতন্ত্র ও জাতীয় পরিচয়পত্র সঠিকভাবে প্রস্তুত থাকলে খুব স্বল্প সময়ে (সঠিকভাবে প্রসেস করলে মাত্র ৫ কর্মদিবসের মধ্যে) এর প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা সম্ভব। এই নিবন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি পৃথক আইনি সত্তা (Legal Entity) হিসেবে আত্মপ্রকাশ করে, যা নিজস্ব নামে স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন, ব্যাংকিং লেনদেন পরিচালনা এবং দেশি-বিদেশি অনুদান গ্রহণের সুযোগ সৃষ্টি করে।   ২. রেজিস্ট্রি অফিসের অধীনে নিবন্ধিত ট্রাস্ট (Trust) : কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি তাঁদের কোনো নির্দিষ্ট সম্পত্তি, তহবিল বা অর্থকে স্থায়ীভাবে সামাজিক বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গ করতে চান, তবে ট্রাস্ট গঠন করা সবচেয়ে উত্তম উপায়।   গঠন প্রক্রিয়া : Trust Act, 1882-এর অধীনে একটি সুনির্দিষ্ট ট্রাস্ট ডিড (Trust Deed) তৈরি করতে হয়। এই ডিডে ট্রাস্টের লক্ষ্য, মূলধন পরিচালনা, ট্রাস্টি বোর্ডের ক্ষমতা ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ থাকে।   নিবন্ধন : ড্রাফটকৃত ট্রাস্ট ডিডটি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে স্থানীয় রেজিস্ট্রেশন আইনের অধীনে নিবন্ধিত করতে হয়। স্থায়ী মেমোরিয়াল ফান্ড, শিক্ষাবৃত্তি বা হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে ট্রাস্ট ব্যবস্থা অত্যন্ত কার্যকর।   ৩. কোম্পানি আইনের অধীনে অলাভজনক স্মারক (Section 28 Entity) : কোম্পানি আইন, ১৯৯৪-এর ২৮ ধারা অনুযায়ী মুনাফাহীন উদ্দেশ্যে কোম্পানি গঠন করা যায়, যা সাধারণত ‘Section 28 Company’ বা প্রসঙ্গানুসারে লিমিটেড ফাউন্ডেশন নামে পরিচিত। এই প্রক্রিয়ায় শেয়ারহোল্ডাররা কোনো লভ্যাংশ (Dividend) গ্রহণ করতে পারেন না; অর্জিত সমুদয় অর্থ প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নে পুনর্বিনিয়োগ করতে হয়।     যেকোনো ফাউন্ডেশন বা ট্রাস্ট রেজিস্ট্রেশনের জন্য প্রারম্ভিকভাবে নিম্নলিখিত নথি ও তথ্যসমূহ প্রস্তুত রাখা আবশ্যক : ১. নাম ছাড়পত্র (Name Clearance) : নির্ধারিত নাম অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে মিলে যায় কি না তা যাচাই করে ছাড়পত্র গ্রহণ। ২. গঠনতন্ত্র ও স্মারক : প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্যে, পরিচালনা পর্ষদের গঠন, সাধারণ সভার নিয়মাবলি ও তহবিল ব্যবস্থাপনার স্পষ্ট ধারা সংবলিত আইনি দলিল। ৩. পাসপোর্ট সাইজ ছবি ও NID/পাসপোর্ট : প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সকল সদস্যের জাতীয় পরিচয়পত্র ও ছবি। ৪. কার্যালয়ের ঠিকানা : প্রতিষ্ঠানের অফিস বা নিবন্ধিত ঠিকানা নিশ্চিতকরণে ভাড়ার চুক্তিপত্র বা ইউটিলিটি বিলের কপি।   অনেক উদ্যোগের ক্ষেত্রে একটি ভুল ধারণা দেখা যায়—প্রতিষ্ঠান নিবন্ধিত হলেই স্বয়ংক্রিয়ভাবে আয়কর মওকুফ হয়ে যায়। বিষয়টি আসলে তা নয়।   ট্যাক্স এক্সিম্পশন সনদ : আয়কর আইন অনুযায়ী কোনো অলাভজনক প্রতিষ্ঠান বা ট্রাস্টকে করমুক্ত সুবিধা পেতে হলে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নির্দিষ্ট ধারার অধীনে আনুষ্ঠানিকভাবে আয়কর অব্যাহতি সনদ (Tax Exemption Certificate) লাভ করতে হয়।   বার্ষিক ইনকাম ট্যাক্স রিটার্ন : রেজিস্ট্রেশন পাওয়ার পর প্রতিটি অলাভজনক প্রতিষ্ঠানের জন্য কর শনাক্তকরণ নম্বর (TIN) গ্রহণ এবং প্রতিবছর নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। প্রতিষ্ঠানের বাৎসরিক আয়ের হিসাব পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (CA) ফার্ম দিয়ে অডিট করানো এবং কমপ্লায়েন্স বজায় রাখা আইনি বাধ্যবাধকতার অংশ।   একটি সমাজসেবামূলক বা অলাভজনক প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে এর প্রাথমিক আইনি দস্তাবেজ বা গঠনতন্ত্র কতটা নিখুঁতভাবে প্রণীত হয়েছে তার ওপর। অস্পষ্ট গঠনতন্ত্র বা ত্রুটিপূর্ণ স্মারকের কারণে পরবর্তী সময়ে পরিচালনাসংক্রান্ত জটিলতা, এনবিআর (NBR) বা অন্যান্য সরকারি দপ্তরের সাথে প্রশাসনিক সমস্যা তৈরি হতে পারে।   একজন অভিজ্ঞ কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টার সরাসরি পরামর্শ ও সহায়তা গ্রহণ করলে যেমন সময় বাঁচে, তেমনি প্রতিষ্ঠানের আইনি কাঠামোর প্রতিটি দিক ভবিষ্যৎ ঝুঁকিমুক্ত থাকে। প্রফেশনাল লিগ্যাল গাইডলাইনের মাধ্যমে যেকোনো জটিলতা এড়িয়ে অত্যন্ত দ্রুততার সাথে ফাউন্ডেশন, সোসাইটি বা ট্রাস্ট রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করা সম্ভব।   সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমুখী ভাবনার সঠিক বাস্তবায়নে আইনি নিবন্ধন হলো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সঠিক নিয়মে গঠিত ও নিবন্ধিত প্রতিষ্ঠান সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে দীর্ঘ মেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে। আসুন, আইনি বিধিবিধান মেনে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুসংগঠিত অলাভজনক ক্ষেত্র গড়ে তুলি।  

অক্টোবর ১৬, ২০২৬ 0

একটি জাতির আত্মঘাতী ইতিহাস : বাঙালি শিখে জেতে, নাকি জিতে শেখে

কৃষক বাঁচলে বাঁচবে দেশ : টেকসই কৃষি ও অর্থনৈতিক সমৃদ্ধির রূপরেখা

প্যাকেটজাত খাবারে পুষ্টি লেবেলিং বাস্তবায়নের প্রয়োজনীয়তা

অতিরঞ্জিত স্ট্যাটাস কনজামশন পরশ্রীকাতরতা উসকে দেয়

স্ট্যাটাস কনজামশন বা মর্জাদাভিত্তিক ভোগ কী, তা জানার আগে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন নিয়ে আলোচনা করে নিই। এখন থেকে বেশ কিছু বছর আগেও  আমরা আমাদের ঘরে তিন বেলা খাবারের বাইরে যে খাবার খেতাম, তার অধিকাংশই ছিল বাড়িতে তৈরি পিঠা, মুড়ি, মোয়া, চিড়া, চটপটি এসব। এরপর হাতে এলো পেটিস, ডেনিস, শিঙাড়া, সমুচা, মোগলাই, চকবার, হালিম, ফুচকা, ফালুদা।   তারপর এল স্যান্ডউইচ, বার্গার, পিৎজা পেরিয়ে আমরা এখন খাচ্ছি দোসা, বিফ সিজলিং, রেশমি কাবাব, জালি কাবাব, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, অন্থন। খাবারের এই যে আধুনিকায়ন হলো, এই যে বিভিন্ন ভিনদেশি খাবার আমাদের বিশেষ খাবারের তালিকায় উঠে এল, তা কীভাবে হলো? আমার দৃষ্টিতে যে কারণগুলো পড়েছে— ১. আমাদের দেশ থেকে বিত্তবানেরা বিদেশ ভ্রমণে গিয়ে শুধু হাওয়া নয়, খাওয়ার রুচিরও বদল করে আসেন। ২. রেমিট্যান্স যোদ্ধা যাঁরা প্রবাসে যান, তাঁদের একটি বড় অংশ সেখানকার হোটেল বা রেস্টুরেন্টে কাজ করেন এবং দেশে এসে বিদেশি খাবারগুলোকে দেশের মানুষের সামনে উপস্থাপন করেন। ৩. মোগল আমল থেকেই ভোজনরসিকদের চাহিদা বিবেচনায় বাইরের দেশ থেকে পাচক বা রাঁধুনি আমদানি করা হয়। আমাদের দেশে আগত বিদেশিদের খাদ্য সরবরাহের জন্য ফাইভ স্টার হোটেলগুলোতেও দেশি-বিদেশি রাঁধুনি রাখা হয়। এই যে বিশেষজ্ঞ রাঁধুনি, তাঁদের অস্থায়ী সহকারী যাঁরা থাকেন, তাঁরা চাকরিচ্যুত হলে সাবলম্বী হতেও বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে বিদেশি খাবারের হোটেল বা রেস্টুরেন্ট শুরু করেন।   মূল কথা, এই বিদেশি খাবারগুলো বিভিন্নভাবে বিত্তবানের হাত ধরেই দেশে ঢুকেছে। তারপর বিত্তবানদের হাত থেকে ক্যাসিং ঠিক রেখে ফরেন নাম নিয়ে নিম্নমানের খাবার হয়ে পথেপ্রান্তে ছড়িয়ে পড়েছে। কেন পথেপ্রান্তে? কেন নিম্নমান?   নতুন উদ্যোক্তারা অল্প মূলধন নিয়ে বিদেশি খাবারের প্রকৃত মান রেখে খাদ্য উৎপাদন করলেও তারা বিত্তবানদের রুচি মোতাবেক স্থান ম্যানেজ করতে পারে না। আবার স্থান পাওয়া গেলেও ওই পরিমাণে বিত্তবান বা রিচম্যান পাওয়া যায় না। কাজেই টার্গেট যখন রিচফুড বিক্রি করা, তখন রিচম্যান খুঁজে বের করে সেই মোতাবেক রেস্টুরেন্ট স্থাপন করতে হবে।   এই রিচফুড প্রোডাকশনের সাথে জড়িত উদ্যোক্তারা রিচফুড বিক্রির উদ্দেশ্যে প্রচারে নেমে যখন ক্রেতা আকর্ষণের চেষ্টা করে, তখন তারাই সমাজের একটি অংশকে রিচ হিসেবে সামনে তুলে নিয়ে আসে। সমাজের এই অংশ রিচ হতে বাধ্য হয়। কীভাবে বাধ্য হয়? গলির মাথায় কফিশপ ও ফাস্টফুডের ভ্যান এসে দাঁড়িয়ে পড়ছে। অর্থাৎ রিচ ফুড প্রায় গরিবের হাতের নাগালে পৌঁছে গেল। তখন গরিব তার সাধ্যের সবটুকু দিয়ে রিচ হতে চেষ্টা করছে। মূল কথা, বিত্তবানদের বিদেশি রিচ ফুডের ক্যাসিং ঠিক রেখে মানে কমিয়ে এনে গরিবের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ভ্রাম্যমাণ ফাস্টফুডের দোকান।   প্রথম প্রথম সকলে শখে খেতে থাকলেও পরে তা ট্রেন্ডে পরিণত হয়েছে। ধনী-গরিব সবাই এখন সপ্তাহে একটা দিন ফাস্টফুড না খেলে কেমন যেন জীবনে জোশ আসে না। অর্থাৎ এই ফাস্টফুড খাওয়াটা একটা স্ট্যাটাস হয়ে দাঁড়িয়েছে। বিত্তবানরা ফাইভ স্টার রেস্টুরেন্টে যাচ্ছেন, মধ্যবিত্তরা শহরের রেস্টুরেন্ট বা ধাবায় গিয়ে বসছেন, গরিবেরা ফাস্টফুড ভ্যান বা গলির মুখের কফিশপে বা হকার্স মার্কেটের ভাবির ভ্যাবাচ্যাকা বা চিকনি-চামেলি বার্গার হাটে গিয়ে বসছেন।   মানুষ ফাস্টফুড খাওয়াটাকে একটি সামাজিক মর্যাদার অবস্থায় নিয়ে গেছে। যখন একদিকে মানুষের তিন বেলা খাবারের অভাব থেকে গেছে ঠিক, সেই সময়েই আরেক পাশে এসব ফাস্টফুডের ধাবায় ক্রেতাদের লম্বা সিরিয়াল দাঁড়িয়ে গেছে। সিরিয়ালে দাঁড়িয়ে সেল্ফি তুলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। সমাজে নিজের মর্যাদা শো (উপস্থাপন) করছে। এই যে নিজের সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা দেখাতে মাঝে মাঝেই সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ বিভিন্ন শ্রেণির ফাস্টফুড বা রিচফুড ভোগ করে, এটাই মূলত স্ট্যাটাস কনজামশন। অর্থাৎ নিজ সামর্থ বা সচ্ছলতা প্রকাশে সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা রক্ষায়  বা প্রদর্শনের লক্ষ্যে আমরা যে বিশেষ বিষয়াদি ভোগ করি, সেটাকেই মূলত স্ট্যাটাস কনজামশন বলে।   ফাস্টফুড হচ্ছে স্ট্যাটাস কনজামশনের নিম্নতর উদাহরণ। এরপর আছে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ, আপডেটেড আইফোন ব্যবহার, রয়্যাল এনফিল্ড বাইক, রোলেক্স ঘড়ি, জেন্টেল পার্ক, রিচম্যান, ইনফিনিটি, ক্যাটস আই ব্র্যান্ডের পোশাক—এ রকম নানাবিধ দামি ব্র‍্যান্ড ব্যবহারের মাধ্যমে নিজের সামাজিক স্ট্যাটাস বজায় রাখা অথবা প্রদর্শন। উপর্যুক্ত জীবনাচার আলোচনায় বোঝা যায় যে, স্ট্যাটাস কনজামশন বা মর্যাদাভিত্তিক ভোগ তখনই হয়, যখন মানুষ কেবল কোনো পণ্যের কার্যকারিতা বা প্রয়োজনীয়তার জন্য তা কেনে না, বরং সমাজে নিজের সামাজিক মর্যাদা, ক্ষমতা এবং অবস্থান প্রদর্শন করার জন্য পণ্য ভোগ বা ক্রয় করে।   এখন বিষয় হলো, ফাস্টফুড পর্যন্ত স্ট্যাটাস কনজামশনে সমাজের নিম্নস্তরের মানুষও বিভিন্নভাবে অংশ নিতে পারছে, পোশাকের ক্ষেত্রেও রেপলিকা (কপি) ব্যবহার করে অংশ নিতে পারছে। আইফোন, মোটরবাইক, ল্যাপটপের রেপলিকা (কপি) নেই,  নিম্নমান নেই। এই জায়গাতে এসে মানুষে মানুষে বিভেদ বেড়ে যাচ্ছে। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর, আত্মীয়ের সাথে আত্মীয়ের, বন্ধুর সাথে বন্ধুর সামাজিক মর্যাদায় ব্যবধান ফুটে উঠছে।   যাঁরা বয়স্ক বা বুঝদার, তাঁরা নিজেদের সামলে নিচ্ছেন, ধনীদের অভিশাপ দিয়ে, সকল সচ্ছল মানুষের অর্থকে অবৈধ ও হারাম বিবেচনা করে নিজেদের সামলে নিচ্ছেন। বিপত্তিটি বাধছে কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের মধ্যে। তারা নিজের অবিভাবকের আর্থিক অবস্থা না বুঝেই বন্ধুর অতিরঞ্জিত স্ট্যাটাস কনজামশনে আকৃষ্ট হচ্ছে; চাহিদাতত্ত্ব অনুযায়ী যা তার চাহিদা হওয়ার কথা নয়, যা তার অভাব হওয়ার কথা নয়, সেই চাহিদা পূরণে তার অবিভাবক ব্যর্থ হচ্ছেন এবং সেই অভাবে তারা কাতর হয়ে নানাবিধ নেতিবাচক কাহিনিতে জড়িয়ে যাচ্ছে; হতাশ হয়ে বন্ধুর অতিরঞ্জিত ব্যয়বহুল জীবন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, অথবা তার বিলাসদ্রব্য ছিনিয়ে নিতে বন্ধুকেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। এ ছাড়া পরশ্রিকাতরতায় ভুগে নানান অনৈতিক, অসামাজিক শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। যেমন : সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, বন্ধু বন্ধুকে হত্যা করছে, চুরি-ছিনতাই বৃদ্ধি পাচ্ছে, হতাশায় ভুগে জীবনে এগিয়ে যাওয়ার শক্তি বা মনোবল হারাচ্ছে।   আমাদের এই উন্নয়নশীল দেশে সবার জীবনে একসাথে উন্নয়ন হয় না। একটি পরিবার থেকে একজনের উন্নয়ন হয়, একটি বংশ থেকে একজনের উন্নয়ন হয়, একটি গ্রাম থেকে একজনের উন্নয়ন হয়। এই একজন একই সাথে পরিবার, বংশ, গ্রামের জন্য যেমন উন্নয়নের উদাহরণ, গর্বের বস্তু, তেমনি তার অতিরঞ্জিত স্ট্যাটাস কনজামশনের কারণে সে সর্বত্র ঈর্ষার পাত্রেও পরিণত হয়। তার প্রতি নজর পড়ে, অধিক দুষ্টদের দ্বারা ক্ষতিগ্রস্তও হতে পারে। একদল যখন এই উদাহরণকে আদর্শ মেনে এগিয়ে যেতে সাহস পায়, তেমনি অন্য একটি দল পরশ্রীকাতরতায় ভুগে তাকে আক্রমণ করে পিছিয়ে দিতে চায়। এটাই চরম সত্য।   স্ট্যাটাস কনজামশন থাকবেই। এটা নতুন কিছু নয়, তবে নিজেদের আর্থিক অবস্থা, নিজের আত্মীয়স্বজন, প্রতিবেশী, আপনজনের আর্থিক অবস্থা বিবেচনা করে তার প্রকাশ হওয়া উচিত। আমার-আপনার স্ট্যাটাস কনজামশন যেন অন্যকে আহত না করে। অন্যের পরশ্রীকাতর স্বভাবকে উস্কে না দেয়। আমাদেরই সচেতন হতে হবে। যার জীবন তার উপার্জিত অর্থে চলছে, আমারটা আমার অর্থে চালাতে হবে। কাজেই অন্যের সোশ্যাল স্ট্যাটাসের সাথে মিল রাখতে গিয়ে যেন অনটনে পড়তে না হয়। এক বেলা ভালো খেয়ে বাকি দুই বেলা চাতক পাখির মতো চেয়ে থাকতে না হয়।   এক জীবনে অনেক ভোগ করার সুযোগ থাকলেও সব ভোগ করা যায় না। এক জীবনে যেটুকু নিজে জোগাড় করতে পারব তাই আমার। অন্যেরটা দেখে অভাববোধ হলেই তা অভাব নয়, সেটা পরশ্রীকাতরতা, যা জীবনের সুখ নষ্টের মূল উপকরণ। আসুন আমরা সচেতন হই, আমরা যেমন পরশ্রীকাতরতায় ভুগব না, তেমনি আমাদের অতিরঞ্জিত মর্যাদাভিত্তিক ভোগ-বিলাসিতা দেখিয়ে অন্যের পরশ্রীকাতর স্বভাবকে উস্কে দেব না, আমরা অন্যের রোষের বা ঈর্ষার শিকার হব না।  

অক্টোবর ১৩, ২০২৬ 0

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারের মান ভালো হবে কবে

‎পার্বত্য চট্টগ্রাম যেভাবে বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের প্রত্যাশা এবং নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন

শিশুর অধিকারে লেখা হয় ভবিষ্যতের বাংলাদেশ

একটি শিশুর পৃথিবী হওয়ার কথা নিরাপদ, আনন্দময় ও সম্ভাবনাময়। তার হাতে থাকার কথা বই, খেলনা ও স্বপ্ন—শ্রমের বোঝা নয়। বিদ্যালয়ের পথে থাকার কথা তার পা—ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রে নয়। অথচ বাংলাদেশের বাস্তবতায় বহু শিশুর শৈশব এখনো দারিদ্র্য, বৈষম্য, শিশুশ্রম, বাল্যবিবাহ ও সহিংসতার মতো সংকটে আটকে আছে। এ সংকট কেবল বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়; দেশের শিশুদের জীবনমান ও ভবিষ্যৎ সম্পর্কে প্রকাশিত পরিসংখ্যানও তা স্পষ্ট করে।   বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জনশুমারির ভিত্তিতে দেশে ১৮ বছরের কম বয়সী শিশুর সংখ্যা প্রায় ৫ কোটি ৮৭ লাখ—মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ। অর্থাৎ শিশুদের অধিকার নিশ্চিত করা কোনো প্রান্তিক সামাজিক উদ্যোগ নয়; এটি দেশের বিপুলসংখ্যক মানুষের বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি জাতীয় দায়িত্ব।   শিশুর অধিকার কোনো দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি তার মৌলিক অধিকার। জাতিসংঘের শিশু অধিকার সনদ শিশুদের বেঁচে থাকা, বিকাশ, সুরক্ষা ও অংশগ্রহণের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আইনে অধিকার স্বীকৃত হওয়া আর বাস্তবে সেই অধিকার ভোগ করতে পারা এক বিষয় নয়। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন—প্রতিটি শিশুর কাছে এই অধিকারগুলো কতটা পৌঁছাচ্ছে?   দারিদ্র্য শিশুর জীবনে শুধু অভাব তৈরি করে না; অনেক সময় তার শিক্ষার সুযোগ, নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্বাচনের স্বাধীনতাও সংকুচিত করে। পরিবারের আয় কমে গেলে কোনো শিশু বিদ্যালয় ছেড়ে কাজে যায়, কেউ দীর্ঘ সময় শ্রম দেয়, আবার কোনো মেয়েশিশুর ক্ষেত্রে বাল্যবিবাহকে পরিবারের সংকটের সমাধান হিসেবে বিবেচনা করা হয়।   বিবিএস ও ইউনিসেফের বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (MICS) ২০২৫ অনুযায়ী, ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ৯.২ শতাংশ শিশুশ্রমে যুক্ত। ২০১৯ সালের জরিপে এই হার ছিল ৬.৮ শতাংশ। অর্থাৎ সামগ্রিক অগ্রগতির পাশাপাশি শিশুশ্রমের ক্ষেত্রে উদ্বেগজনক অবনতি ঘটেছে। ইউনিসেফে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের জরিপের তুলনায় শিশুশ্রমে যুক্ত শিশুর সংখ্যা প্রায় ১২ লাখ বেড়েছে।   এ সংখ্যা কেবল শ্রমে যুক্ত শিশুর হিসাব নয়; এর পেছনে রয়েছে হারানো পড়াশোনা, সীমিত অবসর, স্বাস্থ্যঝুঁকি এবং স্বপ্ন বাস্তবায়নের সংকুচিত সুযোগ। তাই শিশুশ্রম প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র পরিবারের জন্য কার্যকর সামাজিক সুরক্ষা, পরিবারের আয় বৃদ্ধির সুযোগ এবং মানসম্মত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।   একটি শিশুর বেড়ে ওঠার সময়টি তার শিক্ষা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনের গুরুত্বপূর্ণ পর্যায়। অথচ বাল্যবিবাহ অনেক মেয়েশিশুকে সেই সময়ের আগেই প্রাপ্তবয়স্ক জীবনের দায়িত্বে ঠেলে দেয়। এর প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না; শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক অংশগ্রহণেও দীর্ঘমেয়াদি বাধা তৈরি করতে পারে।   MICS ২০২৫-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭.২ শতাংশের বিয়ে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই হয়েছিল। ২০১৯ সালে এই হার ছিল ৫১.৪ শতাংশ। অর্থাৎ কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু প্রায় অর্ধেক তরুণীর বাল্যবিবাহের অভিজ্ঞতা এখনো বাস্তবতার একটি বড় অংশ।   বাল্যবিবাহ প্রতিরোধে শুধু আইন বা সচেতনতামূলক প্রচার যথেষ্ট নয়। মেয়েশিশুর বিদ্যালয়ে থাকা, নিরাপদ পরিবেশ, পরিবারের অর্থনৈতিক সক্ষমতা এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার সুযোগ নিশ্চিত করাও জরুরি।   শিক্ষা শিশুর অধিকার; কিন্তু বিদ্যালয়ে ভর্তি হওয়াই শিক্ষার পূর্ণ নিশ্চয়তা নয়। শিশু সেখানে থাকছে কি না, কী শিখছে এবং তার শেখার পরিবেশ কতটা নিরাপদ—এসব প্রশ্নও সমান গুরুত্বপূর্ণ।   ইউনিসেফের MICS ২০২৫-ভিত্তিক বাংলাদেশবিষয়ক তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে মাত্র ৫০.২ শতাংশের মৌলিক পাঠদক্ষতা এবং ৩৯.২ শতাংশের মৌলিক গণনাদক্ষতা রয়েছে। একই তথ্যসূত্রে প্রাথমিক স্তরের সমাপনী হার ৮৩.৭ শতাংশ, নিম্নমাধ্যমিক স্তরে ৬৯.৩ শতাংশ এবং উচ্চমাধ্যমিক স্তরে ৪৩.৯ শতাংশ দেখানো হয়েছে।   এই পরিসংখ্যান দুটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনে। সব শিশু বিদ্যালয়ে গেলেও প্রত্যাশিত দক্ষতা অর্জন করছে না, আর শিক্ষার উচ্চতর স্তরে পৌঁছানোর পথে অনেকেই পিছিয়ে পড়ছে। তাই শিক্ষানীতির লক্ষ্য শুধু ভর্তি বাড়ানো নয়; শেখার মান উন্নত করা, ঝরে পড়া কমানো এবং মেয়েশিশু, প্রতিবন্ধী শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করাও হতে হবে।   শিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা পরিবার, বিদ্যালয়, কর্মক্ষেত্র, অনলাইন প্ল্যাটফর্ম ও সমাজের প্রতিটি স্তরের দায়িত্ব। কিন্তু ঘরকেও সব সময় শিশুর জন্য নিরাপদ বলা যাচ্ছে না।   MICS ২০২৫-এর তথ্য অনুযায়ী, ১ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৮৫.৭ শতাংশ জরিপের আগের এক মাসে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের কাছ থেকে শারীরিক শাস্তি অথবা মানসিক আগ্রাসনের শিকার হয়েছে। ২০১৯ সালের জরিপে এই হার ছিল ৮৮.৮ শতাংশ। হার কিছুটা কমলেও বিপুলসংখ্যক শিশুর জীবনে সহিংস শাসন এখনো উদ্বেগজনক বাস্তবতা।   শারীরিক শাস্তি, নির্যাতন, বুলিং ও অনলাইন হয়রানি শিশুর আত্মবিশ্বাস, মানসিক সুস্থতা এবং অন্যের ওপর আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেক শিশু ভয়, সামাজিক চাপ কিংবা পরিবারের প্রতিক্রিয়ার আশঙ্কায় নির্যাতনের কথা প্রকাশও করতে পারে না।   তাই শিশুকে শুধু অভিযোগ জানাতে উৎসাহিত করলেই দায়িত্ব শেষ হয় না। এমন ব্যবস্থা প্রয়োজন, যেখানে তার বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনা হবে, গোপনীয়তা রক্ষা করা হবে এবং অভিযোগের কারণে তাকে দোষারোপ বা আরও ঝুঁকির মুখে পড়তে হবে না।   একটি শিশুর অধিকার নিশ্চিত করার প্রথম ধাপগুলোর একটি হলো তার আইনগত পরিচয় প্রতিষ্ঠা করা। জন্মনিবন্ধন শুধু একটি সনদ নয়; এটি পরিচয়ের প্রমাণ এবং বিভিন্ন সেবা ও অধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ভিত্তি।   MICS ২০২৫ অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৫৯.২ শতাংশের জন্ম নিবন্ধন রয়েছে। অর্থাৎ উল্লেখযোগ্যসংখ্যক শিশুর জন্ম এখনো সরকারি নিবন্ধনের আওতায় আসেনি। এই ব্যবধান কমাতে জন্মনিবন্ধন প্রক্রিয়াকে সহজ, সহজলভ্য এবং প্রত্যন্ত ও প্রান্তিক পরিবারের জন্য কার্যকর করতে হবে।   একই সঙ্গে শিশুদের মতামত শোনার সংস্কৃতি গড়ে তোলাও জরুরি। বয়স কম বলে কোনো শিশুর বক্তব্যকে গুরুত্বহীন মনে করা উচিত নয়। পরিবার, বিদ্যালয় ও সমাজে বয়স ও পরিপক্বতার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মতামত প্রকাশ এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ দিতে হবে। শিশু শুধু সুরক্ষার প্রয়োজনীয় একজন মানুষ নয়; সে অধিকারসম্পন্ন নাগরিক। শিশুর অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের পাশাপাশি পরিবার, বিদ্যালয়, গণমাধ্যম, স্থানীয় প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও প্রত্যেক নাগরিকের।   সরকারকে আইন ও নীতির কার্যকর বাস্তবায়ন, পর্যাপ্ত সামাজিক সুরক্ষা এবং মানসম্মত জনসেবা নিশ্চিত করতে হবে। পরিবারকে শিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য থেকে মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। বিদ্যালয়কে হতে হবে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক। গণমাধ্যমকে শিশুকে উপস্থাপনের ক্ষেত্রে তার মর্যাদা, গোপনীয়তা ও সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দিতে হবে।   ডিজিটাল জগতেও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ইন্টারনেট শিক্ষার নতুন সুযোগ তৈরি করেছে, কিন্তু একই সঙ্গে সাইবার বুলিং, প্রতারণা, হয়রানি ও ক্ষতিকর কনটেন্টের ঝুঁকিও বাড়িয়েছে। তাই শিশুদের ডিজিটাল দক্ষতা শেখানোর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে তুলতে হবে।   বাংলাদেশের শিশুদের বিষয়ে প্রকাশিত পরিসংখ্যান একদিকে অগ্রগতির চিহ্ন দেখায়, অন্যদিকে স্পষ্ট করে যে কাজ এখনো অনেক বাকি। বাল্যবিবাহের হার কমেছে, কিন্তু এখনো প্রায় অর্ধেক তরুণীর বিয়ে ১৮ বছরের আগে হয়েছে। একই সময়ে শিশুশ্রমের হার বেড়েছে এবং ঘরে সহিংস শাসনের অভিজ্ঞতা এখনো ব্যাপক। এই পরিসংখ্যানগুলোকে কেবল প্রতিবেদনের সংখ্যা হিসেবে দেখলে চলবে না; প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি শিশুর জীবন, সম্ভাবনা ও ভবিষ্যৎ।   একটি দেশের উন্নয়ন শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে পরিমাপ করা যায় না। সেই দেশের শিশুরা কতটা নিরাপদ, কতটা সুস্থ, কতটা শিখছে এবং কতটা মর্যাদার সঙ্গে বেড়ে উঠছে—তাও উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক।   আমাদের প্রতিশ্রুতি হওয়া উচিত এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো শিশুর ভবিষ্যৎ তার জন্মস্থান, পরিবারের আয়, লিঙ্গ, প্রতিবন্ধিতা কিংবা সামাজিক পরিচয়ের কারণে সীমাবদ্ধ হবে না। শিশুর অধিকার রক্ষা কোনো একক প্রকল্পের লক্ষ্য নয়; এটি ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের পূর্বশর্ত।   প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করা মানে শুধু একটি শিশুকে রক্ষা করা নয়—একটি প্রজন্মের সম্ভাবনাকে রক্ষা করা।   

অক্টোবর ১০, ২০২৬ 0

দক্ষিণ চীন সাগর : বাণিজ্য ও ভূরাজনীতির কেন্দ্রবিন্দু

গ্রিন ইকোনমি : টেকসই উন্নয়নের নতুন দিগন্ত

দুর্নীতির বিরুদ্ধে অভিযান যথেষ্ট নয়, বদলাতে হবে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা

সংশ্লিষ্ট খবর

উপসম্পাদকীয়

বাংলাদেশে অলাভজনক সংস্থা, ফাউন্ডেশন ও ট্রাস্ট রেজিস্ট্রেশনে করণীয়

অক্টোবর ১৬, ২০২৬ 0